কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ভালো মানের অ্যাসাইনমেন্ট তৈরি হলেও শিক্ষার্থীরা নিজেরা কতটা শিখছে, তা নিয়ে বাড়ছে উদ্বেগ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় শিক্ষার্থীরা আগের চেয়ে ভালো মানের অ্যাসাইনমেন্ট তৈরি করছে, বাড়ছে বাড়ির কাজের নম্বরও। কিন্তু এই সাফল্যের আড়ালে কমে যেতে পারে তাদের প্রকৃত শেখার দক্ষতা। এআই দিয়ে রচনা লেখা, গণিতের সমস্যা সমাধান কিংবা নকশা তৈরি করা সম্ভব হলেও শিক্ষার্থী নিজে কতটা বুঝেছে, তা শুধু চূড়ান্ত কাজ দেখে নির্ধারণ করা কঠিন হয়ে পড়ছে।
চীনের প্রায় ২৭ হাজার মাধ্যমিক শিক্ষার্থীর ওপর পরিচালিত একটি সাম্প্রতিক গবেষণায় বিষয়টি স্পষ্ট হয়েছে। ৩০ মাসের তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন, শিক্ষায় এআই ব্যবহারের ফলে শিক্ষার্থীদের বাড়ির কাজের নম্বর ১৮ শতাংশ বেড়েছে। কিন্তু ছয় মাসের মধ্যে মাসিক পরীক্ষায় বই না দেখে উত্তর দেওয়ার ক্ষেত্রে তাদের ফল ২০ শতাংশ কমেছে। বিশেষ করে যেসব শিক্ষার্থী নিজের কাজের পরিবর্তে এআইয়ের ওপর বেশি নির্ভর করেছে, তাদের ফলাফলে এই অবনতি বেশি দেখা গেছে।
গবেষণার ফলাফল শিক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। এআইয়ের সহায়তায় ভালো ফল করলেই যে শিক্ষার্থীর জ্ঞান ও বোঝার ক্ষমতা বেড়েছে, এমনটি নিশ্চিত নয়। বরং প্রযুক্তির সহায়তায় তৈরি উন্নতমানের কাজ অনেক সময় প্রকৃত শেখার দুর্বলতাকে আড়াল করতে পারে।
ভালো কাজ, কিন্তু দুর্বল হচ্ছে শেখার ভিত্তি
শিক্ষাপ্রতিষ্ঠানে এআই ব্যবহারের বিতর্ক সাধারণত দুটি বিষয়কে কেন্দ্র করে—শিক্ষার্থীরা প্রযুক্তির অপব্যবহার করছে কি না এবং কীভাবে এআই কার্যকরভাবে ব্যবহার করতে হবে। কিন্তু এর বাইরে আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে: শিক্ষার্থীরা আসলে কতটা শিখছে?
সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থায় সাম্প্রতিক বছরগুলোতে প্রচলিত পরীক্ষার ওপর নির্ভরতা কমিয়ে প্রকল্পভিত্তিক শিক্ষা, ব্যবহারিক কাজ এবং শিক্ষার্থীদের সামগ্রিক দক্ষতা মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মধ্যবর্তী পরীক্ষা বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও পরীক্ষার ফলের পাশাপাশি সাক্ষাৎকার ও শিক্ষার্থীদের তৈরি কাজের নমুনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
কিন্তু সমস্যা হলো, প্রকল্প, বাড়ির কাজ এবং শিক্ষার্থীদের কাজের নমুনা তৈরিতেও এখন এআই সহায়তা করতে পারে। এ অবস্থায় শুধু বেশি নম্বর পাওয়ার ভিত্তিতে শিক্ষার্থীর দক্ষতা বিচার করা কঠিন হয়ে পড়ছে।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) একটি কমিটিও গত আগস্টে সতর্ক করে বলেছিল, চ্যাটবটের অতিরিক্ত ব্যবহার শেখার একটি বিভ্রম তৈরি করতে পারে। প্রতিষ্ঠানটি এআই নিষিদ্ধ করার পরিবর্তে শিক্ষার্থীরা কী শিখছে এবং তাদের শেখার অগ্রগতি কীভাবে যাচাই করা হচ্ছে, তা নতুন করে বিবেচনার পরামর্শ দিয়েছে।
মনোবিজ্ঞানীদের মতে, শেখা এবং কোনো কাজে ভালো ফল করা এক বিষয় নয়। আজ কোনো কাজ ভালোভাবে সম্পন্ন করতে পারা মানেই পরদিন প্রযুক্তির সাহায্য ছাড়া সেটি নিজে করতে পারা নয়। দীর্ঘস্থায়ী শেখার জন্য প্রয়োজন নিজে মনে করার চেষ্টা, ব্যাখ্যা দেওয়া, ভুল করা এবং সেই ভুল সংশোধন করা। এআই যখন এসব কাজ করে দেয়, তখন শিক্ষার্থীর কাছে কাজটি সহজ মনে হয়। কিন্তু এর ফলে নিজের জ্ঞান ও দক্ষতা গড়ে ওঠার সুযোগ কমে যেতে পারে।
শিক্ষার্থীর চিন্তা ও বোঝার ক্ষমতা যাচাই জরুরি
এআইয়ের যুগে শিক্ষার্থীর শুধু তৈরি করা কাজ নয়, সেই কাজের পেছনে তার চিন্তাভাবনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াও মূল্যায়ন করা প্রয়োজন।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীকে কোনো অঙ্কের উত্তর কীভাবে বের করেছে, তা ব্যাখ্যা করতে বলতে পারেন। মাধ্যমিক পর্যায়ে কোনো প্রকল্পের পেছনে সিদ্ধান্ত নেওয়ার কারণ কিংবা নিজের সমাধানের সঙ্গে এআইয়ের তৈরি সমাধানের পার্থক্য তুলে ধরতে বলা যেতে পারে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিজেদের নকশা বা প্রকল্পের পক্ষে যুক্তি উপস্থাপন, এআইয়ের দেওয়া উত্তরের ভুল শনাক্ত এবং বাস্তব সমস্যার সমাধান করতে হবে।
সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনে এ ধরনের পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। সেখানে কম্পিউটিং বিভাগের কিছু শিক্ষার্থীকে প্রথমে নিজেরা কোনো সমস্যার সমাধান তৈরি করতে বলা হয়। পরে এআইয়ের সাহায্যে একই কাজ করে দুটি সমাধানের তুলনা করতে হয়। প্রকৌশল বিভাগের একটি মধ্যবর্তী পরীক্ষায় শিক্ষার্থীদের এআই দিয়ে তৈরি সমাধানের ভুল খুঁজে বের করতে হয়।
এ ধরনের মূল্যায়নের মাধ্যমে বোঝা যায়, শিক্ষার্থী প্রযুক্তির সাহায্য ছাড়া কী করতে পারে, এআই ব্যবহার করে কীভাবে কাজ করে এবং প্রযুক্তির দেওয়া ফলাফল কতটা সঠিকভাবে যাচাই করতে পারে।
এ ক্ষেত্রে শুধু সরাসরি সমাধান দেওয়ার ক্ষমতা নয়, সমস্যা সম্পর্কে সঠিক প্রশ্ন করার দক্ষতাকেও গুরুত্ব দিতে হবে। যেমন, দীর্ঘ সময় পানীয় গরম রাখতে পারে এমন একটি কাপ তৈরির কাজ দেওয়া হলে একজন শিক্ষার্থী সরাসরি উন্নত তাপ নিরোধক উপাদান খুঁজতে পারে। অন্য একজন প্রথমে জানতে চাইতে পারে, পানীয়টি কেন গরম রাখা প্রয়োজন এবং কার জন্য এমন কাপ তৈরি করা হচ্ছে।
দ্বিতীয় শিক্ষার্থীর এই প্রশ্ন করার প্রক্রিয়াও শেখার গুরুত্বপূর্ণ অংশ। কারণ সমস্যা বোঝা, বিকল্প সমাধান খোঁজা, বিদ্যমান পণ্যের সঙ্গে নিজের ধারণার পার্থক্য ব্যাখ্যা এবং পরীক্ষার পর প্রয়োজনীয় পরিবর্তন আনার মধ্য দিয়েই প্রকৃত দক্ষতা তৈরি হয়।
মূল্যায়নে বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব
শিক্ষার্থীদের প্রকৃত দক্ষতা যাচাইয়ে ইন্টার্নশিপ, সামাজিক উন্নয়ন প্রকল্প এবং বাস্তব প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাস্তব জীবনে কোনো গ্রাহক বা ব্যবহারকারী জানতে চাইতে পারেন, একটি নির্দিষ্ট নকশা কেন বেছে নেওয়া হয়েছে। আবার কোনো পণ্যের নমুনা বাস্তবে ব্যবহারকারীর প্রয়োজন পূরণ করতে না পারলে শিক্ষার্থীকে সেটি সংশোধন করতে হবে।
এ ধরনের পরিস্থিতিতে শিক্ষার্থী নতুন শর্তের সঙ্গে নিজের সমাধান কতটা মানিয়ে নিতে পারে, অপ্রত্যাশিত ফলাফলের ব্যাখ্যা দিতে পারে কি না এবং অন্যের আপত্তির জবাব দিতে পারে কি না, তা যাচাই করা সম্ভব।
তবে প্রতিটি অ্যাসাইনমেন্টের মৌখিক পরীক্ষা নেওয়া কিংবা শিক্ষার্থীর প্রতিটি খসড়া ও এআই ব্যবহারের তথ্য বিশ্লেষণ করা শিক্ষকদের জন্য বাস্তবসম্মত নয়। এতে কাজের চাপ বাড়বে। তাই কোন পর্যায়ে শিক্ষার্থীর প্রকৃত শেখার প্রমাণ যাচাই করা সবচেয়ে জরুরি, সে বিষয়ে শিক্ষকদের সিদ্ধান্ত নিতে হবে।
কোনো প্রকল্পের মাঝপথে সংক্ষিপ্ত ব্যাখ্যা চাওয়া, প্রযুক্তির সাহায্য ছাড়া ছোট একটি কাজ সম্পন্ন করতে দেওয়া কিংবা নতুন শর্ত যুক্ত করে আগের সমাধান পরিবর্তন করতে বলা—এসব পদ্ধতিতে শিক্ষার্থীর প্রকৃত সক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।
চাকরির বাজারেও বদলাবে দক্ষতা যাচাইয়ের পদ্ধতি
এআইয়ের প্রভাব শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে সীমাবদ্ধ নয়। চাকরির বাজারেও এর প্রভাব পড়ছে। আগে কোনো প্রার্থীর তৈরি করা পোর্টফোলিও বা কাজের নমুনা দেখে তার দক্ষতা সম্পর্কে ধারণা পাওয়া যেত। কিন্তু এখন এআইয়ের সাহায্যে তৈরি উন্নতমানের কাজ দিয়ে প্রার্থীর ব্যক্তিগত সক্ষমতা নির্ধারণ করা কঠিন হয়ে উঠছে।
এ কারণে নিয়োগদাতাদের প্রার্থীর কাজের সিদ্ধান্ত, সমস্যা সমাধানের পদ্ধতি এবং স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা যাচাইয়ে গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয় ও নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় করে এমন দক্ষতা নির্ধারণ করা প্রয়োজন, যা একজন স্নাতককে এআই ব্যবহার করে এবং প্রযুক্তির সহায়তা ছাড়াই প্রদর্শন করতে হবে।
প্রযুক্তির ব্যবহার বন্ধ করা নয়, বরং প্রযুক্তির ওপর নির্ভরতার মধ্যেও শিক্ষার্থীর নিজস্ব চিন্তা, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ধরে রাখাই এখন শিক্ষাব্যবস্থার বড় চ্যালেঞ্জ। কারণ শেষ পর্যন্ত ভালো মানের কাজ তৈরি করতে পারার চেয়ে সেই কাজের পেছনের জ্ঞান ও যুক্তি বোঝার সক্ষমতাই একজন শিক্ষার্থীর প্রকৃত অর্জন।












