শিক্ষায় বিশেষ অবদান থাকলে শিথিল হতে পারে যোগ্যতার শর্ত, কমিটিতে অন্তত একজন নারীসহ তিন বিশিষ্ট ব্যক্তিকে অন্তর্ভুক্তির নির্দেশ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করেছে সরকার। এখন থেকে এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হতে হলে প্রার্থীকে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। তবে শিক্ষা বিস্তার ও উন্নয়নে বিশেষ অবদান রয়েছে—এমন ব্যক্তিদের ক্ষেত্রে এই যোগ্যতার শর্ত শিথিল করার সুযোগ রাখা হয়েছে।
সোমবার এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেছে। মঙ্গলবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।
নতুন নির্দেশনা ঢাকা বোর্ডসহ দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন জুনিয়র মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
সভাপতি মনোনয়নে তিনজনের নাম প্রস্তাব
পরিপত্র অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান গভর্নিং বডির সভাপতি মনোনয়নের জন্য যোগ্য তিনজন প্রার্থীর নাম ও তাঁদের জীবনবৃত্তান্ত প্রস্তাব করবেন।
মহানগর এলাকায় এসব প্রস্তাব বিভাগীয় কমিশনারের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। অন্য এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে প্রস্তাব পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রস্তাবিত ব্যক্তিদের মধ্যে থাকতে পারবেন সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষায় আগ্রহী বিশিষ্ট ব্যক্তি, সমাজকর্মী এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতারা।
প্রস্তাবিত তিনজনের মধ্য থেকে একজনকে গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনয়ন দেবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।
ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হবেন ভোটে
ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের পদ্ধতি কিছুটা আলাদা রাখা হয়েছে। কমিটির সভায় উপস্থিত নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সভাপতি নির্বাচিত হবেন।
নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ সাপেক্ষে নির্বাচিত সদস্যদের মধ্য থেকে অথবা গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনয়নের জন্য যোগ্য ব্যক্তিদের তালিকা থেকে সভাপতি নির্বাচন করা যাবে।
কমিটিতে অন্তত একজন নারী বাধ্যতামূলক
পরিপত্রে পুনর্গঠিত গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও অ্যাডহক কমিটিতে স্থানীয় তিনজন বিশিষ্ট ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে অন্তত একজন নারী থাকতে হবে।
সংশ্লিষ্ট কমিটির সভাপতি অথবা আহ্বায়ক এসব সদস্য মনোনয়নের ব্যবস্থা করবেন।
কমিটি গঠনের অন্যান্য বিষয় ২০২৪ সালের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি-সংক্রান্ত প্রবিধানমালা অনুযায়ী পরিচালিত হবে।
নতুন নির্দেশনার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সভাপতির যোগ্যতা নির্ধারণের পাশাপাশি কমিটি গঠনে স্থানীয় প্রতিনিধিত্ব ও নারীর অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।











