বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ এখন আগের তুলনায় বেশি ঘন ঘন ও তীব্র হচ্ছে। অতিরিক্ত গরম শুধু অস্বস্তি তৈরি করে না, শরীরের স্বাভাবিক কার্যক্রমেও গুরুতর প্রভাব ফেলে। দীর্ঘ সময় প্রচণ্ড গরমে থাকলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে। এর ফলে পানিশূন্যতা, পেশিতে টান, ত্বকের সমস্যা থেকে শুরু করে প্রাণঘাতী তাপাঘাত পর্যন্ত ঘটতে পারে।
মানুষের শরীর সাধারণত একটি নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে কাজ করে। তাপমাত্রা বেড়ে গেলে মস্তিষ্ক শরীরকে ঠান্ডা রাখার জন্য বিভিন্ন ব্যবস্থা চালু করে। এর মধ্যে সবচেয়ে পরিচিত পদ্ধতি হলো ঘাম হওয়া। ত্বকের ঘাম বাষ্প হয়ে উড়ে যাওয়ার সময় শরীর থেকে তাপ বেরিয়ে যায়।
এ ছাড়া ত্বকের নিচের রক্তনালিগুলো প্রসারিত হয় এবং হৃদস্পন্দন বেড়ে যায়। এতে শরীরের ভেতরের তাপ রক্তের মাধ্যমে ত্বকের কাছাকাছি পৌঁছায় এবং বাইরে বেরিয়ে যেতে পারে।
কিন্তু বাতাসে আর্দ্রতা বেশি থাকলে ঘাম সহজে শুকায় না। ফলে শরীরের স্বাভাবিক শীতল হওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। তাপমাত্রা ও আর্দ্রতা একসঙ্গে বেশি থাকলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে।
গরমে শরীর যেভাবে বিপদের সংকেত দেয়
অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে গেলে পেশিতে ব্যথা বা টান ধরতে পারে। সাধারণত পেট, হাত ও পায়ের পেশিতে এ ধরনের সমস্যা দেখা যায়। বিশেষ করে যারা প্রচণ্ড গরমে ব্যায়াম করেন বা শারীরিক পরিশ্রম করেন, তাঁদের ঝুঁকি বেশি।
গরম ও আর্দ্র আবহাওয়ায় অতিরিক্ত ঘামের কারণে ত্বকেও সমস্যা দেখা দিতে পারে। ঘাম জমে থাকলে ছোট ছোট লালচে দানা বা ফুসকুড়ি তৈরি হয়। শিশুদের মধ্যে এ ধরনের সমস্যা বেশি দেখা যায়। সাধারণত ঘাড়, বুকের ওপরের অংশ এবং কনুইয়ের ভাঁজে এসব ফুসকুড়ি হতে পারে।
শরীর যখন অতিরিক্ত তাপ সামাল দিতে হিমশিম খায়, তখন দেখা দিতে পারে তাপজনিত অবসাদ। এ অবস্থায় প্রচুর ঘাম হয়, মাথা ঘোরে, দুর্বল লাগে, বমি বমি ভাব দেখা দেয় এবং মাথাব্যথা হতে পারে। ত্বক ফ্যাকাশে ও স্যাঁতসেঁতে হয়ে যেতে পারে। একই সঙ্গে হৃদস্পন্দনও দ্রুত হয়।
এটি শরীরের জন্য একটি গুরুতর সতর্কসংকেত। দ্রুত ঠান্ডা পরিবেশে না নেওয়া হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
তাপাঘাত সবচেয়ে বিপজ্জনক
তাপজনিত অসুস্থতার সবচেয়ে গুরুতর অবস্থা হলো তাপাঘাত। এ সময় শরীরের তাপমাত্রা প্রায় ৪০ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়ে যেতে পারে। শরীরের স্বাভাবিক তাপ নিয়ন্ত্রণব্যবস্থা তখন কার্যক্ষমতা হারাতে শুরু করে।
তাপাঘাতের লক্ষণগুলোর মধ্যে রয়েছে শরীরের তাপমাত্রা অত্যধিক বেড়ে যাওয়া, ত্বক লাল ও শুষ্ক হয়ে পড়া, দ্রুত হৃদস্পন্দন, মাথাব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব এবং অজ্ঞান হয়ে যাওয়া।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কসংকেত হলো আচরণে অস্বাভাবিক পরিবর্তন। প্রচণ্ড গরমে থাকা কেউ হঠাৎ বিভ্রান্ত হয়ে পড়লে, অস্থির আচরণ করলে বা স্বাভাবিকভাবে কথা বলতে না পারলে তাপাঘাতের আশঙ্কা করতে হবে। এ অবস্থায় দেরি না করে জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং আক্রান্ত ব্যক্তিকে দ্রুত ঠান্ডা জায়গায় নিতে হবে।
কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে
বয়স্ক ব্যক্তি, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত মানুষ এবং শিশুরা অতিরিক্ত গরমে বেশি ঝুঁকিতে থাকেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের তাপমাত্রার পরিবর্তন বোঝা ও তার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা কমতে পারে। কিছু ওষুধও শরীরের তাপ নিয়ন্ত্রণের স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে।
শিশুরা অনেক সময় গরমের কারণে অসুস্থ হয়ে পড়ার লক্ষণ বুঝতে পারে না। একই কারণে তারা নিজেরা নিরাপদ জায়গায় সরে যাওয়ার উদ্যোগও নিতে পারে না। খেলাধুলায় অংশ নেওয়া কিশোর-কিশোরী এবং পোষা প্রাণীরাও অতিরিক্ত গরমে ঝুঁকির মুখে থাকে।
বিশেষ করে গরমের দিনে কোনো শিশুকে বা পোষা প্রাণীকে গাড়ির ভেতরে এক মুহূর্তের জন্যও একা রাখা উচিত নয়। বন্ধ গাড়ির ভেতরের তাপমাত্রা দ্রুত বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে।
তীব্র গরমে নিরাপদ থাকতে করণীয়
প্রচণ্ড গরমে বাইরে বের হওয়া যতটা সম্ভব কমাতে হবে। বিশেষ করে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রোদে শারীরিক পরিশ্রম এড়িয়ে চলা ভালো। বাইরে যেতে হলে হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরতে হবে, মাথা ঢেকে রাখতে হবে এবং নিয়মিত পানি পান করতে হবে।
তৃষ্ণা পাওয়ার অপেক্ষা না করে পানি পান করা জরুরি। কারণ তৃষ্ণা অনেক সময় শরীরে পানিশূন্যতা শুরু হওয়ার লক্ষণ হতে পারে। বাইরে কাজ করতে হলে বিশ্রামের বিরতি নিতে হবে এবং সম্ভব হলে ছায়াযুক্ত জায়গায় থাকতে হবে।
মাথা ঘোরা, দুর্বল লাগা, বমি বমি ভাব বা অতিরিক্ত ঘাম শুরু হলে সঙ্গে সঙ্গে গরম জায়গা থেকে সরে ঠান্ডা পরিবেশে যেতে হবে। আক্রান্ত ব্যক্তির শরীরে পানি দেওয়া এবং পান করার মতো অবস্থায় থাকলে তরল পান করতে দেওয়া উপকারী হতে পারে। অজ্ঞান হয়ে গেলে, বিভ্রান্তি দেখা দিলে বা অবস্থার অবনতি হলে জরুরি চিকিৎসা নিতে হবে।
ঘরে শীতাতপনিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকলে ঠান্ডা ও ছায়াযুক্ত স্থানে থাকার চেষ্টা করতে হবে। প্রয়োজনে শপিং সেন্টার, গণগ্রন্থাগার বা অন্য কোনো শীতল জনপরিসরে কিছু সময় কাটানো যেতে পারে। পাখা কিছুটা স্বস্তি দিলেও প্রচণ্ড গরম ঘরে একে একমাত্র শীতল হওয়ার উপায় হিসেবে বিবেচনা করা ঠিক নয়।
অন্যদের খোঁজ রাখাও জরুরি
তীব্র গরমে নিজের পাশাপাশি আশপাশের মানুষের দিকেও নজর রাখা প্রয়োজন। বিশেষ করে একা বসবাস করা বয়স্ক প্রতিবেশী, আত্মীয়স্বজন ও পরিচিত ব্যক্তিদের নিয়মিত খোঁজ নিতে হবে। তাঁরা অসুস্থ বোধ করছেন কি না, পর্যাপ্ত পানি পান করছেন কি না এবং ঠান্ডা জায়গায় থাকার সুযোগ পাচ্ছেন কি না, তা নিশ্চিত করা জরুরি।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপপ্রবাহের ঝুঁকি বাড়তে থাকায় অতিরিক্ত গরমকে শুধু সাময়িক অস্বস্তি হিসেবে দেখার সুযোগ নেই। শরীরের সতর্কসংকেত দ্রুত শনাক্ত করা, সময়মতো ব্যবস্থা নেওয়া এবং ঝুঁকিতে থাকা মানুষের পাশে দাঁড়ানোই হতে পারে প্রাণহানি ঠেকানোর গুরুত্বপূর্ণ উপায়।
তীব্র গরমে শরীরে পানিশূন্যতা, পেশিতে টান ও তাপাঘাত হতে পারে। বিপদের লক্ষণ চিনে সময়মতো সতর্ক হোন।












