হরমোনের স্বাভাবিক কার্যক্রমে বাধা দিচ্ছে বিষাক্ত রাসায়নিক, বছরে ক্ষতি ১ লাখ কোটি ডলারের বেশি
দৈনন্দিন জীবনের প্রায় সর্বত্র ছড়িয়ে পড়া একধরনের রাসায়নিক মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি হয়ে উঠেছে। খেলনা, প্রসাধনী, পোশাক থেকে শুরু করে নির্মাণসামগ্রী—বিভিন্ন পণ্যে থাকা এসব রাসায়নিক মানুষের শরীরের হরমোনের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। এর ফলে বাড়ছে নানা রোগের ঝুঁকি, ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ এবং বিশ্ব অর্থনীতিকে বহন করতে হচ্ছে বিপুল আর্থিক বোঝা।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রকাশিত এক বিস্তৃত গবেষণা প্রতিবেদনে এসব সতর্কবার্তা দেওয়া হয়েছে। এক দশকের বেশি সময়ের গবেষণা এবং হাজার হাজার বৈজ্ঞানিক গবেষণাপত্র পর্যালোচনা করে তৈরি প্রতিবেদনে বলা হয়েছে, এন্ডোক্রাইন ডিসরাপ্টিং কেমিক্যালস বা হরমোনের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টিকারী রাসায়নিকের সংস্পর্শে আসার কারণে স্বাস্থ্য ও পরিবেশের সম্মিলিত বার্ষিক ক্ষতির পরিমাণ ১ লাখ কোটি ডলারের বেশি।
প্রতিবেদনে বলা হয়েছে, এসব রাসায়নিকের ঝুঁকি বৈশ্বিক এবং ক্রমেই বাড়ছে। অথচ বিভিন্ন দেশে এ ধরনের রাসায়নিক নিয়ন্ত্রণের নীতিমালা অসম এবং পর্যাপ্ত নয়।
শরীরের হরমোন ব্যবস্থায় কীভাবে প্রভাব ফেলে
এন্ডোক্রাইন ডিসরাপ্টিং কেমিক্যালস বা ইডিসি এমন রাসায়নিক, যা মানুষের শরীরের হরমোনের স্বাভাবিক কার্যক্রমে হস্তক্ষেপ করে। কোনো কোনো রাসায়নিক হরমোনের মতো আচরণ করে, আবার কিছু রাসায়নিক হরমোনের কার্যক্রম আটকে দেয়। ফলে শরীরের বিভিন্ন অঙ্গের বিকাশ, বৃদ্ধি ও কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।
বিসফেনল, থ্যালেটস ও প্যারাবেনস এ ধরনের রাসায়নিকের পরিচিত উদাহরণ। প্লাস্টিকজাত পণ্য, প্রসাধনী, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী, পোশাক এবং নির্মাণসামগ্রীসহ নানা পণ্যে এসব রাসায়নিক পাওয়া যায়।
গবেষকদের মতে, এসব রাসায়নিকের সঙ্গে বিভিন্ন রোগের সম্পর্কের প্রমাণ ক্রমেই শক্তিশালী হচ্ছে। বিশেষ করে স্নায়ুতন্ত্রের কিছু রোগ, শিশুদের বিকাশজনিত সমস্যা এবং প্রজননস্বাস্থ্যের ক্ষতির সঙ্গে এদের সম্পর্কের বিষয়ে শক্তিশালী প্রমাণ পাওয়া গেছে। পুরুষের শুক্রাণুর সংখ্যা কমে যাওয়ার বিষয়টিও উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
এ ছাড়া টাইপ-২ ডায়াবেটিস ও হাঁপানির মতো রোগের সঙ্গেও এসব রাসায়নিকের সম্পর্ক থাকার বিষয়ে গবেষকদের আস্থা বাড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব রোগের কিছু পরিবর্তন এত দ্রুত ঘটছে যে সেগুলোর প্রধান কারণ হিসেবে শুধু জিনগত পরিবর্তনকে দায়ী করা কঠিন।
ঝুঁকিতে পুনর্ব্যবহার ও রাসায়নিক শিল্পের শ্রমিক
ইডিসির সংস্পর্শে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন রাসায়নিক শিল্প এবং প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার খাতের শ্রমিকেরা। বিশেষ করে যেসব দেশে রাসায়নিক ব্যবস্থাপনা ও পরিবেশগত নিরাপত্তার নিয়ম দুর্বল, সেসব দেশের শ্রমিকদের ঝুঁকি বেশি।
২০২৪ সালে ইন্টারন্যাশনাল পলিউট্যান্টস এলিমিনেশন নেটওয়ার্কের এক গবেষণায় অংশগ্রহণকারীদের হাতে বিশেষ সিলিকন রিস্টব্যান্ড পরানো হয়েছিল। এসব ব্যান্ড পরিবেশে থাকা রাসায়নিক শোষণ করতে পারে।
পরীক্ষায় দেখা যায়, থাইল্যান্ড ও কেনিয়ার প্লাস্টিক বর্জ্য এবং পুনর্ব্যবহার শিল্পের শ্রমিকেরা ২০টির বেশি ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শে এসেছেন। এমনকি নিয়ন্ত্রণ দলের অংশ হিসেবে গবেষণায় যুক্ত অফিসকর্মীদের শরীরেও অন্তত ১১ ধরনের রাসায়নিকের উপস্থিতি পাওয়া যায়।
গবেষকদের মতে, বিষয়টি প্রমাণ করে যে রাসায়নিক দূষণ শুধু শিল্পকারখানার মধ্যে সীমাবদ্ধ নয়; সাধারণ কর্মপরিবেশেও এসব উপাদানের সংস্পর্শ ঘটছে।
একসঙ্গে একাধিক রাসায়নিকের প্রভাব নিয়ে উদ্বেগ
বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রায় এক হাজার ধরনের ইডিসি শনাক্ত করা হয়েছে। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, আরও অনেক রাসায়নিকের যথাযথ পরীক্ষা হয়নি। ফলে সেগুলোর স্বাস্থ্যগত প্রভাব সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা এখনো অসম্পূর্ণ।
একাধিক রাসায়নিক একই সময়ে শরীরে প্রবেশ করলে তাদের সম্মিলিত প্রভাব আরও বিপজ্জনক হতে পারে। গবেষকেরা একে সিনার্জিস্টিক প্রভাব হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ, আলাদা আলাদাভাবে রাসায়নিকগুলোর প্রভাব যতটা, একসঙ্গে শরীরে প্রবেশ করলে ক্ষতির মাত্রা তার চেয়ে বেশি হতে পারে।
অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত বিষবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফ্রেডেরিক লুশের মতে, ঠিক কোন মাত্রায় এসব রাসায়নিকের সংস্পর্শে এলে নির্দিষ্ট স্বাস্থ্যগত ক্ষতি শুরু হয়, সেটি এখনো গুরুত্বপূর্ণ অমীমাংসিত প্রশ্ন। তবে ঝুঁকি মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার জন্য আরও দেরি করা উচিত নয়।
নিয়ন্ত্রণে নীতিমালার ঘাটতি
বিভিন্ন দেশ ইতিমধ্যে কিছু ইডিসি নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে। বিশেষ করে শিশুদের পণ্য তৈরিতে ব্যবহৃত বিসফেনল-এ বা বিপিএর ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে কোন রাসায়নিক নিয়ন্ত্রণ করা প্রয়োজন এবং কতটুকু সংস্পর্শ গ্রহণযোগ্য—তা নির্ধারণ করতে গিয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলো সমস্যায় পড়ছে।
প্রতিবেদনের সহলেখক ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্টের অধ্যাপক লরা ভ্যান্ডেনবার্গের মতে, এসব রাসায়নিকের ক্ষতিকর প্রভাবের বৈজ্ঞানিক প্রমাণ এখন অত্যন্ত শক্তিশালী।
পরিবেশগত রসায়নের অবসরপ্রাপ্ত অধ্যাপক আকে বার্গম্যানও সতর্ক করে বলেছেন, অধিকাংশ ইডিসির ক্ষেত্রে নিরাপদ সংস্পর্শের মাত্রা এখনো নির্ধারিত হয়নি। কিছু রাসায়নিক অত্যন্ত কম ঘনত্বেও শরীরে প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে, আন্তর্জাতিক রাসায়নিক শিল্প সমিতি স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার পাশাপাশি বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, রাসায়নিকের ব্যবহার বন্ধ করাই একমাত্র সমাধান নয়। বরং ঝুঁকিপূর্ণ রাসায়নিক শনাক্ত করা, পণ্যে সেগুলোর ব্যবহার নিয়ন্ত্রণ, শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা জরুরি। কারণ এসব রাসায়নিকের প্রভাব শুধু ব্যক্তির স্বাস্থ্যে সীমাবদ্ধ নয়; দীর্ঘ মেয়াদে তা জনস্বাস্থ্য, পরিবেশ ও বৈশ্বিক অর্থনীতির ওপরও বড় চাপ সৃষ্টি করতে পারে।












