খুলনায় চাঁদাবাজদের হুমকি ও গুলিবর্ষণের ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দেওয়ার পর বন্ধ করে দেওয়া হয়েছিল নগরীর পালংকি রেস্টুরেন্ট। পুলিশের নিরাপত্তার আশ্বাসে সেটি আবার চালু করা হলেও কয়েক ঘণ্টার মধ্যে রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। একই দিনে নগরীর আরও দুটি এলাকায় গুলির ঘটনা ঘটেছে। এতে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল ৩টা ১১ মিনিটে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার গাজী মেডিক্যাল কলেজের সামনে অবস্থিত পালংকি রেস্টুরেন্টে গুলির ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলি রেস্টুরেন্টের কাচ ভেদ করে বেরিয়ে গেলেও কেউ হতাহত হননি।
রেস্টুরেন্টটির মালিক আশিকুর রহমান আশিক জানান, সোমবার রাতে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দেওয়ার পর তিনি প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন। পরদিন মঙ্গলবার সকালে পুলিশ নিরাপত্তার আশ্বাস দিয়ে রেস্টুরেন্টটি খুলে দেয়। কর্মীদেরও কাজে ফিরতে বলা হয়। কিন্তু চালুর কয়েক ঘণ্টার মধ্যেই আবার হামলার শিকার হয় প্রতিষ্ঠানটি।
পুলিশের আশ্বাসের পরও ঠেকানো যায়নি গুলি
রেস্টুরেন্ট মালিকের অভিযোগ, ‘বি’ কোম্পানির সদস্য পরিচয়ে কয়েকজন ব্যক্তি প্রতিষ্ঠানটি চালুর পর থেকেই ফোন করে চাঁদা দাবি করে আসছিল। সর্বশেষ সোমবার রাতে খুলনার পরিচিত সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাহিনীর পরিচয়ে ৩০ লাখ টাকা দাবি করা হয়। এত টাকা দিতে অস্বীকৃতি জানালে রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
মালিকের ভাষ্য অনুযায়ী, গত এক মাসে চাঁদাবাজির হুমকির কারণে প্রায় ১৫ দিন রেস্টুরেন্ট বন্ধ রাখতে হয়েছে।
মঙ্গলবার পুলিশের আশ্বাসে প্রতিষ্ঠানটি চালু করার পর গুলির ঘটনার কিছুক্ষণ পর আবার ফোন করে হুমকি দেওয়া হয়। ফোনে বলা হয়, রেস্টুরেন্টে গুলি করা হয়েছে, এবার মালিককে লক্ষ্য করে গুলি করা হবে।
এ ঘটনায় মালিক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। রেস্টুরেন্টটির নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
একই দিনে আরও দুটি গুলির ঘটনা
পালংকি রেস্টুরেন্টে হামলার কয়েক ঘণ্টা আগে খুলনার লবণচরা ও সদর থানা এলাকায় আরও দুটি গুলির ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে লবণচরা থানার মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে পরিবহন ব্যবসায়ী মো. টুটুলের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে বাড়ির একটি কক্ষের জানালার কাচ ভেঙে যায়। তবে কেউ আহত হননি।
টুটুলের এক স্বজনের দাবি, কয়েক দিন আগে তাঁর হোয়াটসঅ্যাপে নূর আজীম বাহিনীর ছবি পাঠিয়ে চাঁদা দাবি করা হয়েছিল। বিষয়টি গুরুত্ব না দেওয়ার পর মঙ্গলবার তাঁর শোবার ঘরের জানালা লক্ষ্য করে গুলি চালানো হয়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ক্যামেরা না থাকায় হামলাকারীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তবে জড়িতদের গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।
এর আগে সকালে নগরীর সদর থানা এলাকার ২২ নম্বর ওয়ার্ডের বেলায়েত হোসেন সড়কে মাছ ব্যবসায়ী মোস্তফাকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানিয়েছেন, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
আগের হামলার রেশ কাটেনি
খুলনায় ধারাবাহিক গুলির ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হলেও এর আগেও নগরীতে এ ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে।
গত ১৭ নভেম্বর রাতে যৌথ বাহিনীর মহড়া চলার মধ্যেই আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন ঘের ব্যবসায়ী সোলায়মান ফকির ওরফে সোলাই। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় আরও একটি গুলি ছুড়লে তাতে আহত হন ভ্যানচালক খালেক।
এক সপ্তাহের ব্যবধানে নতুন করে এক দিনে তিনটি গুলির ঘটনায় নগরীর ব্যবসায়ী ও বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা, পুলিশের আশ্বাসের পরও হামলা এবং একের পর এক প্রাণনাশের হুমকি খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর চাপ বাড়াচ্ছে।











