বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) মধ্যরাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি দলীয় ফেস্টুন ও ব্যানার পুড়ে গেছে। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন উপজেলা বিএনপির নেতারা। তবে অগ্নিসংযোগের সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে দুই থেকে তিনজন অজ্ঞাতপরিচয় যুবক আগুন দেয়। এতে কার্যালয়ের সামনে রাখা কয়েকটি ফেস্টুন ও ব্যানার পুড়ে যায়।
ঘটনার খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির অভিযোগ
অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার।
তিনি অভিযোগ করেন, সারা দেশে আওয়ামী লীগ আগুন-সন্ত্রাস শুরু করেছে। এরই ধারাবাহিকতায় নন্দীগ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
জড়িতদের শনাক্তে পুলিশের চেষ্টা
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান তিনি।












