পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য ষড়যন্ত্রে জড়িত থাকতে পারেন—এমন তথ্যের ভিত্তিতে তাঁদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হয়ে জনসেবায় নিয়োজিত থাকার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক করা হয়েছিল। এরপরও কোনো কর্মকর্তা বা সদস্য ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকলে তাঁকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
কয়েকজন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
কিছু পুলিশ কর্মকর্তার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমদ জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহের মামলায় তাঁরা কারাগারে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সতর্ক রয়েছে। সম্ভাব্য কর্মসূচি বা নাশকতার বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
১৬ ডিসেম্বর ঘিরে সতর্ক অবস্থান
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত দায়িত্ব পালন করবে। সম্ভাব্য কর্মসূচি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার বিষয়ে কিছু ব্যক্তির তৎপরতার কথা শোনা যাচ্ছে। সীমান্তের ওপারে অবস্থান করা কয়েকজন পলাতক নেতা বিভিন্ন এলাকায় যাতায়াত করছেন এবং দেশের ভেতরে থাকা তাঁদের অনুসারীদের নির্দেশনা দিচ্ছেন বলেও দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, মশাল মিছিলের পর লকডাউন, শাটডাউন ও হরতালের মতো কর্মসূচির কথাও প্রচার করা হচ্ছে। এসব কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েনকে তিনি পুলিশের নিয়মিত কার্যক্রমের অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা হিসেবে উল্লেখ করেন।
শ্রমিক অসন্তোষে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ
শ্রমিক অসন্তোষ নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত দায়িত্বের অংশ।
তিনি দাবি করেন, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে রাজনৈতিক ষড়যন্ত্রের চেষ্টা হয়েছিল, যার সঙ্গে প্রকৃত শ্রমিকদের সম্পৃক্ততা ছিল না। তাঁর বক্তব্য অনুযায়ী, মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার ভিত্তিতে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে এবং মজুরি বোর্ডের সদস্যরা তাতে সম্মতি দিয়ে স্বাক্ষর করেছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সাম্প্রতিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে দায়িত্ব পালন করেছে। ভবিষ্যতে কেউ সহিংসতা, অগ্নিসংযোগ বা জনগণের জীবন ও সম্পদের ক্ষতি করার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া নিয়ে যা বললেন
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা এবং দলটিকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত।
তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধনের পর দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্তের সুযোগ তৈরি হয়েছে। সেই তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে তাঁর ধারণা।
স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের ৪৭ অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে বলেন, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধসহ নির্দিষ্ট অপরাধে ব্যক্তি, গোষ্ঠী কিংবা সংগঠনকে বিচারের আওতায় আনার বিধান রয়েছে। তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল এবং বিচারিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আদালত আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।
তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ নেই বলে সরকার মনে করে। দলটির বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া এবং দেশে ফেরার বিষয়ে সংশ্লিষ্ট দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগও চলছে বলে জানান তিনি।












