ইউক্রেনের সামরিক বাহিনীকে সহায়তা দেওয়া যুক্তরাজ্যের প্রতিষ্ঠানগুলোকে রাশিয়ার সম্ভাব্য নাশকতামূলক হামলার বিষয়ে সতর্ক করেছে ব্রিটিশ নিরাপত্তা কর্তৃপক্ষ। ইউরোপের বিভিন্ন দেশে প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান ও সামরিক সরঞ্জাম সরবরাহকারী স্থাপনায় ধারাবাহিক হামলা এবং হামলার চেষ্টার পর মঙ্গলবার এ সতর্কতা জারি করা হয়। নিরাপত্তা কর্মকর্তাদের আশঙ্কা, ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার সক্ষমতা দুর্বল করতে রাশিয়া ইউরোপজুড়ে নাশকতামূলক তৎপরতা বাড়াচ্ছে।
ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই৫-এর অংশ ন্যাশনাল প্রোটেকটিভ সিকিউরিটি অথরিটি এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে এই সতর্কতা দিয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে সরাসরি বা পরোক্ষভাবে বস্তুগত সহায়তা দেওয়া প্রতিষ্ঠানগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করে নিরাপত্তা জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির মন্ত্রীরা প্রতিরক্ষা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে ব্যক্তিগতভাবে নিরাপত্তাঝুঁকি নিয়ে আলোচনা করছেন।
ইউরোপজুড়ে নাশকতার বিস্তার
সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপের প্রতিরক্ষা স্থাপনাগুলোতে রাশিয়ার নাশকতার চেষ্টা বেড়েছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। এসব তৎপরতায় অনেক ক্ষেত্রে সরাসরি রুশ এজেন্টের পরিবর্তে মধ্যস্থতাকারী বা স্থানীয় ব্যক্তিদের ব্যবহার করা হচ্ছে। অগ্নিসংযোগের মতো তুলনামূলক সহজ পদ্ধতিও এসব হামলায় ব্যবহৃত হচ্ছে।
এস্তোনিয়ার নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, গত আগস্টে ইউক্রেনকে সামরিক যান সরবরাহকারী একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের পেছনে রাশিয়ার নিরাপত্তা সংস্থার হাত ছিল। একই ধরনের আরেকটি হামলার চেষ্টা নস্যাৎ করার পর আগামী ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে সব সীমান্ত ক্রসিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এস্তোনিয়া। দ্বিতীয় হামলার লক্ষ্য ছিল আক্রমণ ও গোয়েন্দা নজরদারির কাজে ব্যবহৃত ড্রোন প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান।
এস্তোনিয়া ও লাটভিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, রুশ সামরিক গোয়েন্দা সংস্থার নির্দেশে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটজন লাটভীয় নাগরিককে আটক করা হয়েছে।
যুক্তরাজ্যেও এ ধরনের নাশকতার নজির রয়েছে। ২০২৫ সালে লন্ডনের একটি গুদামে অগ্নিসংযোগের ষড়যন্ত্রে জড়িত কয়েকজনকে আদালত দোষী সাব্যস্ত করেন। ওই গুদামে ইউক্রেনের জন্য সরবরাহ করা সামরিক সরঞ্জাম রাখা হয়েছিল। গত সেপ্টেম্বরে রুশ গোয়েন্দাদের সঙ্গে যোগসাজশ করে একটি ড্রোন কারখানায় নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে এক ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে মামলা করা হয়। চলতি মাসের শুরুতে ব্রিটিশ সামরিক ঘাঁটিতে কর্মরত এক মার্কিন সেনাকেও রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে গ্রেপ্তার করা হয়।
পোল্যান্ড, রোমানিয়া এবং ন্যাটোর অন্যান্য সদস্যদেশও মস্কোর মদদপুষ্ট একাধিক নাশকতার পরিকল্পনা নস্যাতের কথা জানিয়েছে।
অগ্নিসংযোগ থেকে গুপ্তচরবৃত্তি
প্রতিষ্ঠানগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় শুধু অগ্নিসংযোগ নয়, ভয়ভীতি প্রদর্শন, গুপ্তচরবৃত্তি এবং তথ্যপ্রচারমূলক অভিযান সম্পর্কেও সতর্ক করা হয়েছে। এসব তৎপরতার উদ্দেশ্য ইউক্রেনের প্রতি ইউরোপীয় সমর্থন দুর্বল করা এবং সংশ্লিষ্ট দেশগুলোর অভ্যন্তরে বিভাজন ও আতঙ্ক তৈরি করা।
প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে নিজেদের কার্যক্রমের প্রকাশ্য তথ্য সীমিত রাখা, কারখানা ও স্থাপনার নিরাপত্তা জোরদার করা এবং সন্দেহজনক ব্যক্তিদের নজরদারির সম্ভাব্য অবস্থান চিহ্নিত করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মীদের সন্দেহজনক আচরণ শনাক্ত করার প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের নথিভুক্ত তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে ইউরোপে পশ্চিমা কর্মকর্তাদের বিবেচনায় রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট নাশকতা ও অন্যান্য ক্ষতিকর তৎপরতার ঘটনা ২১০টির বেশি। এসব ঘটনার মধ্যে রয়েছে অগ্নিসংযোগ, নাশকতা, গুপ্তচরবৃত্তি, সাইবার হামলা এবং হত্যাচেষ্টার ঘটনা।
ইউরোপের নিরাপত্তায় নতুন উদ্বেগ
পশ্চিমা কর্মকর্তাদের মতে, এসব হামলার উদ্দেশ্য শুধু ইউক্রেনকে সহায়তা দেওয়ার অবকাঠামো ক্ষতিগ্রস্ত করা নয়; বরং ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তা সংস্থাগুলোকে তদন্তে ব্যস্ত রাখা, জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং ইউক্রেনের প্রতি রাজনৈতিক সমর্থন কমিয়ে আনা।
এ ধরনের অভিযানে যুক্ত ব্যক্তিদের অনেকেই যে রাশিয়ার হয়ে কাজ করছেন, তা শুরুতে বুঝতে পারেন না বলেও কর্মকর্তারা জানিয়েছেন। মধ্যস্থতাকারীদের ব্যবহার করে মস্কো এসব কর্মকাণ্ড পরিচালনা করছে বলে পশ্চিমা নিরাপত্তা সংস্থাগুলোর ধারণা।
গত মাসে এমআই৫-এর মহাপরিচালক কেন ম্যাককালাম শত্রুভাবাপন্ন রাষ্ট্রগুলোর হুমকি বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছিলেন। তাঁর বক্তব্যে বিশেষভাবে ইরান ও রাশিয়ার নাম উঠে আসে। তিনি বলেন, রাশিয়ার সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলো প্রচলিত যুদ্ধের সীমা অতিক্রম না করেও—কখনো সেই সীমার খুব কাছাকাছি গিয়ে—বিভিন্ন ধরনের হাইব্রিড যুদ্ধকৌশল ব্যবহার করছে।
ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে ইউরোপের প্রতিরক্ষা সরবরাহব্যবস্থা এখন সামরিক ও অর্থনৈতিক ঝুঁকির পাশাপাশি সরাসরি নিরাপত্তাঝুঁকির মুখেও পড়ছে। ব্রিটিশ সতর্কবার্তা সেই বৃহত্তর উদ্বেগেরই প্রতিফলন।












