ড্রোন হামলা, যুদ্ধক্ষেত্রের ভিডিও ও বিপুল তথ্য ব্যবহার করে সামরিক কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করছে ইউক্রেন। মিত্রদেশের প্রতিরক্ষা কোম্পানিগুলোকেও দেওয়া হচ্ছে এসব তথ্য ব্যবহারের সুযোগ। তবে স্বয়ংক্রিয় অস্ত্রের নিয়ন্ত্রণ, দায়বদ্ধতা ও আন্তর্জাতিক আইন নিয়ে বাড়ছে উদ্বেগ।
যুদ্ধক্ষেত্রে মানুষের চোখে যে বনভূমি সম্পূর্ণ জনশূন্য মনে হয়, কৃত্রিম বুদ্ধিমত্তার চোখে সেখানেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা শত্রুসেনা। ড্রোন থেকে ধারণ করা একটি ভিডিও বিশ্লেষণ করে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি ক্ষুদ্র মানবাকৃতিকে শনাক্ত করে তার চারপাশে লাল বাক্স এঁকে দিতে পারে। এই শনাক্তকরণ সম্ভব হচ্ছে বিপুল পরিমাণ যুদ্ধক্ষেত্রের তথ্য দিয়ে এআই ব্যবস্থাকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে।
রাশিয়ার বিরুদ্ধে প্রায় পাঁচ বছরের যুদ্ধে সংগৃহীত ভিডিও, অডিও ও লিখিত তথ্যভান্ডার এখন সামরিক কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির কাজে ব্যবহার করছে ইউক্রেন। দেশটি এই তথ্যভান্ডার মিত্রদেশের প্রতিরক্ষা কোম্পানিগুলোর জন্যও উন্মুক্ত করছে। লক্ষ্য, সামরিক সহযোগিতা গভীর করার পাশাপাশি স্বয়ংক্রিয় অস্ত্রের প্রযুক্তিগত উন্নয়ন ত্বরান্বিত করা।
দ্য নিউইয়র্ক টাইমসের ২৫ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
পাঁচ লাখ নয়, ৫০ লাখের বেশি যুদ্ধের ভিডিও
ইউক্রেনের এই তথ্যভান্ডারের নাম অ্যাভেঞ্জার ল্যাবস। এতে ড্রোনের মাধ্যমে নজরদারি ও হামলার পাঁচ মিলিয়নের বেশি ভিডিও রয়েছে। এসব ভিডিওর অনেকগুলোতে দেখা যায়, ছোট আকারের ড্রোন রুশ সেনাদের অনুসরণ করছে এবং বিস্ফোরণের মাধ্যমে হামলা চালাচ্ছে।
তথ্যভান্ডারে শুধু ভিডিও সংরক্ষণ করা হয়নি। বিভিন্ন ধরনের সামরিক লক্ষ্যবস্তু শনাক্ত করার উপযোগী করে ভিডিওগুলো শ্রেণিবদ্ধ ও চিহ্নিত করা হয়েছে। যেমন শীতকালে তুষারের মধ্যে থাকা ট্যাংক, রাতের অন্ধকারে চলাচলকারী ট্রাক কিংবা তাপীয় ক্যামেরায় দৃশ্যমান বিস্ফোরিত ড্রোন।
ইউক্রেনের প্রায় ৩০টি প্রতিরক্ষা কোম্পানি ইতিমধ্যে এই তথ্যভান্ডার ব্যবহার করে এআইভিত্তিক অস্ত্র তৈরি করছে।
এখন বিদেশি কোম্পানিগুলোকেও এই সুবিধা দিতে যাচ্ছে কিয়েভ। প্রথম চুক্তির আওতায় যুক্তরাজ্যের ১২টি প্রতিরক্ষা কোম্পানি অ্যাভেঞ্জার ল্যাবসে প্রবেশাধিকার পাবে। অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা চলছে।
ইউক্রেন বিনা মূল্যে তথ্য ব্যবহারের সুযোগ দেবে। তবে শর্ত হলো, এসব তথ্য ব্যবহার করে তৈরি করা সফটওয়্যারের লাইসেন্স ইউক্রেনের সামরিক বাহিনীকে দিতে হবে।
কীভাবে তৈরি হচ্ছে স্বয়ংক্রিয় অস্ত্র
এআইনির্ভর সামরিক ড্রোন তৈরির প্রথম ধাপ হলো, সেটিকে কোন ধরনের লক্ষ্যবস্তু শনাক্ত করতে হবে তা নির্ধারণ করা। এরপর হাজার হাজার, কখনো কয়েক লাখ ছবি ও ভিডিও দিয়ে মডেলকে প্রশিক্ষণ দেওয়া হয়।
অ্যাভেঞ্জার ল্যাবসের তথ্যভান্ডার ব্যবহার করে প্রতিরক্ষা কোম্পানিগুলো একটি পৃথক ও সুরক্ষিত কম্পিউটার ব্যবস্থায় এআই মডেল প্রশিক্ষণ দিতে পারে। এ ব্যবস্থাকে বলা হয় স্যান্ডবক্স। কোম্পানিগুলো সরাসরি মূল ভিডিওগুলো দেখতে পারে না; বরং সুরক্ষিত পরিবেশে তথ্য ব্যবহার করে মডেল তৈরি করে।
প্রশিক্ষণের সময় এআই কতবার ভুল করে কোনো বস্তুকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে শনাক্ত করছে এবং কতবার প্রকৃত লক্ষ্যবস্তু শনাক্ত করতে ব্যর্থ হচ্ছে, তা পরীক্ষা করা হয়।
মডেল যথেষ্ট দক্ষ হয়ে উঠলে সেটি আকাশে উড়তে সক্ষম ড্রোন, স্থলযান কিংবা সমুদ্রযানে ব্যবহারের উপযোগী লক্ষ্যবস্তু শনাক্তকরণ ব্যবস্থায় যুক্ত করা যায়।
এর ফলে একজন সেনা নির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্বাচন করে ড্রোন পাঠাতে পারেন। ড্রোনটি এরপর নিজস্ব এআই ব্যবস্থার সাহায্যে সেই লক্ষ্যবস্তু খুঁজে বের করতে পারে।
একটি কোম্পানির নির্বাহী জানিয়েছেন, তাদের প্রশিক্ষিত এআই মডেলের ভুল শনাক্তকরণের হার ৫ শতাংশের নিচে। তবে গোপনীয়তা চুক্তির কারণে তিনি নিজের পরিচয় প্রকাশ করেননি।
সেনাসংকট ও অস্ত্রের ঘাটতি থেকে প্রযুক্তির দিকে ঝোঁক
ইউক্রেনের এই উদ্যোগের পেছনে সামরিক প্রয়োজনও রয়েছে। দেশটি সম্মুখযুদ্ধের জন্য পর্যাপ্ত সেনা সংগ্রহে সমস্যায় পড়ছে। একই সঙ্গে শহরগুলোকে রক্ষার জন্য প্রচলিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার অস্ত্রের ঘাটতিও রয়েছে।
এ অবস্থায় কম জনবল ও তুলনামূলক কম প্রচলিত অস্ত্র ব্যবহার করে যুদ্ধ পরিচালনার সক্ষমতা বাড়াতে এআইনির্ভর অস্ত্রের দিকে ঝুঁকছে কিয়েভ।
ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ, যিনি অ্যাভেঞ্জার ল্যাবস প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগে নেতৃত্ব দিয়েছিলেন, ইতিমধ্যে একটি বিনিয়োগ তহবিল গঠন করেছেন। আগামী বছর সম্পূর্ণ স্বয়ংক্রিয় এআই অস্ত্র ব্যবহারের লক্ষ্য নিয়ে কাজ করছে তহবিলটি।
যুক্তরাষ্ট্রের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান পালান্টিরের প্রধান নির্বাহী অ্যালেক্স কার্প এই তহবিলের অন্যতম প্রধান বিনিয়োগকারী।
এদিকে রাশিয়াও এআই অস্ত্র তৈরির জন্য যুদ্ধক্ষেত্রের তথ্য সংগ্রহ করছে। তবে মস্কো এসব তথ্য কীভাবে ব্যবহার করছে কিংবা ইরান, চীন ও উত্তর কোরিয়ার মতো মিত্রদের সঙ্গে ভাগাভাগি করছে কি না, তা স্পষ্ট নয়।
যুদ্ধের বাইরের বাস্তবতায় কতটা কার্যকর
ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের তথ্যভান্ডার এআই অস্ত্র তৈরিতে গুরুত্বপূর্ণ হলেও এর সীমাবদ্ধতা রয়েছে। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রুশ সামরিক সরঞ্জাম শনাক্ত করতে যে মডেল প্রশিক্ষিত হচ্ছে, মধ্যপ্রাচ্য কিংবা অন্য কোনো অঞ্চলের যুদ্ধে সেটি কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের ওয়াধওয়ানি এআই সেন্টারের জ্যেষ্ঠ গবেষক কাটেরিনা বন্ডার মনে করেন, ইউক্রেনের যুদ্ধের তথ্য অন্য অঞ্চলের সংঘাতে সরাসরি কতটা কাজে লাগবে, তা নিশ্চিত নয়।
উদাহরণ হিসেবে মধ্যপ্রাচ্যের কোনো সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা শনাক্ত করতে হলে মরুভূমির পরিবেশে নতুন ধরনের প্রশিক্ষণ প্রয়োজন হতে পারে।
আন্তর্জাতিক আইন ও দায়বদ্ধতার প্রশ্ন
স্বয়ংক্রিয় অস্ত্রের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো, কোনো ভুল হামলার দায় কে নেবে।
বর্তমানে ব্যবহৃত অধিকাংশ এআই ড্রোন হামলার আগে মানুষের মাধ্যমে লক্ষ্যবস্তু নিশ্চিত করে। তবে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই সীমিতসংখ্যক সম্পূর্ণ স্বয়ংক্রিয় বিস্ফোরক ড্রোন ব্যবহার করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাশিয়ার তৈরি এমন একটি ড্রোনের হামলায় গত জুলাইয়ে দক্ষিণ ইউক্রেনের একটি শহরে তিনজন নিহত হন।
এআই মডেলের সিদ্ধান্ত গ্রহণের অভ্যন্তরীণ প্রক্রিয়া মানুষের কাছে অনেকাংশে অস্পষ্ট। ফলে কোনো অস্ত্র ভুল লক্ষ্যবস্তুতে হামলা চালালে ঠিক কোন পর্যায়ে ত্রুটি হয়েছে, তা শনাক্ত করা কঠিন।
হিউম্যান রাইটস ওয়াচের এআই ও সংঘাতবিষয়ক বিশ্লেষক আনা বাচ্চিয়ারেল্লির মতে, এআইয়ের এই অস্বচ্ছতা স্বয়ংক্রিয় অস্ত্রের ক্ষেত্রে দায়বদ্ধতা নিশ্চিত করার পথ কঠিন করে তোলে।
আরেকটি উদ্বেগ হলো, ইউক্রেনের তথ্য ব্যবহারের লাইসেন্স চুক্তিতে মানবাধিকারবিষয়ক কোনো বিশেষ শর্ত নেই। ইউক্রেন সরকার বলছে, সরকার-টু-সরকার চুক্তির আওতায় তথ্য ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর দায়িত্ব তাদের সামরিক বাহিনী জেনেভা কনভেনশনসহ আন্তর্জাতিক চুক্তি মেনে চলছে কি না, তা নিশ্চিত করা।
কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে স্বয়ংক্রিয় প্রাণঘাতী অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে এখনো কোনো ঐকমত্য তৈরি হয়নি। শনিবার জাতিসংঘের একটি সম্মেলন বাধ্যতামূলক নিয়ন্ত্রণ বা নিষেধাজ্ঞার বিষয়ে চুক্তি ছাড়াই শেষ হয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া বাধ্যতামূলক বিধিনিষেধের বিরোধিতা করেছে।
নোবেল শান্তি পুরস্কারজয়ী ও কিয়েভের সেন্টার ফর সিভিল লিবার্টিজের পরিচালক ওলেক্সান্দ্রা মাতভিয়িচুকের মতে, রোম সংবিধি অনুমোদনকারী দেশগুলোর যুদ্ধাপরাধে অভিযুক্ত সামরিক কর্মকর্তাদের বিচারের আওতায় আনার আন্তর্জাতিক বাধ্যবাধকতা রয়েছে। অস্ত্রের ধরন যা-ই হোক, এই দায় এড়ানোর সুযোগ নেই।
তার মতে, আন্তর্জাতিক আইনের এই নীতি স্বীকার করেনি এমন দেশগুলোর সঙ্গে যুদ্ধের তথ্য ভাগাভাগির ক্ষেত্রে ইউক্রেনের সতর্ক থাকা প্রয়োজন।
যুদ্ধের ভবিষ্যৎ কি তথ্যনির্ভর অস্ত্রের হাতে?
ইউক্রেনের উদ্যোগ আধুনিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন তুলে ধরছে। যুদ্ধক্ষেত্রে সংগৃহীত তথ্য এখন শুধু অতীতের সামরিক ঘটনা বিশ্লেষণের উপকরণ নয়; ভবিষ্যতের অস্ত্রের সিদ্ধান্ত গ্রহণের ভিত্তিও হয়ে উঠছে।
যে দেশের কাছে যত বেশি বাস্তব যুদ্ধের তথ্য থাকবে, এআইভিত্তিক অস্ত্র প্রশিক্ষণের ক্ষেত্রে তার প্রযুক্তিগত সুবিধা তৈরির সুযোগও তত বাড়বে। তবে লক্ষ্যবস্তু শনাক্ত করার দক্ষতা আর বৈধভাবে হামলার সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা এক বিষয় নয়।
প্রযুক্তি যত দ্রুত এগোচ্ছে, অস্ত্রের নিয়ন্ত্রণ, মানুষের সিদ্ধান্তের ভূমিকা এবং ভুল হামলার দায় নির্ধারণের আন্তর্জাতিক কাঠামো ততটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইউক্রেনের যুদ্ধের তথ্যভান্ডার তাই শুধু সামরিক প্রযুক্তির নতুন সম্পদ নয়, ভবিষ্যতের যুদ্ধের নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের জন্যও বড় পরীক্ষা।












