ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তির জন্য সময়সীমা নির্ধারণ করে ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন স্থানীয় ‘ফকির কমিটির’ সভাপতি। তাঁর ঘোষণা অনুযায়ী, বিকেল ৫টার পর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না। এ নির্দেশ অমান্য করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানাসহ কারাদণ্ডের মুখে পড়তে হতে পারে বলেও মাইকিং করে সতর্ক করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের মানুষের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করা যাবে না।
ঘোষণায় তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং কারাদণ্ডের হুঁশিয়ারিও দেওয়া হয়।
সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন
ভিক্ষাবৃত্তির জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া এবং নিয়ম অমান্য করলে জরিমানা ও কারাদণ্ডের ঘোষণায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে আলোচনা।
কেউ কেউ বাজারের শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ হিসেবে ঘোষণাটিকে দেখছেন। অন্যদিকে, একটি স্থানীয় কমিটি জরিমানা বা কারাদণ্ডের মতো শাস্তি নির্ধারণ করতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফিরোজ হোসেন জানিয়েছেন, তিনি এমন কোনো ঘোষণার বিষয়ে অবগত নন।












