নেপালের প্রধানমন্ত্রী হিসেবে বালেন শাহের প্রথম ভারত সফরকে কেবল দ্বিপক্ষীয় সম্পর্কের আনুষ্ঠানিকতা হিসেবে দেখার সুযোগ নেই। এই সফর ছিল তাঁর রাজনৈতিক পরিচয়, জাতীয় সার্বভৌমত্ব নিয়ে অবস্থান এবং রাষ্ট্র পরিচালনার সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। কাঠমান্ডুর মেয়র থাকাকালে যিনি ভারতের সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে প্রকাশ্যে সরব ছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর দিল্লির মাটিতে সেই প্রশ্নে তাঁর সংযম স্বাভাবিকভাবেই নতুন বিতর্ক তৈরি করেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, অবকাঠামো, জ্বালানি ও যোগাযোগ খাতে বেশ কিছু অগ্রগতি হয়েছে। কিন্তু নেপালের জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি যুক্ত সীমান্ত বিরোধ, লিপুলেখ-কালাপানি প্রশ্ন এবং ভারতীয় বাজারে নেপালি পণ্যের প্রবেশাধিকার নিয়ে প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি। সবচেয়ে বড় সমস্যা হলো, যেসব বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, সেগুলোর কোনোটির জন্যই নির্দিষ্ট সময়সীমা বা বাস্তবায়নের কাঠামো তৈরি হয়নি।
রাজনৈতিক অবস্থান থেকে রাষ্ট্রীয় দায়িত্বে
বালেন শাহের রাজনৈতিক উত্থানের অন্যতম ভিত্তি ছিল প্রচলিত রাজনৈতিক নেতৃত্বের বাইরে গিয়ে স্পষ্ট অবস্থান নেওয়া। কাঠমান্ডুর মেয়র থাকাকালে ২০২৩ সালের জুনে নিজের কার্যালয়ে ‘বৃহত্তর নেপাল’-এর মানচিত্র স্থাপন করেন তিনি। একই বছরের আগস্টে চীনের নতুন মানচিত্রে লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরাকে ভারতের অংশ হিসেবে দেখানোর প্রতিবাদে চীন সফর বাতিল করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেপালের নেতাদের সীমান্ত প্রশ্নে নিষ্ক্রিয়তার সমালোচনা করেছিলেন।
প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সামনে এখন ভিন্ন বাস্তবতা। প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক পরিচালনায় আবেগের পরিবর্তে প্রয়োজন কৌশল, ধারাবাহিকতা ও আলোচনার সক্ষমতা। কিন্তু বাস্তববাদী কূটনীতি এবং জাতীয় স্বার্থে আপস এক বিষয় নয়।
মে মাসে সংসদে দেওয়া বক্তব্যে শাহ বলেছিলেন, নেপালও ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে। সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে যুক্তরাজ্যের সম্পৃক্ততার সম্ভাবনাও তুলেছিলেন তিনি। ভারত দ্রুত তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এই অবস্থান থেকে দিল্লি সফরের যৌথ বিবৃতিতে সীমান্ত প্রশ্নের অস্পষ্ট উল্লেখ নেপালের পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
বিবৃতিতে সীমান্তের খুঁটি রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজে অগ্রগতির কথা বলা হয়েছে। পাশাপাশি দুই দেশের পররাষ্ট্রসচিবদের অমীমাংসিত সীমান্ত সমস্যা নিয়ে কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। কিন্তু বিতর্কিত এলাকাগুলোর নাম, আলোচনার সময়সূচি কিংবা সমাধানের কোনো নির্দিষ্ট রূপরেখা নেই। দুই দেশের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত এমিনেন্ট পারসনস গ্রুপের প্রতিবেদনও আলোচনার বাইরে থেকে গেছে।
এ ধরনের অস্পষ্টতা দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির বদলে আলোচনাকে অনির্দিষ্ট ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারে।
অবকাঠামো ও বিমান যোগাযোগে বাস্তব অগ্রগতি
সফরের ইতিবাচক দিকগুলোও উপেক্ষা করা উচিত নয়। বিশেষ করে বিমান চলাচলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। বিপুল বিনিয়োগে নির্মিত পোখারা ও ভৈরহাওয়া আন্তর্জাতিক বিমানবন্দর এখনো প্রত্যাশিত আন্তর্জাতিক যোগাযোগ গড়ে তুলতে পারেনি। উপযুক্ত আকাশপথের অভাব এ ক্ষেত্রে বড় বাধা।
নতুন আন্তর্জাতিক রুট নিয়ে পূর্ণাঙ্গ সমঝোতা না হলেও কাঠমান্ডু-ভৈরহাওয়া-লখনউয়ের বিদ্যমান একমুখী বি৩৪৫ রুটকে দ্বিমুখী করার সিদ্ধান্ত হয়েছে। এর বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে কারিগরি আলোচনা প্রয়োজন হবে। সিদ্ধান্তটি কার্যকর হলে নেপালের আন্তর্জাতিক বিমান চলাচলের সুযোগ বাড়বে।
ভারত ২৪০ বিলিয়ন নেপালি রুপির উন্নয়ন সহায়তার ঘোষণা দিয়েছে। এর মধ্যে ৫৬ বিলিয়ন রুপি দুর্যোগ-পরবর্তী পুনর্গঠনের জন্য অনুদান। তবে অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, ভারতের সহায়তার ঘোষণা এবং বাস্তবে অর্থ ছাড়ের মধ্যে ব্যবধান থাকতে পারে। ফলে এবার প্রতিশ্রুত অর্থের ব্যবহার ও বিতরণ শুরু থেকেই পর্যবেক্ষণের আওতায় রাখা প্রয়োজন।
কান্দলা বন্দরের মাধ্যমে ট্রানজিট সুবিধা দেওয়ার প্রস্তাবও গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় অবকাঠামো তৈরি হলে পরাদ্বীপ বন্দরের সুবিধা দেওয়ার কথা রয়েছে। তবে মুন্দ্রা বন্দরের সুযোগ দেওয়া হয়নি।
এ ছাড়া ধরচুলা সেতু ও মোতিহারি-আমলেখগঞ্জ পাইপলাইনের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন এবং ৬৬৯ মেগাওয়াটের লোয়ার অরুণ জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাকে নতুন মাত্রা দিয়েছে।
বাণিজ্যিক সম্পর্কের অসম্পূর্ণ হিসাব
নেপালের অর্থনৈতিক স্বার্থের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ভারতীয় বাজারে প্রবেশাধিকার। নেপালি রপ্তানিকারকদের দীর্ঘদিন ধরে বিভিন্ন অশুল্ক বাধার মুখোমুখি হতে হচ্ছে। কিন্তু দিল্লির যৌথ বিবৃতিতে এ সমস্যা নিয়ে কোনো সুনির্দিষ্ট উদ্যোগের উল্লেখ নেই।
অবকাঠামো উন্নয়ন কিংবা ট্রানজিট সুবিধা তখনই অর্থনৈতিকভাবে কার্যকর হবে, যখন নেপালের পণ্য ভারতীয় বাজারে তুলনামূলক সহজে প্রবেশ করতে পারবে। এ কারণে বাণিজ্যিক বাধা দূর করার বিষয়টি দুই দেশের আলোচনার নিয়মিত ও অগ্রাধিকারপ্রাপ্ত এজেন্ডা হওয়া প্রয়োজন।
পঞ্চেশ্বর বহুমুখী প্রকল্প নিয়েও একই ধরনের অনিশ্চয়তা রয়েছে। প্রকল্পটির বিস্তারিত প্রতিবেদন দ্রুত চূড়ান্ত করার আহ্বান জানানো হলেও কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি। বিমান যোগাযোগ ও পঞ্চেশ্বর—দুটি ক্ষেত্রেই রাজনৈতিক সদিচ্ছাকে বাস্তব ফলাফলে রূপ দিতে কার্যকর আলোচক দল ও নির্ধারিত কর্মপরিকল্পনা প্রয়োজন।
জাতীয় ঐকমত্য ছাড়া সীমান্তনীতি টেকসই হবে না
শাহ সরকারের জন্য এখন সবচেয়ে জরুরি কাজ হলো ভারত সফরের প্রতিশ্রুতিগুলোকে প্রাতিষ্ঠানিক জবাবদিহির আওতায় আনা। সংসদে সমঝোতা স্মারক ও যৌথ ভিশন ডকুমেন্ট উপস্থাপন করে কোন বিষয়গুলো আলোচিত হয়েছে এবং কোনগুলো আলোচনার বাইরে থেকেছে, তা স্পষ্ট করা উচিত।
সীমান্ত বিরোধ নিয়ে নেপাল-ভারত ওয়ার্কিং গ্রুপের বৈঠকের নিয়মিত সময়সূচি নির্ধারণ এবং পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের জন্য নির্দিষ্ট সময়সীমা ঠিক করা প্রয়োজন। একইভাবে বাণিজ্যসচিব পর্যায়ের আলোচনায় অশুল্ক বাধার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।
আরও গুরুত্বপূর্ণ হলো, সীমান্ত প্রশ্নে একটি সর্বদলীয় জাতীয় অবস্থান তৈরি করা। বিরোধী রাজনৈতিক দল, সীমান্ত বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে যুক্ত না করলে লিপুলেখ বা কালাপানির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো একক রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্ত ও অবস্থানের ওপর নির্ভরশীল হয়ে পড়বে।
ভারতের ঘোষিত উন্নয়ন সহায়তার ক্ষেত্রেও মন্ত্রণালয়ভিত্তিক বাস্তবায়ন পরিকল্পনা প্রকাশ করা দরকার। ৫৬ বিলিয়ন রুপির অনুদান কোন কোন পুনর্গঠন প্রকল্পে ব্যয় হবে, ক্ষতিগ্রস্ত পরিবার কখন সহায়তা পাবে এবং প্রতিটি অবকাঠামো প্রকল্পের অগ্রগতি কীভাবে পরিমাপ করা হবে—এসব বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
বালেন শাহের জনপ্রিয়তার বড় ভিত্তি ছিল প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে তাঁর স্পষ্ট অবস্থান। প্রধানমন্ত্রী হিসেবে সেই অবস্থান ধরে রাখার অর্থ প্রতিটি কূটনৈতিক বৈঠকে কঠোর বক্তব্য দেওয়া নয়। বরং জাতীয় স্বার্থের প্রশ্নে ধারাবাহিক নীতি, কার্যকর আলোচনা এবং জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা।
ভারতের সঙ্গে সহযোগিতা নেপালের জন্য অপরিহার্য। কিন্তু সহযোগিতার অর্থ অমীমাংসিত বিরোধকে আড়াল করা হতে পারে না। দিল্লি সফরে শাহ অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার সম্ভাবনা তৈরি করেছেন। এখন তাঁর সামনে বড় পরীক্ষা হলো, সেই অগ্রগতির পাশাপাশি সীমান্ত প্রশ্নেও দৃশ্যমান কূটনৈতিক উদ্যোগ নেওয়া। নেপালের সার্বভৌমত্বের প্রশ্নে তাঁর রাজনৈতিক অতীত এবং বর্তমান রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠা করতে হলে সেই উদ্যোগের শুরু হওয়া উচিত সংসদ থেকেই।












