দেশের কারাগারগুলোতে বন্দি রাখার সক্ষমতা ৪৫ হাজারের কিছু বেশি। অথচ সেখানে থাকতে হচ্ছে প্রায় ১ লাখ ১৭ হাজার মানুষকে। অর্থাৎ নির্ধারিত ধারণক্ষমতার আড়াই গুণেরও বেশি বন্দির চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের কারা ব্যবস্থাপনা। জায়গার সংকটের পাশাপাশি আবাসন, চিকিৎসা, স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে উঠেছে। এতে বন্দিদের মানবিক মর্যাদা, শারীরিক সুস্থতা ও মৌলিক অধিকার নিয়ে উদ্বেগ বাড়ছে।
কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ৬৮টি কারাগারে মোট বন্দি ধারণক্ষমতা ৪৫ হাজার ১৮৬ জন। কিন্তু ২৩ নভেম্বর পর্যন্ত এসব কারাগারে বন্দি ছিলেন ১ লাখ ১৬ হাজার ৯৫৬ জন। ধারণক্ষমতার অতিরিক্ত বন্দির সংখ্যা ৭১ হাজার ৭৭০। অর্থাৎ প্রতি ১০০ জনের জন্য নির্ধারিত জায়গায় গড়ে অবস্থান করছেন প্রায় ২৫৯ জন।
মোট বন্দির মধ্যে নারী ৪ হাজার ২০ জন। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি রয়েছেন ২ হাজার ৪৮৩ জন এবং ডিভিশনপ্রাপ্ত বন্দি ১৭০ জন।
রাজনৈতিক মামলায় গ্রেপ্তারে বাড়ছে চাপ
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মামলায় গ্রেপ্তারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কারাগারগুলোতে বন্দির চাপ আরও বেড়েছে। আগে থেকেই ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত বন্দি থাকায় নতুন করে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জায়গা দেওয়া এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।
এর প্রভাব পড়ছে বন্দিদের আবাসন, খাবার, চিকিৎসা, নিরাপত্তা ও দৈনন্দিন ব্যবস্থাপনায়। নির্দিষ্টসংখ্যক বন্দির জন্য তৈরি অবকাঠামোয় দ্বিগুণের বেশি মানুষ থাকায় পর্যাপ্ত জায়গা, আলো-বাতাস ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না।
চিকিৎসাসেবা নিয়ে বাড়ছে উদ্বেগ
অতিরিক্ত বন্দির চাপে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে চিকিৎসাসেবা নিয়ে। সীমিত চিকিৎসক, জনবল ও বিদ্যমান সুযোগ-সুবিধা দিয়ে এত বিপুলসংখ্যক মানুষের চিকিৎসা নিশ্চিত করা কারা কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
একই জায়গায় অতিরিক্ত মানুষের বসবাসে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে। পাশাপাশি হৃদরোগ, কিডনি রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদি অসুস্থতায় আক্রান্ত বন্দিদের নিয়মিত পর্যবেক্ষণ এবং চিকিৎসা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ে।
বিশেষ করে রাতের বেলায় কোনো বন্দি গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা দেওয়া জরুরি। হৃদরোগ, স্ট্রোক কিংবা শ্বাসকষ্টের মতো জরুরি পরিস্থিতিতে চিকিৎসা পেতে বিলম্ব হলে জীবনঝুঁকি তৈরি হতে পারে।
বিচারাধীন বন্দিদের দীর্ঘ কারাবাসও সংকটের কারণ
মানবাধিকারকর্মীদের মতে, কারাগারে অতিরিক্ত বন্দির চাপ কেবল আবাসনসংকট নয়, এটি বন্দিদের মৌলিক অধিকার ও মানবিক মর্যাদার সঙ্গে সরাসরি সম্পর্কিত। অপরাধের অভিযোগে আটক কিংবা দণ্ডিত—যে অবস্থাতেই থাকুন, প্রত্যেক বন্দির নিরাপদ আবাসন, প্রয়োজনীয় চিকিৎসা ও মানবিক পরিবেশ পাওয়ার অধিকার রয়েছে।
মানবাধিকারকর্মী আবু আহমেদ ফয়জুল কবিরের মতে, অতিরিক্ত বন্দির কারণে ব্যক্তিগত জায়গা, পর্যাপ্ত আলো-বাতাস, বিশ্রাম ও স্বাস্থ্যসম্মত পরিবেশ পাওয়ার অধিকার ব্যাহত হচ্ছে। গাদাগাদি করে বসবাসের ফলে সংক্রামক রোগের ঝুঁকি বাড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।
তিনি মনে করেন, কারাগারে আটক থাকা মানে স্বাধীনতা সীমিত হওয়া; মানবিক মর্যাদা ও মৌলিক অধিকার হারানো নয়। বিশেষ করে বিচারাধীন বন্দিদের দীর্ঘদিন কারাগারে থাকা এবং বিচারপ্রক্রিয়ায় বিলম্ব পরিস্থিতিকে আরও জটিল করছে।
শুধু নতুন কারাগার নির্মাণে সমাধান নয়
মানবাধিকারকর্মীদের মতে, বন্দির চাপ কমাতে শুধু নতুন কারাগার নির্মাণ কিংবা বিদ্যমান অবকাঠামোর সম্প্রসারণ যথেষ্ট নয়। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমানো, জামিনযোগ্য মামলায় দ্রুত জামিন নিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় কারাবাস কমাতে বিকল্প ব্যবস্থা কার্যকর করতে হবে।
কারাগারকে শুধু শাস্তি কার্যকরের জায়গা হিসেবে না দেখে সংশোধন ও পুনর্বাসনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দিতে হবে।
সাময়িকভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে কারা কর্তৃপক্ষ
কারাগারে অতিরিক্ত বন্দির চাপের বিষয়টি স্বীকার করেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর। তিনি বলেন, পরিস্থিতি সাময়িকভাবে সামাল দেওয়ার চেষ্টা করছে কারা কর্তৃপক্ষ। বিদ্যমান সুযোগ-সুবিধা ও সহায়তা কাজে লাগিয়ে বন্দিদের ব্যবস্থাপনা চালিয়ে নেওয়া হচ্ছে।
কারাগারে বন্দিমৃত্যুর ঘটনা এবং সম্ভাব্য অবহেলার বিষয়ে তিনি জানান, কোনো বন্দি মারা গেলে মৃত্যুর কারণ খতিয়ে দেখা হয়। অবহেলা বা দায়ী ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।
সব মিলিয়ে দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যা ও অবকাঠামোগত সক্ষমতার ব্যবধান এখন বড় মানবিক ও প্রশাসনিক সংকটে পরিণত হয়েছে। বন্দির সংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি আবাসন, চিকিৎসা ও জনবল বাড়ানো না গেলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। কারাগারের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বন্দিদের মৌলিক অধিকার নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।












