দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাসহ মোট ১৪ জনকে বিভিন্ন ইউনিট ও দায়িত্বে বদলি এবং পদায়ন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাট এবং একই ইউনিটের উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনার পুলিশ সুপার করা হয়েছে। গাইবান্ধার বর্তমান পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে ফেনীতে বদলি করা হয়েছে। ঢাকার এসআরইউর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধা এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
যেসব কর্মকর্তা নতুন দায়িত্ব পেলেন
সাত জেলার নতুন পুলিশ সুপার নিয়োগের পাশাপাশি আরও সাত কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। সুনামগঞ্জের পুলিশ সুপার আবু বাসার মোহাম্মদ জাকির হোসেনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার করা হয়েছে। লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকেও একই ইউনিটে বদলি করা হয়েছে।
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুককে ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে অবস্থিত ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।
অন্যদিকে, খুলনা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ও সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে চট্টগ্রাম মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার করা হয়েছে। আর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।












