দিনের কাজ শেষ হয়েছে, কিন্তু মাথার ভেতর কাজের চিন্তা থামছে না। কোন ই-মেইলের উত্তর দেওয়া বাকি, কোন প্রতিবেদন শেষ হয়নি, আগামীকালের কোন কাজটি আগে করতে হবে—এমন নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে। বিশ্রামের সময়েও কাজ থেকে মন সরাতে না পারার পেছনে থাকতে পারে মনোবিজ্ঞানের একটি পরিচিত ধারণা, যার নাম ‘জেইগারনিক প্রভাব’। অসমাপ্ত কাজ কীভাবে মস্তিষ্কের ওপর চাপ তৈরি করে এবং সচেতন কিছু অভ্যাসের মাধ্যমে সেই চাপ কীভাবে কমানো যায়, তা নিয়ে গবেষকদের আগ্রহ বাড়ছে।
মনোবিজ্ঞানীরা প্রায় এক শতাব্দী ধরে অসমাপ্ত কাজের সঙ্গে স্মৃতির সম্পর্ক নিয়ে গবেষণা করছেন। ১৯২৭ সালে রুশ মনোবিজ্ঞানী ব্লুমা জেইগারনিক দেখিয়েছিলেন, যেসব কাজ মাঝপথে থামিয়ে দেওয়া হয়, সেগুলো মানুষ সম্পন্ন করা কাজের তুলনায় বেশি মনে রাখতে পারে।
এই ধারণার পেছনে একটি প্রচলিত গল্পও রয়েছে। জেইগারনিকের শিক্ষক কার্ট লেভিন একবার লক্ষ করেন, ব্যস্ত রেস্তোরাঁর কর্মীরা খাবারের বড় অর্ডার পরিবেশন ও বিল পরিশোধ না হওয়া পর্যন্ত মনে রাখতে পারেন। বিল মিটে যাওয়ার পর সেই অর্ডারের কথা সহজেই ভুলে যান। এই পর্যবেক্ষণ থেকেই অসমাপ্ত কাজ নিয়ে গবেষণার ধারণা তৈরি হয়েছিল বলে মনে করা হয়।
বর্তমানে এই ঘটনাকে ‘জেইগারনিক প্রভাব’ বলা হয়। তবে অসমাপ্ত কাজ সম্পন্ন কাজের তুলনায় বেশি মনে থাকার বিষয়টি পরবর্তী গবেষণায় সব সময় একইভাবে প্রমাণিত হয়নি। তা সত্ত্বেও বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অসমাপ্ত কাজ মানুষের চিন্তায় দীর্ঘ সময় জায়গা করে নিতে পারে।
জার্মানির ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস বন-রাইন-জিগের মনোবিজ্ঞানের অধ্যাপক ক্রিস্টিন জিরেকের মতে, মানুষের মধ্যে কাজ শেষ করার স্বাভাবিক মানসিক তাগিদ রয়েছে। কোনো কাজ অসমাপ্ত থাকলে সেটি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য মস্তিষ্কে সক্রিয় থাকে। ফলে পরে আবার কাজ শুরু করা সহজ হয়। কিন্তু এই মানসিক সক্রিয়তারও মূল্য দিতে হয়। সপ্তাহের শেষে অসমাপ্ত কাজের সঙ্গে মানসিক চাপ, ঘুমের ব্যাঘাত এবং কাজ নিয়ে বারবার চিন্তা করার প্রবণতার সম্পর্ক পাওয়া গেছে।
মানসিক চাপ কমানোর পাঁচটি উপায়
১. সময় ধরে কাজের লক্ষ্য নির্ধারণ করুন
সব কাজ এক দিনে শেষ করতেই হবে—এমন চাপ নেওয়ার প্রয়োজন নেই। বরং কোন কাজ কখন করবেন, তার একটি বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করা জরুরি। দিনের শুরুতে কাজের অগ্রাধিকার ঠিক করা এবং সম্ভাব্য বাধাগুলো বিবেচনায় রাখলে কাজের ওপর নিয়ন্ত্রণের অনুভূতি বাড়ে।
কোনো কাজ শেষ না হলেও সেটি কীভাবে ও কখন শেষ করবেন, তা লিখে রাখুন। এতে মস্তিষ্কে বারবার কাজটি মনে রাখার চাপ কমে। পরিকল্পনা লিখিত থাকলে ভুলে যাওয়ার আশঙ্কাও কমে।
২. কাজের সময়ের বাইরে বিজ্ঞপ্তি বন্ধ রাখুন
মোবাইলের ই-মেইল ও বার্তা আদান-প্রদানের অ্যাপ মানুষকে সব সময় কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রাখে। ফলে অবসরেও মস্তিষ্ক কাজের সমস্যা সমাধানে ব্যস্ত থাকতে পারে। এতে ব্যক্তিগত ও কর্মজীবনের সীমারেখা অস্পষ্ট হয়ে যায়।
কাজের সময়ের বাইরে ই-মেইল দেখা বন্ধ রাখা অথবা নির্দিষ্ট সময়ে বার্তা পরীক্ষা করার অভ্যাস গড়ে তোলা যেতে পারে। ছুটির দিনেও একই নিয়ম মেনে চললে বিশ্রামের সময় কাজ থেকে মানসিক দূরত্ব তৈরি করা সহজ হয়।
৩. একসঙ্গে অনেক প্রকল্পে কাজ কমান
একটি কাজ থেকে আরেকটিতে বারবার মনোযোগ সরাতে হলে মস্তিষ্কের ওপর বাড়তি চাপ পড়ে। একই সময়ে অনেক প্রকল্প চালু রাখা কিংবা কম্পিউটারে অসংখ্য জানালা খোলা রাখাও তথ্যের অতিরিক্ত চাপ তৈরি করতে পারে।
সম্ভব হলে একটি কাজের নির্দিষ্ট ধাপ শেষ করে পরেরটিতে যাওয়া ভালো। এতে কর্মস্মৃতির ওপর চাপ কমে এবং নতুন কাজে মনোযোগ দেওয়ার জন্য মানসিক জায়গা তৈরি হয়।
৪. ছুটির আগে কাজের সময়সীমা ঠিক করুন
ঈদ, বড়দিন বা অন্য ছুটির আগে অসমাপ্ত কাজ জমে গেলে মানসিক চাপ বাড়তে পারে। ছুটিতে যাওয়ার আগে সব কাজ শেষ করা বাধ্যতামূলক নয়। তবে কোন কাজ কোথায় থামিয়ে যাচ্ছেন এবং ফিরে এসে কীভাবে শুরু করবেন, তা পরিষ্কার করে রাখা জরুরি।
কাজের অগ্রগতি, প্রয়োজনীয় নথি এবং পরবর্তী পদক্ষেপ লিখে রাখলে ছুটির সময় কাজ ভুলে যাওয়ার ভয় কমে।
৫. কাজ শেষের জন্য তৈরি করুন পরিবর্তনের অভ্যাস
কাজের পরিবেশ থেকে শারীরিকভাবে সরে আসাও মস্তিষ্ককে বিশ্রামের সংকেত দিতে পারে। বাড়িতে কাজ করলে কাজ শেষে অন্য ঘরে যাওয়া, কিছুক্ষণ হাঁটা কিংবা বাইরে থেকে ঘুরে আসার মতো অভ্যাস তৈরি করা যেতে পারে।
মনোবিজ্ঞানে দরজাপথ অতিক্রমের সঙ্গে স্মৃতির পরিবর্তনের একটি সম্পর্ককে ‘দরজাপথ প্রভাব’ বলা হয়। এক পরিবেশ থেকে অন্য পরিবেশে যাওয়ার সময় মস্তিষ্ক আগের কাজের তথ্য থেকে মনোযোগ সরিয়ে নতুন পরিস্থিতির জন্য জায়গা তৈরি করতে পারে। কাজের শেষে ল্যাপটপ অন্য ঘরে সরিয়ে রাখাও মানসিক দূরত্ব তৈরিতে সহায়ক হতে পারে।
অসমাপ্ত কাজ মানেই ব্যর্থতা নয়
অসমাপ্ত কাজ নিয়ে অতিরিক্ত চিন্তা মানুষের স্বাভাবিক প্রবণতা। তবে সব কাজ একই সময়ে শেষ করার চেষ্টা না করে পরিকল্পনা, অগ্রাধিকার এবং কাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার অভ্যাস গড়ে তোলা বেশি কার্যকর।
মনোবিজ্ঞানে ‘ওভসিয়ানকিনা প্রভাব’ নামে আরেকটি ধারণা রয়েছে। এতে বলা হয়, অসমাপ্ত কাজ শেষ করার তাগিদ মানুষকে আবার সেই কাজে ফিরিয়ে নিতে পারে। অর্থাৎ অসমাপ্ত কাজ সব সময় নেতিবাচক নয়; সঠিকভাবে সামলাতে পারলে তা কাজ শেষ করার প্রেরণাও জোগাতে পারে।
মূল বিষয় হলো, কখন অসমাপ্ত কাজের চিন্তা প্রয়োজনীয় এবং কখন তা অযথা মানসিক চাপ তৈরি করছে, সেই পার্থক্য বুঝতে শেখা। কাজের পরিকল্পনা লিখে রাখা, নির্দিষ্ট সময়ে কর্মজীবন থেকে বিচ্ছিন্ন হওয়া এবং একসঙ্গে অতিরিক্ত কাজ না নেওয়া—এই ছোট অভ্যাসগুলোই মস্তিষ্ককে বিশ্রামের সুযোগ দিতে পারে।












