ঢাকা, ২৪ নভেম্বর—বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। বিক্ষোভের কারণে উৎপাদন ব্যাহত হয়েছে এবং কয়েক ডজন কারখানা কার্যক্রম স্থগিত রাখতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশে নভেম্বরের শুরু থেকে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় কারখানা বন্ধ এবং শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটছে। এসব ঘটনায় এমন একটি শিল্পের উৎপাদন ব্যয় ও প্রতিযোগিতামূলক সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, যে শিল্পের পণ্য এইচঅ্যান্ডএম, গ্যাপ ও ওয়ালমার্টের মতো আন্তর্জাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান কিনে থাকে।
দেশের পোশাকশিল্পে ৪০ লাখের বেশি শ্রমিক কাজ করেন। এ খাত থেকে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে।
সরকারের নিয়োগ করা মজুরি বোর্ড মঙ্গলবার পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে আলোচনা করছিল। এর আগের দিন কারখানার মালিকেরা তাঁদের প্রস্তাব বোর্ডের কাছে জমা দেন। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, আলোচনা চলছিল। মঙ্গলবারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গাজীপুরে সড়ক অবরোধ, পুলিশের কাঁদানে গ্যাস
ঢাকার উপকণ্ঠে গাজীপুরে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর শ্রমিকেরা একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করেন এবং বিভিন্ন স্থানে আগুন জ্বালান। অবরোধ সরিয়ে নিতে অস্বীকৃতি জানালে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
গাজীপুর শিল্প পুলিশের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, “কোনো শ্রমিক মারা যাননি।”
পরবর্তী সময়ে কর্তৃপক্ষ আশপাশের দোকানপাট বন্ধ করে দেয় এবং সড়কটিতে আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করে। অবরোধের কারণে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি
বর্তমানে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। খাদ্য, বাসস্থান ও পরিবহন ব্যয় ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় শ্রমিকেরা এই মজুরি দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি জানাচ্ছেন।
তবে শিল্প খাতের নেতারা বলছেন, মজুরি ১৫ শতাংশের বেশি বাড়ানো হলে তা শিল্পের জন্য টেকসই হবে না। তাঁদের মতে, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা দুর্বল হয়ে পড়ায় পোশাকশিল্প এমনিতেই চাপের মধ্যে রয়েছে।
১৮ দিনে ৪২ কোটি ৮০ লাখ ডলারের উৎপাদন ক্ষতি
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) হিসাব অনুযায়ী, ১৮ দিনের অস্থিরতায় ৩১৭টি কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। এতে প্রায় ৪২ কোটি ৮০ লাখ ডলারের উৎপাদন ক্ষতি হয়েছে।
এ ছাড়া পণ্য সরবরাহে বিলম্বের আশঙ্কায় আন্তর্জাতিক ক্রেতারা প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ প্রতিযোগী দেশগুলোর দিকে সরিয়ে নিয়েছেন।
ডলারের বিনিময় হার ১ ডলার সমান ১২৪ টাকা ৪০ পয়সা ধরে এই ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
প্রতিবেদন: রুমা পল












