যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে দীর্ঘদিন ধরে সংরক্ষিত প্রায় পাঁচ টন অত্যন্ত বিপজ্জনক সিসাভিত্তিক বিস্ফোরক নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে দেশটির সেনাবাহিনী। বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় সকালে পরিচালিত এ অভিযানে ৬৮টি জরাজীর্ণ প্লাস্টিকের ড্রামে রাখা বিস্ফোরক পদার্থ ধ্বংস করা হয়। অভিযান সফল হয়েছে বলে ঘোষণা দিয়েছে মার্কিন সেনাবাহিনী। বিস্ফোরণের পরপরই পরিবেশে সিসার উপস্থিতি শনাক্ত হয়নি বলে জানিয়েছে দেশটির পরিবেশ সুরক্ষা সংস্থা।
আইওয়ার গ্রামীণ শহর মিডলটাউনের কাছে অবস্থিত আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে এ অভিযান পরিচালিত হয়। বিপজ্জনক বিস্ফোরকগুলো দীর্ঘদিন ধরে সেখানে সংরক্ষিত ছিল। রাসায়নিক পদার্থ ও সেগুলো রাখার ড্রামগুলো ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছিল। ফলে যেকোনো সময় স্বতঃস্ফূর্ত বিস্ফোরণের আশঙ্কা তৈরি হয়েছিল।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, প্রায় ৪ হাজার ৫০০ কেজি লেড অ্যাজাইড নামের উচ্চমাত্রার বিস্ফোরক ধ্বংস করা হয়েছে। সামরিক অস্ত্রের বিস্ফোরক সক্রিয় করার কাজে একসময় বহুল ব্যবহৃত হলেও পদার্থটি বর্তমানে অনেকটাই অপ্রচলিত।
বিস্ফোরণের আগে সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের
বিস্ফোরণের সম্ভাব্য ক্ষতি এবং বিষাক্ত সিসার ধুলা ছড়িয়ে পড়ার আশঙ্কায় অভিযান শুরুর আগেই মিডলটাউনের কাছাকাছি এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। অন্য বাসিন্দাদের নিজ নিজ বাড়ির ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছিল।
স্থানীয় সময় সকাল ৯টায় বিস্ফোরণটি ঘটানো হয়। এর প্রায় এক ঘণ্টার মধ্যে মার্কিন সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সচিব অ্যাডাম টেলে অভিযানকে প্রত্যাশার চেয়েও সফল বলে ঘোষণা করেন।
তিনি জানান, নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বিপজ্জনক রাসায়নিক পদার্থগুলো ধ্বংস করা সম্ভব হয়েছে। এর ফলে ভবিষ্যতে ড্রামগুলো থেকে স্বতঃস্ফূর্ত বিস্ফোরণের আশঙ্কা দূর হয়েছে।
অভিযানের দায়িত্বে থাকা সেনাবাহিনীর কর্নেল অ্যারন টেলার জানান, বিস্ফোরণের অভিঘাত ও ক্ষতিকর নির্গমন সীমিত রাখতে বিশেষ নিয়ন্ত্রণব্যবস্থা নেওয়া হয়েছিল। সবগুলো বিস্ফোরকভর্তি ড্রাম ধ্বংস করা হয়েছে। কোনো দ্বিতীয় বিস্ফোরণ কিংবা স্থাপনার ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।
বাতাসে সিসা শনাক্ত হয়নি, তবু উদ্বেগ কাটেনি
বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) জানায়, তাৎক্ষণিক বায়ু পর্যবেক্ষণে আশপাশের এলাকায় বাতাসে সিসার উপস্থিতি শনাক্ত হয়নি।
তবে নিরাপত্তার স্বার্থে বাসিন্দাদের কয়েক ঘণ্টা ঘরের ভেতরে থাকতে বলা হয়। বিস্ফোরণের ছয় ঘণ্টারও বেশি সময় পর ফেডারেল জরুরি ব্যবস্থাপনা সংস্থা বাসিন্দাদের মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফেরার অনুমতি দেয়।
এরপরও স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে উদ্বেগ ও সংশয় রয়ে গেছে। কারণ সিসা পরিবেশে ছড়িয়ে পড়লে তা সহজে নষ্ট হয় না। বিশেষ করে শিশুদের শরীরে সিসার প্রভাব মারাত্মক হতে পারে। এটি তাদের মস্তিষ্কের বিকাশ ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতার ক্ষতি করতে পারে।
‘শূন্য মাত্রা’ নিয়ে বিশেষজ্ঞদের প্রশ্ন
পরিবেশ সুরক্ষা সংস্থার প্রাথমিক প্রতিবেদনে বাতাসে সিসার উপস্থিতি না পাওয়ার বিষয়টি আশাব্যঞ্জক হলেও স্বাধীন বিশেষজ্ঞরা একে চূড়ান্ত নিরাপত্তার প্রমাণ হিসেবে দেখছেন না।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আরভিন ক্যাম্পাসের পরিবেশস্বাস্থ্য বিশেষজ্ঞ জুন উ বলেন, বায়ু পর্যবেক্ষণ যন্ত্রে সিসা শনাক্ত না হওয়া মানেই বিস্ফোরণের পর কোনো সিসা মাটিতে জমা হয়নি, এমন নয়।
তার মতে, পর্যবেক্ষণ যন্ত্র নির্দিষ্ট স্থানে কার্যকরভাবে কাজ করলেও অল্প সময়ের জন্য তৈরি হওয়া দূষণের মাত্রা কিংবা অন্য এলাকায় ছড়িয়ে পড়া কণা শনাক্ত করতে ব্যর্থ হতে পারে। যন্ত্রের শনাক্তকরণ ক্ষমতাও এখানে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, যন্ত্রে শূন্য দেখানোর অর্থ হতে পারে সিসার মাত্রা শনাক্ত করার সীমার নিচে ছিল। তাই বিস্ফোরণের পর মাটি ও ধুলার নমুনা পরীক্ষা করে আগের অবস্থার সঙ্গে তুলনা করা জরুরি।
ইপিএ জানিয়েছে, বিস্ফোরণের আগে সংগ্রহ করা ১ হাজার ২০০টির বেশি নমুনার সঙ্গে নতুন নমুনা তুলনা করা হবে। বায়ু, মাটি ও পানির নমুনা সংগ্রহের কাজও চালানো হবে।
৩৫০টি খামার নিয়ে পরিবেশগত শঙ্কা
বিস্ফোরণের আগে মার্কিন সেনাবাহিনীর পূর্বাভাসে বলা হয়েছিল, সিসাযুক্ত ধুলা বিস্ফোরণস্থল থেকে প্রায় ৪০ মাইল দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। বাতাসের গতিপথ অনুকূলে থাকলে ক্ষুদ্র কণাগুলো আট ঘণ্টার মধ্যে প্রায় ১০০ মাইল পর্যন্ত পৌঁছানোর আশঙ্কাও ছিল।
এ কারণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ও আইওয়া অঙ্গরাজ্যের কৃষি কর্মকর্তারা সম্ভাব্য দূষণের ঝুঁকিতে থাকা প্রায় ৩৫০টি খামার চিহ্নিত করেছিলেন। আশঙ্কা ছিল, সিসার কণা কৃষিজমি, ফসল, গবাদিপশু ও বসতবাড়িতে ছড়িয়ে পড়তে পারে।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে অব্যবহৃত লেড অ্যাজাইডের মজুত আইওয়ায় স্থানান্তর করা হয়েছিল। চলতি বছরের মার্চে এক পরিদর্শনে সংরক্ষণের ড্রাম ও ভেতরের রাসায়নিক পদার্থে বিপজ্জনক মাত্রায় স্ফটিক জমার বিষয়টি ধরা পড়ে। এতে বিস্ফোরকগুলো অত্যন্ত অস্থিতিশীল হয়ে ওঠার প্রমাণ পাওয়া যায়।
পরিস্থিতি মোকাবিলায় বিস্ফোরকগুলো ধ্বংসের সিদ্ধান্ত নেয় সেনাবাহিনী। তবে পরিকল্পনাটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদ ও আইনি জটিলতা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সম্ভাব্য অনিয়ন্ত্রিত বিস্ফোরণের ঝুঁকি এড়াতে নিয়ন্ত্রিত বিস্ফোরণের পথ বেছে নেয় কর্তৃপক্ষ।












