বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মোটরসাইকেলচালক উজ্জল সরকার ও আরোহী শিকর। তাঁদের দুজনের বাড়ি ধুনট উপজেলার বানিয়াজান ইউনিয়নে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শেরপুর থেকে মোটরসাইকেলে করে ধুনটের দিকে যাচ্ছিলেন উজ্জল ও শিকর। পথে মাঠপাড়া এলাকায় পৌঁছালে ধুনট থেকে শেরপুরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে উজ্জল সরকার ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেলের অপর আরোহী শিকর। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
ধুনট ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, দুপুর ১২টা ৫ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্যজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। পরে তিনিও মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, একজনের মরদেহ ঘটনাস্থল থেকে এবং অন্যজনের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।












