রান্নাঘর থেকে আন্তর্জাতিক রেস্তোরাঁ, পারিবারিক ওয়াইনারি থেকে খাদ্যনিরাপত্তা নিয়ে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান—খাদ্য ও পানীয়শিল্পে নেতৃত্বের সংজ্ঞা বদলে দিচ্ছেন নারীরা। তাঁদের কেউ প্রতিষ্ঠিত চাকরি ছেড়ে নিজস্ব ব্যবসা শুরু করেছেন, কেউ পারিবারিক ব্যবসার নেতৃত্ব নিয়েছেন, আবার কেউ খাদ্যসংকট মোকাবিলায় বেছে নিয়েছেন ভিন্ন এক পথ। প্রত্যেকের জীবনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বদলে দিয়েছে পেশাগত ও ব্যক্তিগত জীবনের গতিপথ।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে পাঁচ নারী উদ্যোক্তা ও নেতার জীবনের সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের গল্প উঠে এসেছে। তাঁদের অভিজ্ঞতায় স্পষ্ট, বড় সাফল্যের পেছনে প্রায়ই থাকে ঝুঁকি নেওয়ার সাহস, নিজের সক্ষমতার ওপর বিশ্বাস এবং প্রচলিত ধারণার বাইরে গিয়ে কাজ করার মানসিকতা।
ক্লেয়ার স্মাইথ: ঝুঁকি নিয়ে বিশ্বসেরা রাঁধুনি
ব্রিটিশ নারী রাঁধুনি ক্লেয়ার স্মাইথের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল ২০০৭ সালে লন্ডনের গর্ডন রামসে রেস্তোরাঁয় প্রধান রাঁধুনির দায়িত্ব গ্রহণ। তখন তাঁর বয়স মাত্র ২৮ বছর। ওই সময় রেস্তোরাঁটি ছিল লন্ডনের একমাত্র তিন মিশেলিন তারকাপ্রাপ্ত প্রতিষ্ঠান।
মোনাকোর অ্যালাঁ দুকাসের রেস্তোরাঁয় কাজ ছেড়ে এই দায়িত্ব নেওয়া ছিল বড় ঝুঁকি। কারণ, তিন তারকার মর্যাদা ধরে রাখার চাপ ছিল প্রচণ্ড। পুরুষপ্রধান এই পেশায় নিজের যোগ্যতা প্রমাণ করতে তাঁকে সপ্তাহে ৮০ থেকে ৯০ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হয়েছে।
তবে সেই অভিজ্ঞতাই তাঁকে আত্মবিশ্বাসী করে তোলে। ২০১৭ সালে তিনি নিজের রেস্তোরাঁ ‘কোর বাই ক্লেয়ার স্মাইথ’ প্রতিষ্ঠা করেন। ২০২১ সালে তিনি প্রথম ব্রিটিশ নারী রাঁধুনি হিসেবে তিন মিশেলিন তারকা অর্জন করেন।
ফাতমাতা বিনতা: খাদ্যনিরাপত্তায় প্রাচীন শস্যের সম্ভাবনা
ঘানার আক্রায় বসবাসকারী ফাতমাতা বিনতা নিজের কর্মজীবন উৎসর্গ করেছেন ফনিও নামের প্রাচীন এক শস্যের প্রচারে। ২০২০ সালে তিনি সিদ্ধান্ত নেন, আফ্রিকার খাদ্যনিরাপত্তা ও নারী কৃষকদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে এই শস্যকে কেন্দ্র করে কাজ করবেন।
সিয়েরা লিওনের গৃহযুদ্ধের সময় তাঁর পরিবার পালিয়ে গিয়েছিল গিনিতে। সেখানে ধান ও ভুট্টার মতো ফসল দিয়ে পরিবারের খাদ্যচাহিদা পূরণ করা সম্ভব হচ্ছিল না। বেঁচে থাকার তাগিদে তাঁরা ফনিও চাষ শুরু করেন। মাত্র ১২ সপ্তাহে উৎপাদনযোগ্য এই শস্য তাঁরা দীর্ঘ দুই বছর প্রতিদিনের খাবার হিসেবে গ্রহণ করেন।
করোনাভাইরাস মহামারির সময় তিনি ফনিওকে খাদ্যসংকট মোকাবিলার সম্ভাবনাময় উপাদান হিসেবে বিবেচনা করেন। প্রতিষ্ঠা করেন ফুলানি কিচেন ফাউন্ডেশন। উত্তর ঘানার নারী কৃষকদের কাছ থেকে শস্য কিনে ভার্চ্যুয়াল রান্নার প্রশিক্ষণও শুরু করেন। ২০২২ সালে বাস্ক কুলিনারি ওয়ার্ল্ড প্রাইজ থেকে পাওয়া এক লাখ ইউরো পুরস্কারের অর্থ তিনি ঘানার নারীদের ফনিওভিত্তিক জীবিকা গড়ে তুলতে ব্যয় করেন।
মিশেল ওয়ালেস: চাকরি ছেড়ে নিজের ব্যবসা
যুক্তরাষ্ট্রের হিউস্টনের উদ্যোক্তা মিশেল ওয়ালেস প্রায় সাত বছর গ্যাটলিনস বিবিকিউতে কাজ করার পর চাকরি ছেড়ে নিজস্ব স্যান্ডউইচ ব্যবসা শুরু করেন। ২০২৩ সালে প্রতিষ্ঠা করেন ‘বিটুইন স্যান্ডউইচ কোম্পানি’।
ব্যবসা শুরুর আগে ছয় মাস ধরে প্রস্তুতি নেন এবং অর্থ সঞ্চয় করেন। চাকরি ছাড়ার সময় তাঁর হাতে ছিল মাত্র ২০ হাজার ডলারের কিছু বেশি। নিজের ব্যবসায় ব্যর্থ হওয়ার আশঙ্কা থাকলেও তিনি পিছিয়ে যাননি।
চার মাস পর ব্রাভোর ‘টপ শেফ’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান। প্রতিযোগিতায় প্রায় তিন মাস ব্যয় করায় আয় বন্ধ হয়ে যায় এবং ভাড়া পরিশোধের জন্য তাঁকে ঋণ নিতে হয়। কিন্তু প্রতিযোগিতা শেষে পরিচিতি বাড়ে, ব্যবসাও ধীরে ধীরে লাভজনক হয়ে ওঠে।
পুরুষপ্রধান বারবিকিউ শিল্পে একজন কৃষ্ণাঙ্গ নারী হিসেবে তাঁকে বারবার নিজের দক্ষতা প্রমাণ করতে হয়েছে। তবু সেই বাধা তাঁর উদ্যোগকে থামাতে পারেনি।
গাইয়া গায়া: জলবায়ু পরিবর্তনকে নতুন সম্ভাবনায় রূপান্তর
ইতালির পিয়েডমন্ট অঞ্চলের ঐতিহ্যবাহী গায়া ওয়াইনারির সহমালিক গাইয়া গায়া ছোটবেলা থেকেই পারিবারিক ব্যবসায় যুক্ত হওয়ার স্বপ্ন দেখতেন। ১৮৫৯ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব তিনি ও তাঁর বোন গ্রহণ করেন। পারিবারিক ব্যবসাটির নেতৃত্বে তাঁরাই প্রথম নারী।
২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে ব্যবসায় যুক্ত হওয়ার পর তাঁর অন্যতম বড় উদ্যোগ ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা।
তাপমাত্রা বৃদ্ধি ও দীর্ঘ তাপপ্রবাহ আঙুর উৎপাদনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। তাই গাছের ওপর তাপের চাপ আসার আগেই সেগুলোর যত্ন নেওয়ার বিষয়ে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তবে তিনি জলবায়ু পরিবর্তনকে শুধু সংকট হিসেবে দেখেননি। পিয়েডমন্টের অপেক্ষাকৃত উঁচু ও শীতল এলাকায় নতুন আঙুর উৎপাদন অঞ্চল গড়ে তোলেন। ২০২৩ সালে সাদা ওয়াইনের জন্য সেখানে নতুন ওয়াইনারি চালু হয়।
আয়েশা ভেরা-ইউ: লাভজনক চাকরির বদলে সামাজিক উদ্যোগ
ফিলিপাইন ও নিউইয়র্কের মধ্যে সময় ভাগ করে নেওয়া আয়েশা ভেরা-ইউ ২০১০ সালে একটি বিনিয়োগ ব্যাংকে আকর্ষণীয় বেতনের চাকরির প্রস্তাব পেয়েছিলেন। আগের বছর চাকরি হারানোর পর তাঁর সামনে এটি ছিল আর্থিক নিরাপত্তা ফিরে পাওয়ার সুযোগ।
কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজের প্রতিষ্ঠিত অলাভজনক সংস্থা এআরকে সলভসকে পূর্ণকালীন পেশা হিসেবে বেছে নেন।
ফিলিপাইনের ক্যাপিজে দাদা-দাদির খামারের অংশীদার হওয়ার পর তিনি কৃষকদের সমস্যাগুলো কাছ থেকে দেখেছিলেন। জমি চাষের জন্য মূলধনের অভাব, জমির মালিককে ফসলের ৪০ শতাংশ দিতে হওয়া এবং সীমিতসংখ্যক ফসল উৎপাদনের কারণে কৃষকেরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছিলেন।
এসব সমস্যা মোকাবিলায় তাঁর প্রতিষ্ঠানের উদ্যোগ ‘ফিড ব্যাক’ শুরু হয়। ১৬ সপ্তাহের এই কর্মসূচিতে পরিবারগুলো নিজেদের উৎপাদিত শস্য বিনিময় করে। পাঁচ বছরে ফিলিপাইনের ১০টি প্রদেশের ১২৬টি সম্প্রদায় এতে অংশ নিয়েছে। অংশগ্রহণকারীরা ৩০ ধরনের বেশি কৃষিপণ্য পাওয়ার সুযোগ পান এবং বিনিময়ে মাত্র তিন ধরনের পণ্য দিতে হয়।
পাঁচ নারীর অভিজ্ঞতা দেখায়, পেশাগত সাফল্য শুধু প্রতিষ্ঠিত পথে এগিয়ে যাওয়ার ফল নয়। কখনো ঝুঁকি নেওয়া, কখনো সামাজিক সমস্যার সমাধান খোঁজা, আবার কখনো পরিবর্তিত পরিস্থিতিকে নতুন সম্ভাবনায় রূপ দেওয়াই হয়ে ওঠে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।












