বয়স বাড়ার সঙ্গে কাঁধের ব্যথা ও নড়াচড়ার সীমাবদ্ধতাকে একসময় স্বাভাবিক বার্ধক্যের অংশ হিসেবে মেনে নিতেন অনেক প্রবীণ। কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে। দৈনন্দিন কাজকর্ম ও পছন্দের শখ ধরে রাখতে চিকিৎসা নিচ্ছেন তাঁরা। এর ফলে সিঙ্গাপুরে প্রবীণদের মধ্যে কাঁধ প্রতিস্থাপন অস্ত্রোপচারের সংখ্যা বাড়ছে।
সিঙ্গাপুরের তিনটি সরকারি হাসপাতাল—ট্যান টক সেং হাসপাতাল, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এবং খু টেক পুয়াত হাসপাতালে এ ধরনের অস্ত্রোপচারের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ট্যান টক সেং হাসপাতালে ২০২২ সালে প্রায় ৩০টি কাঁধ প্রতিস্থাপন অস্ত্রোপচার হয়েছিল। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭০টিতে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ২০১৬ সালের তুলনায় এ অস্ত্রোপচারের সংখ্যা তিন গুণ এবং ২০২১ সালের তুলনায় দ্বিগুণ হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে বছরে প্রায় ৮০টি অস্ত্রোপচার করা হচ্ছে। অন্যদিকে, খু টেক পুয়াত হাসপাতালে ২০২১ সালের তুলনায় ২০২৬ সাল পর্যন্ত অস্ত্রোপচারের সংখ্যা বেড়েছে ৬০ শতাংশ।
বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান অক্সফোর্ড অর্থোপেডিকসও জানিয়েছে, ১০ বছর আগের তুলনায় তাদের এখানে কাঁধ প্রতিস্থাপন অস্ত্রোপচারের সংখ্যা তিন গুণ হয়েছে।
কেন বাড়ছে অস্ত্রোপচারের প্রয়োজন
চিকিৎসকদের মতে, সিঙ্গাপুরের বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি এবং প্রবীণদের অধিক সক্রিয় জীবনযাপন এ প্রবণতার দুটি বড় কারণ। বয়স বাড়ার সঙ্গে কাঁধের অস্থিসন্ধিতে ক্ষয়, রোটেটর কাফের পেশি ও টেন্ডনের ক্ষতি এবং আর্থ্রাইটিসের মতো সমস্যা দেখা দিতে পারে।
কাঁধের জয়েন্টের ক্ষতিগ্রস্ত বা ক্ষয়প্রাপ্ত অংশ কৃত্রিম ইমপ্লান্ট দিয়ে প্রতিস্থাপন করাই কাঁধ প্রতিস্থাপন অস্ত্রোপচার। এর প্রধান উদ্দেশ্য ব্যথা কমানো এবং হাতের স্বাভাবিক নড়াচড়ার সক্ষমতা বাড়ানো।
খু টেক পুয়াত হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের পরামর্শক চ্যান জুয়েন ঝিকের চিকিৎসাধীন ৭৭ বছর বয়সী ফু সিয়াং জুনের অভিজ্ঞতা এর একটি উদাহরণ।
ষাটের দশকের শুরুতে পড়ে গিয়ে তাঁর ডান কাঁধে ব্যথা শুরু হয়েছিল। তবে ব্যথা মাঝেমধ্যে হতো বলে চিকিৎসা নেননি। ৭০ বছর বয়সে বোলিং শুরু করার পরও তিনি স্বাভাবিকভাবে খেলতেন। কিন্তু একদিন বোলিং করার সময় কাঁধে শব্দ শুনে হঠাৎ হাত তুলতে অক্ষম হয়ে পড়েন।
পরীক্ষায় তাঁর রোটেটর কাফ টিয়ার আর্থ্রোপ্যাথি ধরা পড়ে। দীর্ঘদিন ধরে রোটেটর কাফের বড় ধরনের ক্ষত চিকিৎসা না করালে কাঁধের অস্থিসন্ধিতে যে জটিল আর্থ্রাইটিস তৈরি হয়, সেটিই এই রোগ।
মে মাসে তাঁর কাঁধ প্রতিস্থাপন অস্ত্রোপচার হয়।
কখন প্রয়োজন অস্ত্রোপচার
কাঁধের তীব্র ব্যথায় চুল আঁচড়ানো, জামা পরা, মাথার ওপর হাত তোলা, পিঠ পরিষ্কার করা কিংবা আলমারি থেকে জিনিস নামানোর মতো সাধারণ কাজও কঠিন হয়ে পড়ে। অনেকের রাতে ব্যথা বাড়ে, ঘুমের ব্যাঘাত ঘটে।
চিকিৎসকদের মতে, ফিজিওথেরাপি ও ব্যথানাশক ওষুধে পর্যাপ্ত বা দীর্ঘস্থায়ী উপশম না হলে এবং ব্যথা ও হাতের কার্যক্ষমতা কমে যাওয়ায় জীবনযাত্রার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে অস্ত্রোপচারের কথা বিবেচনা করা হয়।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ২০২৬ সালে করা ৮০টি কাঁধ প্রতিস্থাপন অস্ত্রোপচারের মধ্যে প্রায় ৬০ শতাংশ ছিল কাঁধের আর্থ্রাইটিস ও রোটেটর কাফজনিত সমস্যার চিকিৎসায় পরিকল্পিত অস্ত্রোপচার। বাকি ৪০ শতাংশ ছিল আঘাত বা হাড় ভাঙার কারণে।
সুস্থ হতে সময় লাগে
অস্ত্রোপচারের পর অধিকাংশ রোগী পরদিনই হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন। কয়েক সপ্তাহ হাত স্লিংয়ে রাখতে হয়। এরপর শুরু হয় পুনর্বাসন ও পেশি শক্তিশালী করার ব্যায়াম।
অনেক রোগী ১২ সপ্তাহের মধ্যে দৈনন্দিন সাধারণ কাজে ফিরতে পারেন। তবে কার্যক্ষমতার উন্নতি ছয় মাস পর্যন্ত চলতে পারে এবং পূর্ণাঙ্গ উন্নতি পেতে এক বছরও লাগতে পারে। অস্ত্রোপচারের পর কাঁধের শক্তি ও নড়াচড়ার ক্ষমতা আগের অবস্থায় পুরোপুরি ফিরে আসবে, এমন নিশ্চয়তা নেই।
ট্যান টক সেং হাসপাতালে দুই কাঁধে অস্ত্রোপচার করিয়েছেন ৭৭ বছর বয়সী লুসি ট্যান। কাঁধের অস্থিসন্ধিতে অস্টিওআর্থ্রাইটিসের কারণে তাঁর হাত তোলা, ভারী বাজারের ব্যাগ বহন এবং পিঠের দিকে হাত নেওয়া কঠিন হয়ে পড়েছিল। ব্যথার কারণে চার বছর গিটার বাজানোও বন্ধ রাখতে হয়েছিল তাঁকে।
২০২৪ সালের জুলাইয়ে ডান কাঁধ এবং ২০২৬ সালের এপ্রিলে বাঁ কাঁধে অস্ত্রোপচার করান তিনি। ফিজিওথেরাপি ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে আবার গিটার বাজানো শুরু করেছেন।
কাঁধ সুস্থ রাখার উপায়
চিকিৎসকদের পরামর্শ, বয়স বাড়লেও নিয়মিত সক্রিয় থাকতে হবে। রেজিস্ট্যান্স ব্যান্ড ব্যবহার করে সহজ কাঁধের ব্যায়াম করলে জয়েন্টের চারপাশের পেশি শক্তিশালী হয় এবং নড়াচড়ার সক্ষমতা বজায় থাকে।
যাঁদের আগে থেকেই কাঁধে হালকা সমস্যা রয়েছে, তাঁদের অতিরিক্ত মাথার ওপর হাত তুলে কাজ করা এড়িয়ে চলা উচিত।
প্রবীণদের জন্য কাঁধের ব্যথাকে বার্ধক্যের অনিবার্য অংশ হিসেবে মেনে না নিয়ে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নেওয়ার গুরুত্বও তুলে ধরছেন বিশেষজ্ঞরা।












