ফেরার পর শেখ হাসিনাকে দেশের আইন ও বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে: খন্দকার আবদুল মুক্তাদির
সন্ত্রাস, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা প্রতিরোধে বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি যেকোনো ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড সম্মিলিতভাবে প্রতিরোধের আহ্বান জানান তিনি।
মঙ্গলবার সিলেট নগরের রেজিস্ট্রারি মাঠে বিএনপির গণমিছিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী। দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতা ও নাশকতার প্রতিবাদে সিলেট মহানগর ও জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।
খন্দকার আবদুল মুক্তাদির বলেন, শেখ হাসিনা বিভিন্ন সময়ে বাংলাদেশে ফিরে আসার বিষয়ে বক্তব্য দিয়েছেন। তাঁর দেশে ফেরার জন্য কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণের প্রয়োজন নেই। তিনি যেকোনো সময় দেশে ফিরতে পারেন। তবে দেশে ফিরলে তাঁকে দেশের প্রচলিত আইন ও বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে।
তিনি আরও বলেন, জনগণের ওপর নিপীড়ন ও নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন হবে।
বিএনপির নেতাকর্মীদের রাজপথে থাকার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা অতীতেও রাজপথে ছিলেন, এখনো সক্রিয় রয়েছেন। যেকোনো হুমকি ও ষড়যন্ত্র মোকাবিলায় তাঁরা প্রস্তুত। গণমিছিলের মাধ্যমে জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে চায় দল। কর্মসূচি সফল করতে তিনি নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
পাড়া-মহল্লায় সতর্ক থাকার আহ্বান
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সন্ত্রাস ও অগ্নিসংযোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সিলেটের কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পাওয়া গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
দলীয় নেতাকর্মীদের পাড়া-মহল্লা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়ে তিনি বলেন, সিলেটসহ দেশের কোথাও কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া যাবে না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বাংলাদেশে সন্ত্রাস ও নাশকতার কোনো স্থান নেই। বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো সম্মিলিতভাবে এসব কর্মকাণ্ড প্রতিরোধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। এতে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, এম এ মালিক ও অ্যাডভোকেট ইমরান আহমেদ, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক এমদাদ হোসাইন চৌধুরীসহ দলীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে রেজিস্ট্রারি মাঠ থেকে গণমিছিল শুরু হয়। নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।












