সাতক্ষীরা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও অনুমোদনহীন সীমান্ত পারাপার ঠেকাতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার ৫৪ কিলোমিটার সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে নজরদারি, টহল ও গোয়েন্দা তৎপরতা। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ব্যাটালিয়নের সব সদস্যকে।
মঙ্গলবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সীমান্ত নিরাপত্তা জোরদারে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় জনবল বাড়ানোর পাশাপাশি নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে বসানো হয়েছে তল্লাশিচৌকি। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি।
এ ছাড়া সীমান্ত এলাকায় সার্বক্ষণিক মোবাইল টহল পরিচালনা করছে বিজিবি। বিশেষ করে রাতের অন্ধকার ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়াতে ব্যবহার করা হচ্ছে সার্চলাইট ও তাপ শনাক্তকরণ প্রযুক্তিসম্পন্ন ড্রোন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং অনুমতি ছাড়া পারাপার প্রতিরোধে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী দ্রুত পদক্ষেপ নিতে ব্যাটালিয়নের সব সদস্যকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অননুমোদিত চলাচল নিয়ন্ত্রণে বিজিবির এই নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।












