যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের সাম্প্রতিক উষ্ণতা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক প্রশ্ন সামনে এনেছে: দুই পরাশক্তির মধ্যে সমঝোতার সুযোগ কি শেষ পর্যন্ত বেইজিংয়ের কৌশলগত অবস্থানকেই শক্তিশালী করছে? ডোনাল্ড ট্রাম্প ও শি চিনপিংয়ের ধারাবাহিক বৈঠক আপাতদৃষ্টিতে উত্তেজনা প্রশমনের ইঙ্গিত দিলেও বাস্তব পরিস্থিতি বলছে, এই কূটনৈতিক ঘনিষ্ঠতার সুবিধা দুই দেশ সমানভাবে পাচ্ছে না। বরং ওয়াশিংটনের অভ্যন্তরীণ অস্থিরতা এবং বেইজিংয়ের রাজনৈতিক ধারাবাহিকতার ব্যবধান চীনের জন্য নতুন সুযোগ তৈরি করছে।
২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর দুই নেতার যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মে ও সেপ্টেম্বরে দুটি রাষ্ট্রীয় সফর, নভেম্বরে শেনঝেনে এপেক সম্মেলনের ফাঁকে বৈঠক এবং ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলন—সব মিলিয়ে দুই নেতার মধ্যে নিয়মিত যোগাযোগের একটি ধারা তৈরি হয়েছে।
শীতল যুদ্ধের সময় প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর সম্পর্কের এমন পরিবর্তনকে সাধারণত উত্তেজনা প্রশমন বা ডিটঁত বলা হতো। কিন্তু বর্তমান পরিস্থিতি আরও জটিল। চীন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সমকক্ষ বৈশ্বিক শক্তি হিসেবে স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্থনৈতিক ও সামরিক শ্রেষ্ঠত্ব ধরে রাখা। দুই দেশের এই পরস্পরবিরোধী আকাঙ্ক্ষার মধ্যেই ট্রাম্পের লেনদেননির্ভর কূটনীতি এগোচ্ছে।
সমস্যা হলো, একের পর এক বৈঠকে ট্রাম্পের অবস্থান ক্রমেই শি চিনপিংয়ের কূটনৈতিক অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠছে। এতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের অবস্থান এবং চীনের ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে ব্যবধান নতুন করে আলোচনায় আসছে।
ওয়াশিংটনের অস্থিরতা, বেইজিংয়ের স্থিতিশীলতা
শেনঝেনের এপেক সম্মেলনের আয়োজন ও দুই নেতার উপস্থিতি আন্তর্জাতিক শক্তির ভারসাম্য নিয়ে প্রতীকী বার্তা দিয়েছে। মন্টেইনের ইনস্টিটিউটের সাবেক কূটনীতিক মিশেল দ্যুক্লো এক বিশ্লেষণে যে ‘যুক্তরাষ্ট্র-পরবর্তী বিশ্বব্যবস্থার’ উত্থানের কথা বলেছেন, সম্মেলনের দৃশ্যপটকে তারই প্রতিফলন হিসেবে দেখা যেতে পারে।
ট্রাম্প যে জাতীয় শক্তি ও শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে দুইবার নির্বাচিত হয়েছেন, তাঁর শাসনামলে সেই লক্ষ্য বাস্তবায়নের বদলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভক্তি ও প্রশাসনিক অনিশ্চয়তা আরও স্পষ্ট হয়েছে। অন্যদিকে শি চিনপিং চীনের ক্ষমতার কেন্দ্রে নিজের অবস্থান সুসংহত রেখেছেন। শেনঝেনে তাঁর পাশে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিও এই কূটনৈতিক দৃশ্যপটকে আরও তাৎপর্যপূর্ণ করেছে।
৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক ধাক্কা খাওয়ার পর ট্রাম্প আন্তর্জাতিক মঞ্চে শক্তিশালী নেতৃত্বের ছবি তুলে ধরতে আগ্রহী ছিলেন। কিন্তু এসব ছবি অনেক ক্ষেত্রে তাঁকে সমমর্যাদার অংশীদারের বদলে শি চিনপিংয়ের পাশে অপেক্ষাকৃত গৌণ ভূমিকায় উপস্থাপন করেছে। চীনের জন্য এই দৃশ্যপট অস্বস্তিকর হওয়ার কোনো কারণ ছিল না।
বাণিজ্যযুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল
ট্রাম্প প্রশাসন ক্ষমতায় ফেরার পরপরই চীনের বিরুদ্ধে নতুন করে বাণিজ্যযুদ্ধ শুরু করেছিল। কিন্তু এই সংঘাত দ্রুতই যুক্তরাষ্ট্রের প্রত্যাশিত ফল দিতে ব্যর্থ হয়। চীন এমন একটি ক্ষেত্রে পাল্টা চাপ প্রয়োগ করে, যেখানে তার নিয়ন্ত্রণ ও প্রভাব সবচেয়ে বেশি—বিরল খনিজের রপ্তানি।
আধুনিক প্রযুক্তি, বৈদ্যুতিক যানবাহন, প্রতিরক্ষা সরঞ্জাম এবং বিভিন্ন শিল্পের উৎপাদনে এসব খনিজের গুরুত্ব অপরিসীম। ফলে চীনের রপ্তানি নিয়ন্ত্রণের হুমকি যুক্তরাষ্ট্রের জন্য বাস্তব অর্থনৈতিক ও কৌশলগত চাপ তৈরি করে। শেষ পর্যন্ত একই বছরের অক্টোবরে দুই দেশ বাণিজ্যিক সংঘাত সাময়িকভাবে স্থগিত রাখার সমঝোতায় পৌঁছায়।
এই সমঝোতা চীনের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতের মধ্যেও বেইজিং দেখাতে পেরেছে যে, পাল্টা ব্যবস্থা নেওয়ার মতো অর্থনৈতিক সক্ষমতা তার রয়েছে।
এদিকে আন্তর্জাতিক জনমতেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। পিউ রিসার্চ সেন্টারের বিভিন্ন দেশের জনমত জরিপে দেখা যাচ্ছে, অনেক দেশে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের ভাবমূর্তি ইতিবাচক হয়েছে। চীনকে এই অবস্থানে যেতে নতুন কোনো বড় কূটনৈতিক উদ্যোগ নিতে হয়নি; বরং যুক্তরাষ্ট্রের নীতিগত অস্থিরতা ও মিত্রদের সঙ্গে টানাপোড়েনই এই পরিবর্তনের পেছনে ভূমিকা রেখেছে।
মিত্রদের সঙ্গে দূরত্ব এবং এশিয়ায় সামরিক চাপ
যুক্তরাষ্ট্রের বৈশ্বিক শক্তির অন্যতম ভিত্তি তার সামরিক ও কূটনৈতিক জোট। কিন্তু ট্রাম্প দ্বিতীয় মেয়াদে এসব সম্পর্ককে আরও অনিশ্চিত করে তুলেছেন। দীর্ঘদিনের মিত্রদের সঙ্গে বিরোধ যুক্তরাষ্ট্রের সম্মিলিত প্রভাবকে দুর্বল করছে।
এর পাশাপাশি ইরানের বিরুদ্ধে নতুন সামরিক সংঘাতে জড়িয়ে পড়া ওয়াশিংটনের জন্য বাড়তি চাপ তৈরি করেছে। চীনের মিত্র হিসেবে পরিচিত ইরানের বিরুদ্ধে এই সংঘাত যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার সীমাবদ্ধতাও সামনে এনেছে। মধ্যপ্রাচ্যে সামরিক সম্পদ ও মনোযোগ বাড়ানোর ফলে এশিয়ায় মোতায়েন মার্কিন বাহিনীর ওপরও চাপ তৈরি হয়েছে।
চীনের জন্য পরিস্থিতিটি কৌশলগতভাবে সুবিধাজনক। কারণ, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ও প্রতিরোধক্ষমতা কমে গেলে বেইজিংয়ের আঞ্চলিক প্রভাব বিস্তারের সুযোগ বাড়ে।
তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনের দ্বিধা
চীনের কাছে তাইওয়ান সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত ও রাজনৈতিক প্রশ্নগুলোর একটি। স্বশাসিত এই দ্বীপকে বেইজিং নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তাইওয়ানের নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখতে সহায়তা দিয়ে আসছে।
কিন্তু ট্রাম্প প্রশাসন তাইওয়ানের জন্য প্রস্তাবিত ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত চূড়ান্ত করতে বিলম্ব করছে। এই বিলম্ব বেইজিংয়ের জন্য ইতিবাচক সংকেত হিসেবে বিবেচিত হতে পারে।
যুক্তরাষ্ট্রের রক্ষণশীল থিঙ্কট্যাঙ্ক হেরিটেজ ফাউন্ডেশনও আগস্টে তাইওয়ান প্রণালিতে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে জুলাই ও সেপ্টেম্বরে দক্ষিণ চীন সাগরের একটি বিতর্কিত প্রবালপ্রাচীর ঘিরে ফিলিপাইনের বিরুদ্ধে চীনের আগ্রাসী তৎপরতার সময়ও ওয়াশিংটনের প্রতিক্রিয়া ছিল সীমিত।
এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তৈরি করছে। তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরের মতো স্পর্শকাতর এলাকায় ওয়াশিংটন যদি দৃঢ় অবস্থান নিতে ব্যর্থ হয়, তাহলে আঞ্চলিক মিত্রদের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।
প্রযুক্তি প্রতিযোগিতায় প্রশাসনিক বিভক্তি
কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে আধিপত্য প্রতিষ্ঠা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান কৌশলগত লক্ষ্য। কিন্তু এই ক্ষেত্রেও ট্রাম্প প্রশাসনের নীতিগত অসংগতি স্পষ্ট হয়ে উঠছে।
২৩ নভেম্বর এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংকে ঘিরে বহুল আলোচিত অপসারণ ও পুনর্বহালের ঘটনাটি সেই সমস্যারই উদাহরণ। মার্কিন প্রেসিডেন্টের চাপের মুখে এই প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানকে ঘিরে যে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়, তা প্রশাসনের অভ্যন্তরে চীননীতি নিয়ে মতপার্থক্য প্রকাশ করেছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠানের নেতৃত্বকে ঘিরে এমন ঘটনা শুধু একটি করপোরেট বিরোধ নয়। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব, বাজারের স্থিতিশীলতা এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত। কৃত্রিম বুদ্ধিমত্তায় চীনের অগ্রগতি ঠেকাতে যেখানে সমন্বিত নীতি প্রয়োজন, সেখানে ব্যবসায়িক স্বার্থ ও রাজনৈতিক সিদ্ধান্তের সংঘাত মার্কিন কৌশলকে দুর্বল করতে পারে।
ওয়াশিংটনের কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসে সেপ্টেম্বরে প্রকাশিত এক বিশ্লেষণে ফুদান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউটের ডিন ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা উ সিনবো ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের শক্তি হ্রাসের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেছেন। তাঁর মূল্যায়নে বিশেষ গুরুত্ব পেয়েছে যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক ও রাজনৈতিক আকর্ষণক্ষমতা, অর্থাৎ সফট পাওয়ারের দুর্বলতা।
চীনের দীর্ঘমেয়াদি প্রস্তুতি
যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের সাময়িক উষ্ণতাকে বেইজিং কেবল তাৎক্ষণিক কূটনৈতিক সুবিধা হিসেবে দেখছে না। বরং ভবিষ্যতে বাণিজ্যিক সংঘাত কিংবা তাইওয়ানকে কেন্দ্র করে নতুন উত্তেজনা তৈরি হলে যাতে চীন আরও প্রস্তুত অবস্থানে থাকতে পারে, সে লক্ষ্যেই দেশটি কাজ করছে।
বসন্তে চীন এমন কয়েকটি সরকারি নির্দেশনা ও নীতিগত পদক্ষেপ গ্রহণ করেছে, যার উদ্দেশ্য দেশটির অর্থনীতিতে পশ্চিমা দেশগুলোর প্রভাব কমানো। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতির সুযোগ কাজে লাগিয়ে চীন নিজস্ব অর্থনৈতিক কাঠামোকে আরও স্বনির্ভর করার চেষ্টা করছে।
এটি বেইজিংয়ের দীর্ঘমেয়াদি কৌশলের গুরুত্বপূর্ণ দিক। চীন জানে, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা সাময়িক সমঝোতায় শেষ হওয়ার নয়। তাই বর্তমান কূটনৈতিক বিরতি ব্যবহার করে অর্থনীতি, প্রযুক্তি ও নিরাপত্তার ক্ষেত্রে নিজেদের দুর্বলতা কমিয়ে আনার চেষ্টা করছে দেশটি।
যুক্তরাষ্ট্র কি আবার ঐকমত্যে ফিরতে পারবে?
এখন যুক্তরাষ্ট্রের সামনে বড় প্রশ্ন হলো, চীন সম্পর্কে দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে একটি কার্যকর জাতীয় কৌশল তৈরি করা সম্ভব কি না। এনভিডিয়ার সাবেক প্রধানের কংগ্রেসে আসন্ন শুনানি এ বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে। সেখানে দুই প্রধান রাজনৈতিক দলের আইনপ্রণেতারা চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বিষয়ে আবারও ঐকমত্যে পৌঁছাতে পারেন কি না, তা বোঝার সুযোগ তৈরি হবে।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের আগে ওয়াশিংটনে চীনের বিষয়ে যে দ্বিদলীয় সমঝোতা ছিল, তা পুনরুদ্ধার করা গেলে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কিছুটা শক্তিশালী হতে পারে। তবে শুধু রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠা করলেই আগের অবস্থানে ফেরা সম্ভব হবে না।
আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব হারানো এবং সেই প্রভাব পুনরুদ্ধার করা এক বিষয় নয়। মিত্রদের আস্থা নষ্ট হলে তা ফিরিয়ে আনতে সময় লাগে। প্রযুক্তিগত ও অর্থনৈতিক সুবিধা প্রতিদ্বন্দ্বীর হাতে চলে গেলে তা পুনরুদ্ধারে প্রয়োজন দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও ধারাবাহিক নীতি। একইভাবে সামরিক প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ তৈরি হলে শুধু কূটনৈতিক বক্তব্য দিয়ে সেই আস্থা ফিরিয়ে আনা যায় না।
ট্রাম্প ও শি চিনপিংয়ের নিয়মিত বৈঠক তাই সম্পর্কের উন্নতির সরল চিত্র নয়। এর আড়ালে রয়েছে দুই দেশের ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্র যখন অভ্যন্তরীণ বিভক্তি, মিত্রদের সঙ্গে দূরত্ব এবং নীতিগত অনিশ্চয়তায় ব্যস্ত, তখন চীন তুলনামূলক স্থিতিশীলতা কাজে লাগিয়ে নিজের অবস্থান শক্ত করছে।
সবচেয়ে বড় ঝুঁকি হলো, ওয়াশিংটন হয়তো এখনো নিজেকে বিশ্বের প্রধান শক্তি হিসেবে বিবেচনা করছে, কিন্তু আন্তর্জাতিক অংশীদারদের কাছে সেই নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা ক্রমেই প্রশ্নের মুখে পড়ছে। আর একবার কৌশলগত সুবিধা হারিয়ে গেলে তা ফিরে পাওয়া যে কত কঠিন, যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি তারই ইঙ্গিত দিচ্ছে।











