বাল্যবিবাহ প্রতিরোধে নারী ও পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণের সুপারিশ করেছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। একই সঙ্গে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ১৯ ধারা বাতিলসহ আইনটির ছয়টি গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব দিয়েছে সংস্থা দুটি। তাদের মতে, বিদ্যমান আইনের কিছু দুর্বলতা এবং বাস্তবায়নের সীমাবদ্ধতার কারণে বাল্যবিবাহের শিকার শিশুদের আইনি সুরক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় সংবাদমাধ্যমের জ্যেষ্ঠ সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব সুপারিশ তুলে ধরা হয়। আগামী ২৭ নভেম্বর আন্তর্জাতিক বাল্য, অল্প বয়সে ও জোরপূর্বক বিয়ে বন্ধ দিবস সামনে রেখে আইন সংস্কার এবং বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে এ সভার আয়োজন করে ইউএনএফপিএ।
সভায় সংস্থা দুটির যৌথ আইনি পর্যালোচনায় উঠে আসা বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরা হয়। এতে বলা হয়, বাল্যবিবাহের শিকার কোনো মেয়ের বিয়ে সরাসরি বাতিল করার সুযোগ বিদ্যমান আইনে নেই। এ ক্ষেত্রে ব্যক্তিগত আইনের ওপর নির্ভর করতে হয়, যেখানে অনেক সময় আইনি প্রতিকার সীমিত কিংবা অনুপস্থিত।
এ ছাড়া জন্ম ও বিয়ে নিবন্ধন ব্যবস্থার দুর্বলতা, জাল জন্মসনদ ব্যবহার, হলফনামার মাধ্যমে বিয়ে, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির নিষ্ক্রিয়তা এবং এ ধরনের ঘটনায় মামলা দায়েরের স্বল্পতাও আইন বাস্তবায়নের বড় বাধা হিসেবে চিহ্নিত হয়েছে।
আইন সংস্কারে ছয়টি সুপারিশ
ইউএনএফপিএ ও ইউনিসেফের যৌথ সুপারিশে বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা বাতিল করে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে।
পাশাপাশি বাল্যবিবাহকে সংশ্লিষ্ট শিশুর ইচ্ছায় বাতিলযোগ্য করার বিধান যুক্ত করা, বাল্যবিবাহের ঘটনায় শিশুদের অপরাধের দায় থেকে অব্যাহতি দেওয়া এবং অভিযোগ দায়েরের সময়সীমা বাড়িয়ে ছয় বছর করার সুপারিশ করা হয়েছে। এ ধরনের মামলা পরিচালনায় আদালতের এখতিয়ার, বিশেষ করে ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা ও ভূমিকা স্পষ্ট করার কথাও বলা হয়েছে।
বাল্যবিবাহ কমলেও বাড়ছে কিশোরী মায়ের ঝুঁকি
বাংলাদেশে বাল্যবিবাহের হার কমানোর ক্ষেত্রে অগ্রগতি থাকলেও পরিস্থিতি এখনো উদ্বেগজনক। বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০২৫-এর তথ্য অনুযায়ী, ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। ২০১৯ সালে এ হার ছিল ৫১ দশমিক ৪ শতাংশ।
অর্থাৎ কয়েক বছরে বাল্যবিবাহের হার কমেছে ৪ দশমিক ২ শতাংশ পয়েন্ট। তবে একই সময়ে ১৫ থেকে ১৯ বছর বয়সী বর্তমানে বিবাহিত কিশোরীর হার বেড়েছে। ২০১৯ সালে এ হার ছিল ৩২ দশমিক ৯ শতাংশ, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৯ শতাংশে।
এই পরিসংখ্যান বলছে, বাল্যবিবাহ কমানোর অগ্রগতি থাকলেও কিশোরীদের অল্প বয়সে বিয়ের প্রবণতা ও এর সামাজিক প্রভাব এখনো বড় উদ্বেগের বিষয়।
আইন থাকলেই হবে না, নিশ্চিত করতে হবে প্রয়োগ
বাংলাদেশে ইউএনএফপিএর প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, দেশে বাল্যবিবাহবিরোধী আইন থাকলেও মেয়েদের সুরক্ষা নিশ্চিত করতে হলে তাদের আইন সম্পর্কে জানতে হবে। পাশাপাশি বিচারব্যবস্থাকে সহজলভ্য ও জবাবদিহির আওতায় আনতে হবে।
তিনি বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন এবং বাল্যবধূদের বাস্তব পরিস্থিতি নিয়ে নির্ভুল সংবাদ পরিবেশন নীতিনির্ধারকদের আইন সংস্কারের গুরুত্ব বুঝতে সহায়তা করবে। একই সঙ্গে মেয়েদের শিক্ষা সম্পন্ন করা এবং নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আইন সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নিতে ইউএনএফপিএ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে। পাশাপাশি মেয়েদের শিক্ষায় ধরে রাখা, কিশোর-কিশোরীদের যৌন ও প্রজননস্বাস্থ্যবিষয়ক তথ্য ও সেবা পাওয়ার সুযোগ বাড়ানো এবং বাল্যবিবাহকে উৎসাহিত করে এমন সামাজিক রীতিনীতি পরিবর্তনেও কাজ করছে সংস্থাটি।
সভায় অংশ নেওয়া জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকেরা বাল্যবিবাহ নিয়ে তথ্যনির্ভর ও নৈতিক সাংবাদিকতা জোরদার করার অঙ্গীকার করেন।
আইন সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে বাল্যবিবাহের শিকার শিশুদের আইনি সুরক্ষা বাড়ানোর পাশাপাশি অপরাধ প্রতিরোধ ও বিচার পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতা দূর করার সুযোগ তৈরি হতে পারে।











