চীনের প্রতিরক্ষা শিল্পের সঙ্গে প্রযুক্তি ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের পরিবার ও ঘনিষ্ঠ সহযোগীদের বিস্তৃত যোগাযোগের তথ্য সামনে এসেছে। এসব যোগাযোগের বেশির ভাগই পরোক্ষ হলেও এর মধ্য দিয়ে এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চীনের রাষ্ট্রীয় ও সামরিক সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের যোগসূত্র তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে এই সম্পর্কের জাল।
দ্য নিউইয়র্ক টাইমসের ২৫ নভেম্বরের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, স্বাধীন গোয়েন্দা ও করপোরেট তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান স্ট্রাইডার টেকনোলজিসের গোপন বিশ্লেষণ অনুযায়ী, অ্যালিস হুয়াংয়ের পরিবার ও সহযোগীদের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্য দিয়ে চীনা সরকারের প্রায় ৩৬০ কোটি ডলারের অর্থ প্রবাহিত হয়েছে। এসব অর্থের একটি অংশ প্রযুক্তি প্রকল্প এবং এনভিডিয়ার চিপ ব্যবহার করা ডেটা সেন্টার নির্মাণে ব্যয় হয়েছে।
তবে এসব প্রতিষ্ঠানের সঙ্গে চীনের সামরিক বাহিনীর সম্পর্ক থাকলেও এনভিডিয়ার চিপ দিয়ে পরিচালিত কম্পিউটিং সক্ষমতা সরাসরি সামরিক প্রকল্পে ব্যবহৃত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
গোয়েন্দা তদন্তের কেন্দ্রে অ্যালিস হুয়াং
অ্যালিস হুয়াং, যিনি হুয়াং লে নামেও পরিচিত, চীনা নাগরিক। গত মাসে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, মার্কিন কর্মকর্তারা তাঁকে চীনা গোয়েন্দা সংস্থার একটি সম্পদ হিসেবে বিবেচনা করছেন। তাঁদের ধারণা, তিনি চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের কাছে তথ্য সরবরাহ করতেন।
স্ট্রাইডার টেকনোলজিসের বিশ্লেষণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের করপোরেট নথি পর্যালোচনা করে দেখা গেছে, অ্যালিস, তাঁর বোন হুয়াং ইউ এবং ব্যবসায়িক সহযোগী কাং ওয়েইয়ের সঙ্গে এমন একাধিক প্রতিষ্ঠানের যোগাযোগ রয়েছে, যেগুলো এনভিডিয়ার অনুমোদিত অংশীদারদের সঙ্গে চীনের রাষ্ট্রীয় ও সামরিক প্রকল্পের সংযোগ তৈরি করেছে।
অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিড পরিচালনা করতেন। উন্নত প্রযুক্তির চিপ চীনে পাচারের অভিযোগে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তদন্তের আওতায় রয়েছে। মেগাস্পিড জানিয়েছে, অ্যালিস এখন আর প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত নন।
অন্যদিকে, সাংহাইভিত্তিক সেঞ্চুরি লিটংয়ের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠানের সঙ্গে অ্যালিসের বোন ও কাং ওয়েইয়ের উল্লেখযোগ্য বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পর্ক ছিল। সেঞ্চুরি লিটং চীনের বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং সামরিক ঠিকাদারদের কাছে কম্পিউটিং সক্ষমতা ভাড়া দেয়।
এনভিডিয়ার চিপ কীভাবে পৌঁছেছে চীনে
স্ট্রাইডারের বিশ্লেষণ অনুযায়ী, গত বছরের শেষ ভাগ থেকে চলতি বছরের শুরুর দিকে চীনের এআই অবকাঠামো সম্প্রসারণের জন্য বিপুল পরিমাণ এনভিডিয়া চিপ সরবরাহ করতে সক্ষম অল্প কয়েকটি প্রতিষ্ঠানের একটি ছিল সেঞ্চুরি লিটং।
যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণের আওতায় থাকা কতগুলো চিপ এসব ডেটা সেন্টারে ব্যবহৃত হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। স্ট্রাইডারের দাবি, অ্যালিস হুয়াং ও তাঁর আত্মীয়দের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলো চিপ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটি এনভিডিয়ার এইচ২০০ চিপ চীনা প্রতিষ্ঠানের কাছে বিক্রির লাইসেন্স আবেদনের কিছু গোপন তথ্য প্রকাশ করে। সেখানে দেখা যায়, হংকংভিত্তিক সেঞ্চুরি লিটংয়ের একটি সহযোগী প্রতিষ্ঠানের কাছে ৪০ হাজারের বেশি এইচ২০০ চিপ বিক্রির অনুমতি চেয়েছিল এনভিডিয়া।
তবে এনভিডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, কিছু লাইসেন্স পাওয়ার পরও প্রতিষ্ঠানটি চীনে এইচ২০০ চিপ পাঠানো বন্ধ করেছে। ওই নির্দিষ্ট প্রতিষ্ঠানের কাছেও তারা চিপ সরবরাহ করেনি এবং ভবিষ্যতেও করবে না।
ক্ষেপণাস্ত্র ও সামরিক প্রযুক্তির সঙ্গে পরোক্ষ সংযোগ
সেঞ্চুরি লিটংয়ের মালিকানা ও অংশীদারত্বের কাঠামোতেও চীনের প্রতিরক্ষা শিল্পের সঙ্গে সংযোগ পাওয়া গেছে।
২০২৩ সালে সাংহাইভিত্তিক জিয়াংসু লেটাল ইলেকট্রনিক সেঞ্চুরি লিটংয়ের ৯০ শতাংশ শেয়ার কিনে নেয়। পরের বছর প্রতিষ্ঠানটির সম্পূর্ণ মালিকানা তাদের হাতে আসে। লেটাল নানজিং জিনিং মাইক্রোওয়েভেরও ৮০ শতাংশের মালিক। এই প্রতিষ্ঠান রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ব্যবহৃত যন্ত্রাংশ তৈরি করে।
স্ট্রাইডারের তথ্য অনুযায়ী, জিনিংয়ের তৈরি যন্ত্রাংশ চীনের পিপলস লিবারেশন আর্মির ডিএফ সিরিজের ক্ষেপণাস্ত্র, আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং জে-২০ স্টিলথ যুদ্ধবিমানে ব্যবহৃত হয়।
সেঞ্চুরি লিটংয়ের সঙ্গে চীনের রাষ্ট্রীয় সামরিক ইলেকট্রনিকস প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিকস টেকনোলজি গ্রুপের একটি ইউনিটের ব্যবসায়িক সম্পর্কও ছিল। প্রতিষ্ঠানটি চীনের সামরিক বাহিনীর সঙ্গে কাজ করে বলে যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত।
এ ছাড়া চীনের সামরিক প্রযুক্তিতে ব্যবহৃত চিপ তৈরি করা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হাংজিন টেকনোলজিও সেঞ্চুরি লিটংয়ের অংশীদার।
ডেটা সেন্টার থেকে সামরিক সক্ষমতা বৃদ্ধির আশঙ্কা
২০২৩ সালের অক্টোবরে সেঞ্চুরি লিটং সাংহাইয়ের একটি সুপারকম্পিউটিং কেন্দ্রে এনভিডিয়ার এইচ৮০০ চিপযুক্ত সার্ভার সরবরাহ করেছিল। প্রতিষ্ঠানটি বর্তমানে চীনের রাষ্ট্রীয় বিমান ও প্রতিরক্ষা শিল্পগোষ্ঠী এভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়নার একটি সহযোগী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ৫ কোটি ৪০ লাখ ডলারের ইজারা চুক্তিতে ওই কেন্দ্রে সার্ভার পরিচালনা করছে।
শেনজেনেও প্রতিষ্ঠানটির একটি ডেটা সেন্টার রয়েছে, যা হুয়াওয়ের ক্লাউড বিভাগের জন্য নির্মিত হয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, উন্নত এআই চিপ ব্যবহার করে আরও কার্যকর ক্ষেপণাস্ত্র তৈরি, সামরিক সফটওয়্যার উন্নয়ন, সাইবার হামলার সক্ষমতা বৃদ্ধি এবং যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্প্রসারণ করতে পারে চীনের প্রতিরক্ষা শিল্প।
স্ট্রাইডার টেকনোলজিসের প্রধান নির্বাহী গ্রেগ লেভেস্কের ভাষায়, পশ্চিমা প্রযুক্তি, পুঁজি ও দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে চীন তার প্রতিরক্ষা শিল্পের ভিত্তি সম্প্রসারণ করছে।
এনভিডিয়া এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। অ্যালিস হুয়াংয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। চীনা দূতাবাসের মুখপাত্র লিউ চ্যাংও নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন।
সব মিলিয়ে অনুসন্ধানটি দেখিয়েছে, উন্নত সেমিকন্ডাক্টর প্রযুক্তি, বেসরকারি ডেটা সেন্টার, বিনিয়োগ এবং সামরিক শিল্পের মধ্যে চীনের যোগাযোগ কতটা বিস্তৃত। তবে এনভিডিয়ার চিপ সরাসরি চীনের সামরিক প্রকল্পে ব্যবহারের অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। এই অনিশ্চয়তার মধ্যেই যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ ও প্রযুক্তিগত নিরাপত্তা নিয়ে বিতর্ক আরও গভীর হচ্ছে।












