ইসলামি ব্যাংকগুলোর তারল্য সংকট মোকাবিলা এবং শরিয়াহসম্মত বিনিয়োগের সুযোগ বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরে ৩২ হাজার কোটি টাকার সরকারি বিনিয়োগ সুকুক ছাড়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ ব্যাংক। এ উদ্যোগের মাধ্যমে ব্যাংকগুলোর হাতে বিনিয়োগযোগ্য অর্থের ব্যবস্থাপনা সহজ করার পাশাপাশি দেশের ইসলামি অর্থায়ন বাজার সম্প্রসারণের লক্ষ্য নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬’-এ এ পরিকল্পনার কথা জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহমেদ। তিনি বলেন, ইসলামি অর্থায়নের বিকাশ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সুকুক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও ভূরাজনৈতিক বিভাজনের কারণে বিদেশি অর্থায়ন ক্রমেই ব্যয়বহুল হয়ে উঠছে। পাশাপাশি বিদেশি ঋণের সঙ্গে যুক্ত হচ্ছে কঠোর শর্ত। এমন পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ অর্থায়নের উৎস শক্তিশালী করা জরুরি বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
বৈশ্বিক সুকুক বাজারে বাংলাদেশের অংশ খুবই কম
ডেপুটি গভর্নরের দেওয়া তথ্য অনুযায়ী, বৈশ্বিক সুকুক বাজারে বাংলাদেশের অংশ মাত্র শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ। অর্থাৎ আন্তর্জাতিক ইসলামি অর্থায়ন বাজারে বাংলাদেশের অংশগ্রহণ এখনো অত্যন্ত সীমিত।
৩২ হাজার কোটি টাকার সুকুক ইস্যু করা হলে দেশের অভ্যন্তরীণ বাজারে শরিয়াহসম্মত বিনিয়োগ উপকরণের সরবরাহ বাড়বে। একই সঙ্গে ইসলামি ব্যাংকগুলো তাদের উদ্বৃত্ত অর্থ বিনিয়োগের জন্য নতুন সুযোগ পাবে। ব্যবসা ও অবকাঠামো উন্নয়নেও এ অর্থায়ন ব্যবস্থা ভূমিকা রাখতে পারে।
পাঁচ দুর্বল ইসলামি ব্যাংক একীভূত করার উদ্যোগ
ইসলামি ব্যাংকিং খাতের দীর্ঘদিনের দুর্বলতা কাটাতে সংস্কার কার্যক্রমও জোরদার করছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের স্বার্থ রক্ষা, সুশাসন নিশ্চিত এবং ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফেরাতে পাঁচটি দুর্বল ইসলামি ব্যাংক একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডেপুটি গভর্নর।
তিনি বলেন, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার পাশাপাশি সুশাসনসংক্রান্ত দুর্বলতা দূর করাই এ উদ্যোগের উদ্দেশ্য।
এ ছাড়া মালয়েশিয়া, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি স্বতন্ত্র ইসলামি ব্যাংকিং আইন প্রণয়নের কাজ চলছে।
শরিয়াহ তদারকিতে নতুন কাঠামো
ইসলামি ব্যাংকিং কার্যক্রমের তদারকি শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংকে পৃথক ইসলামি ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ এবং একটি উচ্চপর্যায়ের শরিয়াহ তদারকি কমিটি গঠন করা হয়েছে।
পাশাপাশি মুরাবাহা, বাই এবং হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মেলকের মতো ইসলামি অর্থায়ন পদ্ধতির পরিচালন নির্দেশিকা হালনাগাদ করা হচ্ছে। অভ্যন্তরীণ শরিয়াহ নিরীক্ষা ও নিয়ন্ত্রণব্যবস্থার নির্দেশিকাও সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষ পরিদর্শন কার্যক্রমও চলছে।
ডেপুটি গভর্নর স্পষ্ট করে বলেন, ইসলামি ব্যাংকিংয়ের নামে আর্থিক খাতে কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না।
বড় প্রতিষ্ঠানের বাইরে অর্থায়ন বাড়ানোর তাগিদ
ইসলামি ব্যাংকগুলোর ঋণ বিতরণে বৈচিত্র্য আনার ওপরও গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। তাঁর মতে, অল্পসংখ্যক বড় করপোরেট প্রতিষ্ঠানের মধ্যে অর্থায়ন সীমাবদ্ধ না রেখে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, কৃষি এবং গ্রামীণ ব্যবসায় বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।
বিশেষ করে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার আনুষ্ঠানিক ঋণসুবিধার বাইরে থাকা আঞ্চলিক উদ্যোক্তাদের কাছে অর্থায়ন পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা, উৎপাদনশীল খাত ও ক্ষুদ্র ব্যবসায় অর্থায়ন বাড়লে ঋণ বিতরণে অতিরিক্ত কেন্দ্রীভবনের ঝুঁকি কমবে। একই সঙ্গে স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর তদারকির মাধ্যমে ইসলামি ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী ও টেকসই করা সম্ভব হবে।












