যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতিতে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি চলছে। চীন, ইউরোপীয় ইউনিয়নসহ ১৬টি অর্থনীতির ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে ওয়াশিংটন। চলতি সপ্তাহেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে। বিদেশি দেশগুলোর অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে কয়েক মাস ধরে চলা তদন্ত শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ওয়াল স্ট্রিট জার্নাল ও ব্লুমবার্গের প্রতিবেদনের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক পরিকল্পনায় ভারতও থাকতে পারে। গত ১১ মার্চ যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) যে ১৬টি অর্থনীতির বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল, ভারত ছিল সেই তালিকায়।
সুপ্রিম কোর্টের রায়ের পর নতুন শুল্কের উদ্যোগ
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হওয়া আগের শুল্কের বিকল্প ব্যবস্থা হিসেবে নতুন শুল্ক আরোপের উদ্যোগ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। তবে শুল্কের হার, কোন কোন পণ্য এর আওতায় আসবে এবং কবে থেকে কার্যকর হবে—এসব বিষয়ে এখনো চূড়ান্ত তথ্য প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার গত সপ্তাহে ব্লুমবার্গ টেলিভিশনকে জানিয়েছিলেন, তদন্ত দ্রুত শেষ করার প্রত্যাশা করছেন তিনি।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার ওপর নতুন শুল্কের হার ১৫ শতাংশ বা তার কম হতে পারে। তবে ভিয়েতনাম ও ভারতের ক্ষেত্রে শুল্কের হার তুলনামূলক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা হয়েছিল। সেই অনুযায়ী, অধিকাংশ ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার ১৮ শতাংশ নির্ধারণের কথা ছিল। অন্যদিকে চীনের ওপর অধিকাংশ দেশের তুলনায় বেশি শুল্ক আরোপ করা হতে পারে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
ভারতের বিরুদ্ধে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগ
তদন্ত শুরুর সময় ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ২০২৫ সালের বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ ৫৮ বিলিয়ন ডলার উল্লেখ করেছিল ইউএসটিআর।
সংস্থাটির অভিযোগ, ভারতে সৌরবিদ্যুৎ প্যানেল উৎপাদনের সক্ষমতা দেশটির বার্ষিক অভ্যন্তরীণ চাহিদার প্রায় তিন গুণ। এ ছাড়া পেট্রোকেমিক্যাল, ইস্পাতসহ বিভিন্ন শিল্পেও উল্লেখযোগ্য অতিরিক্ত উৎপাদন সক্ষমতা গড়ে উঠেছে।
তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। গত ১৫ এপ্রিল দেওয়া লিখিত বক্তব্যে দেশটি অভিযোগগুলোকে ভিত্তিহীন দাবি করে তদন্ত বন্ধের আহ্বান জানায়। গত ৫ থেকে ৮ মে এ বিষয়ে যুক্তরাষ্ট্রে গণশুনানিও অনুষ্ঠিত হয়।
ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ি থাকছে বাইরে
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, নতুন শুল্কের আওতা থেকে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ি বাদ থাকতে পারে। এসব পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ইতিমধ্যে জাতীয় নিরাপত্তার যুক্তিতে পৃথক শুল্ক আরোপ করেছে।
নতুন শুল্ক কার্যকর হলে গত জুলাইয়ে প্রায় ৬০টি অর্থনীতির ওপর আরোপ করা ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের সঙ্গে তা যুক্ত হতে পারে। ওই তালিকায় ভারতও রয়েছে। দেশটির পণ্যের ওপর তখন ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল।
জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের আমদানি ঠেকাতে দেশগুলো যথেষ্ট ব্যবস্থা নিয়েছে কি না, তা নিয়ে পৃথক তদন্তের পর এসব শুল্ক আরোপ করা হয়েছিল। তবে এ শুল্কের বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে আইনি চ্যালেঞ্জ রয়েছে।
সুপ্রিম কোর্টের রায়ের পর বদলাচ্ছে বাণিজ্য কৌশল
গত ২০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জরুরি ক্ষমতা ব্যবহার করে আরোপ করা শুল্ক বাতিল করে। ওই শুল্কের মধ্যে ভারতের পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্কও ছিল।
এর মধ্যে ২৬ শতাংশ ছিল পারস্পরিক শুল্ক এবং ২০২৫ সালের আগস্ট থেকে রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনার কারণে আরোপ করা হয়েছিল অতিরিক্ত ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক।
পরে দুই দেশের অন্তর্বর্তী সমঝোতায় শুল্কহার ১৮ শতাংশে নামিয়ে আনার কাঠামো নির্ধারণ করা হয়। তবে সুপ্রিম কোর্টের রায়ের মাত্র কয়েক দিন আগে এই সমঝোতা হয়েছিল।
গত ১৫ নভেম্বর ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছিলেন, প্রতিযোগী দেশগুলোর তুলনায় ভারতীয় পণ্যের জন্য কম শুল্ক দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি বাণিজ্য চুক্তি নিয়ে নিয়মিত আলোচনা চলছে।
নতুন শুল্ক আরোপের পরিকল্পনা কার্যকর হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়নসহ সংশ্লিষ্ট অর্থনীতিগুলোর বাণিজ্য সম্পর্ক নতুন করে চাপের মুখে পড়তে পারে।












