দেশের মাঝারি ও বড় শিল্পকারখানায় চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে প্রকৃত উৎপাদনে কোনো প্রবৃদ্ধি হয়নি। কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংকট বেড়ে যাওয়াকে এর কারণ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) ‘ইন্ডাস্ট্রি ১০০’ জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপের ফল মঙ্গলবার বিআইডিএসে প্রকাশ করা হয়।
জরিপ অনুযায়ী, ২০২৫ সালের গড় প্রান্তিকের তুলনায় এপ্রিল-জুনে প্রকৃত উৎপাদন ০ দশমিক ৪ শতাংশ কম ছিল। গ্রিডের বিদ্যুৎ বিভ্রাট দ্বিগুণ হয়ে দিনে গড়ে ৪ দশমিক ১ ঘণ্টায় পৌঁছেছে। পাইপলাইনের গ্যাস ব্যবহারকারী কারখানায় গ্যাসের ঘাটতি প্রায় চার গুণ বেড়ে দিনে ৩ দশমিক ২ ঘণ্টা হয়েছে। আগে তা ছিল ০ দশমিক ৯ ঘণ্টা। গ্রিডের বিদ্যুৎ ব্যবহারকারী ১২৮টি কারখানার মধ্যে ১১৬টি জানিয়েছে, এপ্রিল-জুনে বিভ্রাট আগের চেয়ে দীর্ঘ হয়েছে।
কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রভাব এতটাই বড় যে প্রায় চার-পঞ্চমাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহকে ব্যবসার সবচেয়ে বড় বাধা বলেছে। গ্রিডের বিদ্যুতের মানে সন্তুষ্ট কারখানা ২০২৫ সালের ৩৮ শতাংশ থেকে নেমে এসেছে ৭ শতাংশে। গ্যাস সরবরাহে সন্তুষ্টি ৭০ শতাংশ থেকে নেমেছে ১৭ শতাংশে। কারখানার সক্ষমতা ব্যবহারের হার ৬৭ শতাংশ থেকে সামান্য কমে ৬৬ শতাংশ হয়েছে। অর্ধেকের কম সক্ষমতায় চলা কারখানা ১৯ থেকে বেড়ে ২৮টি হয়েছে।
খাতভেদে চিত্র আলাদা। টেক্সটাইলে সক্ষমতা ব্যবহার ৭৩ শতাংশ থেকে কমে ৫৫ শতাংশে নেমেছে এবং প্রকৃত উৎপাদন কমেছে ২০ শতাংশ। অন্যদিকে তৈরি পোশাকে প্রকৃত উৎপাদন ২ শতাংশ বেড়েছে। এ খাতে সক্ষমতা ব্যবহার ৬৮ শতাংশ থেকে বেড়ে ৭০ শতাংশ হয়েছে। ৪০টি কারখানার উৎপাদন ৫ শতাংশের বেশি বেড়েছে, আবার ৩০টির উৎপাদন ৫ শতাংশের বেশি কমেছে। উৎপাদিত পণ্যের দাম বেড়েছে ১ দশমিক ১ শতাংশ।
কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংকটের পাশাপাশি খরচের চাপও বেড়েছে। প্রতিটি কারখানার গড় ত্রৈমাসিক জ্বালানি ব্যয় ৫ শতাংশ বেড়ে ৩ কোটি ১৬ লাখ টাকা থেকে ৩ কোটি ৩২ লাখ টাকা হয়েছে। বিদ্যুতের খরচ বেড়েছে ৮ শতাংশ, জেনারেটরের জ্বালানির খরচ ১৫ শতাংশ ও এলপিজির খরচ ২৫ শতাংশ। গ্যাসের খরচ অবশ্য ৪ শতাংশ কমেছে। মালবহনের খরচও ১০ শতাংশ বেড়েছে। বিনিয়োগে বড় ধাক্কা লেগেছে। প্রতিটি কারখানার গড় ত্রৈমাসিক যন্ত্রপাতি কেনার ব্যয় ২০২৫ সালের ১ কোটি ৭৬ লাখ টাকা থেকে নেমে এসেছে মাত্র ১১ লাখ টাকায়। কর্মসংস্থান ১ শতাংশ কমে ১ লাখ ৩৭ হাজার ১০০ থেকে ১ লাখ ৩৫ হাজার ৭০০ জনে নেমেছে।
জরিপে ১৪টি খাতের ১৩০টি মাঝারি ও বড় কারখানাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো মাঝারি ও বড় শিল্পের প্রায় ৯০ শতাংশ উৎপাদনের প্রতিনিধিত্ব করে। বিআইডিএসের গবেষণা পরিচালক কাজী ইকবাল ফল উপস্থাপন করেন। অনুষ্ঠানে ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক।
জরিপের ফল আগে প্রকাশিত কিছু সূচকের চেয়ে ভিন্ন। বিবিএসের বৃহৎ শিল্পের উৎপাদন সূচক এপ্রিল-জুনে আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেড়েছিল। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ওই প্রান্তিকে দুটি ঈদের ছুটি ছিল বলে সেটি দুর্বল ছিল। ২০২৫ সালের গড় প্রান্তিকের সঙ্গে তুলনা করলে ওই সূচক ২ দশমিক ১ শতাংশ কমেছে। জুলাই-সেপ্টেম্বরে উৎপাদন সামান্য বাড়বে বলে কারখানাগুলো আশা করছে। জরিপের দ্বিতীয় দফা এখন চলছে।












