নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফতুল্লা ও মুন্সীগঞ্জে রাতভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় পালানোর চেষ্টাকালে রিয়াজ ওরফে ডেভিড নামে এক সন্দেহভাজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সকাল সোয়া ৯টার দিকে দ্য ডেইলি স্টারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোহাম্মদ হাসিনুজ্জামান।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন রিয়াজ ওরফে ডেভিড, তাঁর ভাই আবদুল্লাহ এবং তাঁদের সহযোগী সামাদ। এ ছাড়া বিশেষ রেসপন্স ব্যাটালিয়নের একটি দল আদর ও আজাদ নামে আরও দুজনকে গ্রেপ্তার করেছে। আবদুল্লাহকে মুন্সীগঞ্জ থেকে এবং অন্যদের ফতুল্লার দেওভোগ, নাগবাড়ী ও আশপাশের এলাকা থেকে আটক করা হয়।
পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অস্ত্র উদ্ধারের জন্য নেওয়ার সময় পালানোর চেষ্টা করলে ডেভিডের পায়ে গুলি লাগে। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
গত রোববার রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় ছুরিকাঘাতে নিহত হন ৩২ বছর বয়সী পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা। সাদাপোশাকে সহকারী উপপরিদর্শক (এএসআই) সাত্তারের সঙ্গে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে সেখানে গিয়েছিলেন তিনি। হামলার সময় সাত্তার পালিয়ে প্রাণে বাঁচেন।
এ ঘটনায় পরদিন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় আট থেকে দশজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়। তাঁদের বিরুদ্ধে কনস্টেবল আনোয়ারকে হত্যার পাশাপাশি পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এর আগে গত মে মাসে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে আবদুল্লাহও ছিলেন। তবে পরে তাঁদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়।












