ভারতে ভুল ব্যক্তিকে শনাক্ত করে হত্যা মামলায় ফাঁসানো হয়েছিল তাঁকে; দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে চার সপ্তাহের প্যারোলে মুক্তি
ভারতে ভুল পরিচয়ের কারণে হত্যা মামলায় জড়িয়ে দীর্ঘ ১৮ বছর কারাবন্দি থাকার পর চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন বাগেরহাটের মোংলার বাদল ফারাজী। মঙ্গলবার (২৫ নভেম্বর) পরিবারের কাছে হস্তান্তরের পর দীর্ঘদিনের অপেক্ষা শেষে নিজ বাড়িতে ফিরেছেন তিনি।
মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়। পরে পুলিশি পাহারায় তাঁকে বাগেরহাট জেলা কারাগারে নেওয়া হয়। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে কারা কর্তৃপক্ষ তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ তাঁকে পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেয়।
বাদল ফারাজী মোংলা পৌরসভার কুমারখালী এলাকার খালেক ফারাজীর ছেলে।
ভুল পরিচয়ে হত্যামামলায় জড়ানো
২০০৮ সালে পর্যটক ভিসায় ভারত সফরে গিয়ে পরিচয়সংক্রান্ত ভুলের কারণে বিপাকে পড়েন বাদল। দিল্লির লাজপত নগরে ৭১ বছর বয়সী নির্মলা মদনাকে হত্যার ঘটনায় তাঁকে অভিযুক্ত করা হয়। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রকৃত অভিযুক্ত বাদল সিংয়ের পরিবর্তে ভুল করে বাদল ফারাজীকে শনাক্ত করা হয়েছিল।
২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
ভারতের কারাগারে প্রায় ১০ বছর কাটান বাদল। ওই সময়ের মধ্যেই তিনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন। পরে বাংলাদেশ-ভারত বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ২০১৮ সালে তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে তিনি বাংলাদেশের কারাগারে সাজা ভোগ করছিলেন।
দুই দেশের আইনি প্রক্রিয়ায় প্যারোল
বাদল ফারাজীর মুক্তির জন্য দিল্লি হাইকোর্টে প্যারোলের আবেদন করা হয়েছিল। গত ২৯ সেপ্টেম্বর আদালত আবেদনটি অনুমোদন করেন। তবে প্যারোল বা কারাফটক থেকে সাময়িক মুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট দুই দেশের প্রচলিত আইন অনুসরণের নির্দেশ দেন আদালত।
আদালতের আদেশের পর ১ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি পাঠায়। একই বিষয়ে ১১ অক্টোবর আরেকটি স্মারকলিপি দেওয়া হয়।
এরপর ২৫ অক্টোবর বাদলের বোন আকলিমা বেগম তাঁর ভাইয়ের প্যারোলে মুক্তির আবেদন করেন। বিষয়টি আইন ও বিচার বিভাগের মতামতের জন্য পাঠানো হয়। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার পর তাঁকে চার সপ্তাহের প্যারোল মঞ্জুর করা হয়।
বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মো. মোস্তফা কামাল জানান, কাশিমপুর কারাগার থেকে পুলিশি পাহারায় বাদলকে বাগেরহাটে আনা হয়। আনুষ্ঠানিকতা শেষে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।












