চীনের শেনঝু-২৪ মহাকাশযানের সফল যাত্রা, তিয়াংগংয়ে উঠছেন প্রথম বিদেশি নভোচারী; চীন-পাকিস্তান মহাকাশ সহযোগিতায় নতুন অধ্যায়
চীনের মহাকাশ কর্মসূচিতে নতুন ইতিহাস তৈরি হয়েছে। দেশটির শেনঝু-২৪ মহাকাশযানে করে প্রথমবারের মতো কোনো বিদেশি নভোচারী তিয়াংগং মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করেছেন। এই অভিযানে অংশ নেওয়া পাকিস্তানের ৪০ বছর বয়সী পাইলট মুহাম্মদ জিশান আলী চীনের নিজস্ব মহাকাশ স্টেশনে প্রবেশকারী প্রথম বিদেশি নভোচারী হতে যাচ্ছেন।
বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে উত্তর-পশ্চিম চীনের গানসু প্রদেশের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-২এফ রকেটে শেনঝু-২৪ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। সফল উৎক্ষেপণের পর মহাকাশযানটি তিয়াংগং স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করে।
জিশান আলীর সঙ্গে অভিযানে রয়েছেন চীনের মহাকাশচারী ও মিশন কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই।

পাঁচ থেকে ১০ দিনের মহাকাশ অভিযান
জিশান আলী এই অভিযানে পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন। মহাকাশ স্টেশনে অবস্থানকালে তিনি বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেবেন। সেখানে তাঁর অবস্থানের সম্ভাব্য সময় পাঁচ থেকে ১০ দিন।
এই অভিযানের জন্য আলী বেইজিংয়ে টানা সাত মাস প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণের অংশ হিসেবে তাঁকে চীনা ভাষা শেখার পাশাপাশি চীনা গান, কবিতা, ক্যালিগ্রাফি ও অন্যান্য বিষয়ে প্রস্তুতি নিতে হয়েছে।
উৎক্ষেপণের আগের দিন সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি নিজের জন্য মহাকাশে যাচ্ছি না। আমার কাঁধে পাকিস্তানের নাম বহন করছি।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই অভিযানকে ঐতিহাসিক অর্জন হিসেবে অভিহিত করেছেন। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুই দেশের বন্ধুত্ব এবার মহাকাশেও নতুন উচ্চতায় পৌঁছেছে।
চীন-পাকিস্তান মহাকাশ সহযোগিতার বিস্তার
চীন ও পাকিস্তানের মহাকাশ সহযোগিতা শুরু হয় ১৯৯০-এর দশকের গোড়ায়। এরই ধারাবাহিকতায় চীন পাকিস্তানের বিভিন্ন কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণে সহায়তা করেছে।

এবারের অভিযান দুই দেশের সহযোগিতাকে আরও বিস্তৃত করল। ভবিষ্যতে ২০২৮ সালের দিকে চীনের একটি চন্দ্র অভিযানে পাকিস্তানের তৈরি একটি রোভার পাঠানোর পরিকল্পনাও রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই সহযোগিতা পাকিস্তানের জন্য আন্তর্জাতিক মর্যাদা অর্জনের পাশাপাশি মহাকাশবিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি করবে। হংকংভিত্তিক অরবিটাল গেটওয়ে কনসাল্টিংয়ের প্রতিষ্ঠাতা ব্লেইন কারসিওর মতে, এই অভিযান পাকিস্তানের জন্য প্রযুক্তিগত জ্ঞান, কূটনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ।
চীনা নভোচারীর এক বছরের অবস্থান
শেনঝু-২৪ অভিযানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তিয়াংগং স্টেশনে চীনা নভোচারী ঝু ইয়াংঝুর অবস্থান।
শেনঝু-২৩ অভিযানের কমান্ডার ঝু সেখানে আরও এক বছর থাকবেন। মহাকাশে দীর্ঘ সময় মানুষের শরীর কীভাবে অভিযোজিত হয়, তা নিয়ে গবেষণা করবেন তিনি। ভবিষ্যতে চাঁদে মানুষ পাঠানো এবং মঙ্গল অভিযানের প্রস্তুতির জন্য এ ধরনের গবেষণা গুরুত্বপূর্ণ।

এক বছর অবস্থান শেষে ঝু মহাকাশে একটানা সবচেয়ে দীর্ঘ সময় অবস্থানকারী চীনা নভোচারীর রেকর্ড গড়বেন।
২০২২ সালের শেষ দিক থেকে চীনের নিজস্ব তিয়াংগং মহাকাশ স্টেশন পূর্ণাঙ্গভাবে পরিচালিত হচ্ছে। নভোচারীদের যাতায়াত ও দায়িত্ব হস্তান্তরের সময় স্টেশনটিতে সর্বোচ্চ ছয়জন অবস্থান করতে পারেন।
চাঁদে মানুষ পাঠানোর প্রতিযোগিতা
মহাকাশ গবেষণায় যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা ক্রমেই বিস্তৃত হচ্ছে। চীন ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য ধরে রেখেছে। পাশাপাশি ২০৩৫ সালের মধ্যে রাশিয়ার সঙ্গে যৌথভাবে চাঁদে গবেষণা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ২০২৮ সালের মধ্যে আবারও মানুষকে চাঁদে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে। ভবিষ্যতে মঙ্গল অভিযানের প্রস্তুতির অংশ হিসেবেও চাঁদে স্থায়ী উপস্থিতি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
তবে চীনের চাং’এ-৭ চন্দ্র অভিযানের উৎক্ষেপণ প্রতিকূল আবহাওয়ার কারণে পিছিয়ে গেছে।
চাঁদের সম্পদসমৃদ্ধ অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৌশলগত প্রতিযোগিতাও রয়েছে। ওয়াশিংটনের আশঙ্কা, চীন এসব অঞ্চলে আধিপত্য বিস্তারের চেষ্টা করতে পারে। বেইজিং অবশ্য এ অভিযোগ প্রত্যাখ্যান করে মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানিয়েছে।















