ভারতের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন সামনে রেখে বিরোধী জোটের আসন সমঝোতা নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টির (এসপি) মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। আলোচনা চলার মধ্যেই এসপির পাঁচ প্রার্থীর প্রথম তালিকা প্রকাশের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন কংগ্রেসের উত্তর প্রদেশ শাখার কার্যকরী সভাপতি ও সংসদ সদস্য ইমরান মাসুদ। তাঁর প্রশ্ন, একদিকে জোটের আলোচনা চলবে, অন্যদিকে এককভাবে প্রার্থী ঘোষণা করা হবে—এতে সমঝোতার বিষয়ে এসপির আন্তরিকতা নিয়ে সন্দেহ তৈরি হওয়াই স্বাভাবিক।
বুধবার (২৫ নভেম্বর) এক বক্তব্যে মাসুদ বলেন, আসন ভাগাভাগি নিয়ে আলোচনার পাশাপাশি প্রার্থী ঘোষণার ঘটনা জোট গঠনের প্রক্রিয়াকে গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে কি না, সেই প্রশ্ন তুলছে।
২৬ আসনের প্রস্তাবে অসন্তোষ
মঙ্গলবার দিল্লিতে দুই দলের নেতাদের মধ্যে আসন সমঝোতা নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে এসপি উত্তর প্রদেশের ৪০৩টি আসনের মধ্যে কংগ্রেসকে প্রাথমিকভাবে ২৬টি আসন দেওয়ার প্রস্তাব দেয়। এর কয়েক ঘণ্টা পরই দলটি পাঁচ প্রার্থীর তালিকা প্রকাশ করে।
এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে মাসুদ বলেন, কংগ্রেস ২৬টি আসন চায়নি। আলোচনার পর এমন প্রস্তাব দেওয়ার ধরন নিয়েও তিনি আপত্তি তোলেন। তাঁর ভাষায়, কংগ্রেস কোনো ভিক্ষুক নয় যে তাদের সামনে নির্দিষ্টসংখ্যক আসন তুলে ধরলেই তা গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, একদিকে জোটের দায়িত্ব ও সমঝোতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ বক্তব্য দেওয়া হচ্ছে, অন্যদিকে একতরফাভাবে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। এই দুই অবস্থানের মধ্যে অসংগতি রয়েছে।
কংগ্রেসের চাওয়া আসনেই এসপির প্রার্থী
এসপির ঘোষিত পাঁচ প্রার্থী হলেন—বেহাট থেকে উমর আলি খান, সাহারানপুর থেকে আশু মালিক, কাইরানা থেকে নাহিদ হাসান, আমরোহা থেকে মাহবুব আলি এবং ললিতপুর থেকে জ্যোতি লোধি।
তালিকায় থাকা বেহাট ও সাহারানপুর আসন দুটি কংগ্রেসের সম্ভাব্য চাহিদার তালিকায় ছিল বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে উত্তর প্রদেশের ১৮১টি আসনের একটি সম্ভাব্য তালিকা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেলেও, দুই দলের কেউই সেই তালিকা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
সাহারানপুর আসনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই জেলা থেকেই ইমরান মাসুদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কংগ্রেস আগে থেকেই এই জেলার আসনগুলোতে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিজেদের মতামত রাখার দাবি জানিয়ে আসছিল।
মাসুদের প্রশ্ন, এসপি যদি তাঁর নির্বাচনী এলাকার আসনগুলোতে একতরফা প্রার্থী ঘোষণা করে, তাহলে দলটি আসলে কংগ্রেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, নাকি বিজেপির বিরুদ্ধে লড়তে চায়—সেটি স্পষ্ট হওয়া প্রয়োজন।
আলোচনায় বসা নিয়েও অনিশ্চয়তা
মাসুদ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে জোটের আলোচনা চালিয়ে যাওয়া উচিত কি না, তা কংগ্রেসের অভ্যন্তরে পর্যালোচনা করা হবে। পরবর্তী পদক্ষেপ কী হবে, সে সিদ্ধান্ত দলীয় পর্যায়েই নেওয়া হবে।
অন্যদিকে এসপি প্রধান অখিলেশ যাদব মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আসন্ন নির্বাচনকে বিরোধী জোটের জন্য ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ করেন। তাঁর বক্তব্য ছিল, সম্মিলিতভাবে লড়াই করলে বিজেপিকে পরাজিত করার সুযোগ তৈরি হতে পারে।
তবে এসপির জ্যেষ্ঠ নেতা শিবপাল যাদব জোটে ভাঙনের আশঙ্কা নাকচ করেছেন। তাঁর দাবি, দুই দলের মধ্যে কোনো বিরোধ নেই এবং জোট অটুট থাকবে।
আসন বণ্টন নিয়ে প্রকাশ্য এই মতবিরোধ উত্তর প্রদেশের বিরোধী রাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। বিজেপির বিরুদ্ধে যৌথভাবে নির্বাচনে লড়ার লক্ষ্য থাকলেও প্রার্থী ঘোষণা ও আসন ভাগাভাগির প্রশ্নে দুই দলের অবস্থান কতটা কাছাকাছি আসে, এখন সেটিই দেখার বিষয়।












