দেশের বাজারে দুই দফা দাম বাড়ানোর পর এবার সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৮৫৮ টাকা কমানো হয়েছে। এতে নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পরিশোধিত সোনার (তেজাবি সোনা) দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬৮২ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরিতে কমেছে ২ হাজার ৩৩৩ টাকা। এই মানের সোনার নতুন দাম ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।
এর আগে মঙ্গলবার ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস। একই দিন ২১ ক্যারেটের দাম ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা করা হয়েছিল।
এর আগে ২৩ নভেম্বরও ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল সোনার দাম। ফলে কয়েক দিনের ব্যবধানে ধারাবাহিক মূল্যবৃদ্ধির পর আবারও বড় ধরনের দরপতন হলো।
এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের দাম ২ হাজার ৯১৬ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৫০৮ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৯২৫ টাকায়।












