বাংলাদেশ ব্যাংক একক ঋণগ্রহীতার মোট ঋণের সীমা এবং ব্যাংকের ঋণ পোর্টফোলিওতে করপোরেট ঋণের অংশ বেঁধে দেওয়ার পরিকল্পনা করছে। কয়েকজন গ্রাহকের হাতে ঋণ কেন্দ্রীভূত হয়ে ব্যাংক খাত যে ঝুঁকিতে পড়েছে, তা কমানোই এর উদ্দেশ্য। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, করপোরেট ঋণের সীমা সম্ভবত ৪৫ শতাংশ হতে পারে। নীতিটি এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে আছে।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কোনো একক ঋণগ্রহীতা একটি ব্যাংক থেকে ওই ব্যাংকের মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ ঋণ নিতে পারেন। কিন্তু পুরো ব্যাংক খাত থেকে একজন গ্রাহক মোট কত ঋণ নিতে পারবেন, তার কোনো সীমা নেই। একইভাবে একটি ব্যাংক তার ঋণের কত অংশ করপোরেট খাতে দেবে, তারও কোনো সীমা নেই। কিছু ব্যাংকের প্রায় ৯৫ শতাংশ ঋণই করপোরেট খাতে কেন্দ্রীভূত।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ ইতিমধ্যে একটি ধারণাপত্র তৈরি করেছে। নীতি তৈরির জন্য শিগগিরই একটি কমিটি গঠন করা হবে। একজন ঋণগ্রহীতা বা প্রতিষ্ঠানের মোট ঋণের সীমা ঠিক হবে নয়টি সূচকের ভিত্তিতে। এর মধ্যে আছে মূলধন, নগদ প্রবাহ, ঋণ পরিশোধের সক্ষমতা, আচরণ, প্রতিষ্ঠানের ধরন ও ভবিষ্যৎ সম্ভাবনা। ফলে সীমা সব গ্রাহকের জন্য এক হবে না। কর্মকর্তারা জানান, একটি গ্রুপের কাছেই ৪০টির বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ আছে। এই ঝুঁকি থেকেই নীতিটির ভাবনা এসেছে।
কয়েকটি সরকারি ব্যাংক বড় ঋণের কেন্দ্রীভবনের কারণে খেলাপি ঋণ, প্রভিশন ঘাটতি ও মূলধন ঘাটতিতে ভুগছে। কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির পরও তারা বড় ঋণের সীমা ছাড়িয়েছে। তথ্য অনুযায়ী, জনতা ব্যাংকে বড় ঋণগ্রহীতার সংখ্যা সবচেয়ে বেশি, ৬৭ জন। একক ঋণগ্রহীতার ২৫ শতাংশের সীমা ভাঙা গ্রাহকের অনুপাতও এই ব্যাংকে সবচেয়ে বেশি। বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন ২০২৫ বলছে, ব্যাংকগুলোর করপোরেট খাতে ঋণের অংশ ৪৫ দশমিক ৮৫ শতাংশ। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, শীর্ষ দুই ঋণগ্রহীতা খেলাপি হলে ১৩টি ব্যাংকের মূলধন পর্যাপ্ততায় বড় অবনতি হবে।
গভর্নর মো. মোস্তাকুর রহমান সম্প্রতি এক সম্মেলনে বলেছেন, করপোরেট ঋণের সীমা ৪৫ শতাংশ করার কাজ চলছে। বাকি ৫৫ শতাংশ থাকবে খুচরা ও ক্ষুদ্র-মাঝারি ঋণের জন্য। এখন বেসরকারি ব্যাংকগুলোর ঋণের ৭০ থেকে ৮০ শতাংশই যায় করপোরেট গ্রাহকের কাছে। ফলে ছোট ব্যবসা ও ব্যক্তির জন্য ঋণের জায়গা কম থাকে।
করপোরেট ঋণের সীমা নিয়ে ব্যাংকাররা উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন, তবে সতর্কও করেছেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, এটি ভারসাম্যপূর্ণ আর্থিক খাতের দিকে ইতিবাচক পদক্ষেপ। তবে বাস্তবায়ন ধাপে ধাপে এবং দেশের অর্থনৈতিক বাস্তবতা মেনে হওয়া উচিত। তাঁর মতে, ব্যাংকের ঋণ কমলে কর্পোরেট বন্ড ও শেয়ারবাজারকে বড় ভূমিকা নিতে হবে। পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী বলেন, মোট ঋণের একটি সীমা খুবই দরকার। কারণ একজন গ্রাহক একাধিক ব্যাংক থেকে ঋণ নিলে সব মিলিয়ে হিসাব রাখার কেউ থাকে না। তিনি আরও বলেন, ক্ষুদ্র-মাঝারি ও কৃষি ঋণ কদাচিৎ খারাপ হয়, অথচ একটি বড় করপোরেট ঋণ খারাপ হলে ব্যাংকে বড় সমস্যা তৈরি হয়।












