চিপনির্ভর বাজারে বেশি চাপ, দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে পতন ৫.৩ শতাংশ; জাপান ও তাইওয়ানের বাজারেও বড় ধাক্কা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে বিশ্ববাজারে যে শেয়ারবাজারের উত্থান তৈরি হয়েছিল, তাতে আবারও ছেদ পড়েছে। নতুন করে মার্কিন শুল্ক আরোপের আশঙ্কা এবং প্রযুক্তি খাতের শেয়ারে দরপতনের কারণে বুধবার এশিয়ার প্রধান পুঁজিবাজারগুলোতে বড় ধরনের পতন হয়েছে। বিশেষ করে চিপ ও প্রযুক্তিপণ্যনির্ভর বাজারগুলোতে বিক্রির চাপ ছিল বেশি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জাপান ছাড়া অন্যান্য দেশের শেয়ারবাজারের সূচক ২.৩ শতাংশ কমেছে। দক্ষিণ কোরিয়ার বাজার একপর্যায়ে ৫.৩ শতাংশ এবং তাইওয়ানের বাজার ৫.১ শতাংশ পর্যন্ত হারিয়েছে।
জাপানের নিক্কেই ২২৫ সূচকও একপর্যায়ে ২.৯ শতাংশ কমে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ সূচকের ফিউচার ০.৩ শতাংশ নিম্নমুখী ছিল।
নতুন মার্কিন শুল্কের আশঙ্কায় বিনিয়োগকারীরা সতর্ক
বাজারে দরপতনের অন্যতম কারণ যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য শুল্ক আরোপের সম্ভাবনা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ১৬টি বড় বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্তের প্রতিবেদন প্রকাশের প্রস্তুতি নিচ্ছে।
তদন্তের আওতায় রয়েছে চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদাররা। প্রতিবেদন প্রকাশের পর নতুন শুল্ক আরোপের পথ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা।
অস্ট্রেলিয়ার পেপারস্টোন গ্রুপের গবেষণা বিভাগের প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর থেকে নতুন করে শুল্কের বিষয়টি সামনে আসায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁর মতে, শুধু সংবাদ শিরোনামের ভিত্তিতে বড় অঙ্কের বিনিয়োগে যেতে চাইছেন না বাজারসংশ্লিষ্টরা।
প্রযুক্তি শেয়ারে চাপ, কমেছে এনভিডিয়ার দর
ওয়াল স্ট্রিটেও প্রযুক্তি খাতের শেয়ারে দুর্বলতা দেখা গেছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.৫ শতাংশ এবং প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট ১.৫ শতাংশ কমেছে।
তবে ছোট কোম্পানিগুলোর রাসেল ২০০০ সূচক ০.৬ শতাংশ বেড়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ বেড়েছে ০.৯ শতাংশ।
এআই প্রযুক্তির বাজারে আলোচনায় থাকা এনভিডিয়ার শেয়ার ৫.৯ শতাংশ কমেছে। অন্যদিকে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের শেয়ার কমেছে ৬.৫ শতাংশ। এর ফলে প্রতিষ্ঠানটির শেয়ারদর প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) নির্ধারিত দামের নিচে নেমে গেছে।
অন্যদিকে এআই সার্ভারের চাহিদা বৃদ্ধির কারণে ডেলের আয় ও মুনাফার পূর্বাভাস প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে। লেনদেন-পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারদর ৪.১ শতাংশ বেড়েছে।
মূল্যস্ফীতির চাপ অস্ট্রেলিয়ার বাজারেও
অস্ট্রেলিয়ার শেয়ারবাজারের প্রধান সূচক ০.৯ শতাংশ কমেছে। অক্টোবরে দেশটির ভোক্তা মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বাড়ায় বিনিয়োগকারীদের উদ্বেগ তৈরি হয়েছে।
দেশটির বার্ষিক সমন্বিত গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৩.৮ শতাংশে, যা কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। চলতি বছর ইতোমধ্যে সুদের হার ১২৫ ভিত্তি পয়েন্ট বাড়িয়েছে অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপের চাপ বাড়তে পারে।
তেল ও শিল্পধাতুর বাজারেও অস্থিরতা
পণ্যবাজারেও অস্থিরতা দেখা গেছে। এশিয়ার লেনদেনের শুরুতে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ০.৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯০.৯৭ ডলারে নেমেছে।
এর আগের দিন হরমুজ প্রণালির আশপাশে জাহাজে নতুন হামলার খবরের পর তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল।
এদিকে এআই খাতের শেয়ারবাজারের উত্থান দুর্বল হয়ে পড়ায় শিল্পধাতুর বাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। মঙ্গলবার তামা ও টিনের দাম আগের দিনের সবটুকু দরবৃদ্ধি হারিয়েছে। অ্যালুমিনিয়ামের দাম নেমেছে ১৩ মাসের সর্বনিম্ন পর্যায়ে।
ক্রিপ্টোকারেন্সির বাজারেও দরপতন হয়েছে। বিটকয়েনের দাম ১ শতাংশ কমে ৫৯ হাজার ২৫৭ ডলার এবং ইথারের দাম ১.১ শতাংশ কমে ১ হাজার ৬৬০ ডলারে নেমেছে।
সামনে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য
বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের মূল ব্যক্তিগত ভোগ ব্যয় মূল্যসূচকের (কোর পিসিই) দিকে। বুধবার প্রকাশিত হওয়ার কথা এই গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতি সূচক।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদনীতির সম্ভাব্য গতিপথ বুঝতে কোর পিসিই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে নতুন বাণিজ্য শুল্কের আশঙ্কার পাশাপাশি মূল্যস্ফীতির এই তথ্যও আগামী দিনের বৈশ্বিক পুঁজিবাজারের গতিপথ নির্ধারণে প্রভাব ফেলতে পারে।












