পৃথিবীকে সম্ভাব্য গ্রহাণুর আঘাত থেকে রক্ষার সক্ষমতা যাচাইয়ে এক ঐতিহাসিক পরীক্ষা চালিয়েছিল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ২০২২ সালে ইচ্ছাকৃতভাবে একটি মহাকাশযান পাঠিয়ে গ্রহাণুর সঙ্গে সংঘর্ষ ঘটানো হয়। সম্প্রতি প্রকাশিত নতুন ছবিতে দেখা গেছে, সেই আঘাতে গ্রহাণুটির পৃষ্ঠে তৈরি হয়েছে একটি বিশাল গর্ত, যার আয়তন একটি স্টেডিয়ামের সমান।
পরীক্ষাটির লক্ষ্য ছিল, কোনো বিপজ্জনক গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে এলে সেটির গতিপথ পরিবর্তন করা সম্ভব কি না, তা যাচাই করা।
নাসার প্রকাশিত ভিডিওতে ২০২২ সালে মহাকাশযানটির সঙ্গে গ্রহাণুর সংঘর্ষের মুহূর্ত দেখা গেছে। নতুন ছবিতে সংঘর্ষের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির ব্যাপ্তিও স্পষ্ট হয়েছে।
পরীক্ষায় লক্ষ্যবস্তু ছিল ডিমরফোস নামের একটি গ্রহাণু। এটি পৃথিবীর জন্য কোনো হুমকি ছিল না। বরং পৃথিবীর প্রতিরক্ষাব্যবস্থা বা গ্রহীয় প্রতিরক্ষা সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবেই গ্রহাণুটিকে বেছে নেওয়া হয়েছিল।
সংঘর্ষের পর কী ঘটেছে?
ঘটনার চার বছর পর ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) হেরা নামের একটি মহাকাশযান ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে। সংঘর্ষের পর গ্রহাণুটির পৃষ্ঠে কী ধরনের পরিবর্তন হয়েছে, আঘাতের প্রভাব কতটা বিস্তৃত এবং ভবিষ্যতে এমন পদ্ধতি কতটা কার্যকর হতে পারে, তা বিস্তারিতভাবে মূল্যায়ন করাই হেরা অভিযানের উদ্দেশ্য।
এই পর্যবেক্ষণ থেকে বিজ্ঞানীরা জানতে পারবেন, মহাকাশযানের আঘাতে গ্রহাণুর গঠন ও গতিপথে কী ধরনের পরিবর্তন ঘটে।
কেন গুরুত্বপূর্ণ এই পরীক্ষা?
মহাকাশ থেকে বড় কোনো গ্রহাণু পৃথিবীতে আঘাত হানলে তা ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করতে পারে। এমন ঝুঁকি মোকাবিলায় আগেভাগে গ্রহাণুর গতিপথ পরিবর্তনের প্রযুক্তি তৈরি করা গুরুত্বপূর্ণ।
নাসার এই পরীক্ষা দেখিয়েছে, পরিকল্পিত সংঘর্ষের মাধ্যমে গ্রহাণুর ওপর প্রভাব সৃষ্টি করা সম্ভব। আর হেরা অভিযানের পর্যবেক্ষণ সেই প্রযুক্তির কার্যকারিতা সম্পর্কে আরও নির্ভরযোগ্য তথ্য দেবে।
ভবিষ্যতে পৃথিবীর দিকে ধেয়ে আসা কোনো বিপজ্জনক মহাকাশীয় বস্তুকে সময়মতো শনাক্ত করে তার গতিপথ পরিবর্তনের ক্ষেত্রে এই গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।












