ধর্মীয় বিশ্বাসের সমালোচনা এবং সেই ধর্মের অনুসারীদের প্রতি বিদ্বেষ ছড়ানো এক বিষয় নয়। রাজনৈতিক মেরুকরণ, আন্তর্জাতিক সংঘাত ও সামাজিক বিভাজনের এই সময়ে এ পার্থক্যটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কোনো ধর্মের নামে সংঘটিত সন্ত্রাসবাদ বা উগ্রপন্থার দায় পুরো ধর্মীয় সম্প্রদায়ের ওপর চাপানো যায় না। একইভাবে, সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধা ও আইনের শাসনের পরিপন্থী আচরণকে ধর্মীয় পরিচয়ের আড়ালে বৈধতা দেওয়ার সুযোগও নেই।
ইসলামবিদ্বেষ মোকাবিলার পাশাপাশি মুসলিম সমাজের ভেতরে অসহিষ্ণুতা, সংখ্যালঘুদের ভয় দেখানো, সমান নাগরিক অধিকারের বিরোধিতা এবং সহিংসতার মতো প্রবণতার বিরুদ্ধেও অবস্থান নিতে হবে। মুসলিম সম্প্রদায় ও ধর্মীয় নেতাদের দায়িত্ব হলো উগ্রবাদকে চ্যালেঞ্জ করা, সামাজিক সংহতি জোরদার করা এবং ধর্মকে সহিংসতার হাতিয়ার হিসেবে ব্যবহারের পথ বন্ধ করা। তবে এসব সমস্যার স্বীকৃতি কখনোই মুসলমানদের সামগ্রিকভাবে সন্দেহভাজন বা দায়ী করার অজুহাত হতে পারে না।
পশ্চিমা সমাজে ইসলামবিদ্বেষ এখন কেবল ব্যক্তিগত বিদ্বেষ বা বিচ্ছিন্ন ঘৃণামূলক বক্তব্যে সীমাবদ্ধ নেই। এর রাজনৈতিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক রূপ তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে মুসলমানদের একটি অভিন্ন জনগোষ্ঠী হিসেবে দেখা হয়। ধর্মীয় অনুশীলন, রাজনৈতিক ইসলাম, উগ্র মতাদর্শ এবং সন্ত্রাসবাদ—ভিন্ন বিষয়গুলোকে এক করে ফেলা হয়। এর প্রভাব পড়ে কর্মসংস্থান, শিক্ষা, আবাসন, ব্যক্তিগত নিরাপত্তা এবং সমাজে মুসলমানদের অন্তর্ভুক্তির অনুভূতির ওপর।
ইউরোপীয় ইউনিয়নের মৌলিক অধিকার সংস্থার ২০২৪ সালের এক প্রতিবেদনে ১৩টি সদস্যদেশের প্রায় ১০ হাজার মুসলমানের অভিজ্ঞতা বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, জরিপে অংশ নেওয়া মুসলমানদের ৪৭ শতাংশ আগের পাঁচ বছরে বর্ণগত বৈষম্যের শিকার হয়েছেন। ২০১৬ সালে এই হার ছিল ৩৯ শতাংশ। কর্মক্ষেত্র ও আবাসনের ক্ষেত্রে বৈষম্যের প্রবণতা বিশেষভাবে উল্লেখযোগ্য। অর্থাৎ ইসলামবিদ্বেষ শুধু কথাবার্তা বা সামাজিক উত্তেজনার বিষয় নয়; এটি মানুষের সুযোগ, অধিকার ও সামাজিক অংশগ্রহণকে সরাসরি প্রভাবিত করছে।
আরেকটি উদ্বেগের জায়গা হলো ইহুদিবিদ্বেষ ও ইসলামবিদ্বেষ মোকাবিলায় রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়ার দৃশ্যমান পার্থক্য। ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতা প্রতিরোধ করা নৈতিক ও ঐতিহাসিক দায়িত্ব। কিন্তু মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষের ঘটনায় তুলনামূলকভাবে কম তৎপরতা, রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি কিংবা দুর্বল প্রাতিষ্ঠানিক পদক্ষেপ দেখা গেলে বৈষম্যবিরোধী অবস্থানের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়।
এটি কোনো দুই সম্প্রদায়ের দুর্ভোগের তুলনা কিংবা প্রতিযোগিতা নয়। প্রশ্নটি হলো, বৈষম্য ও বিদ্বেষের বিরুদ্ধে একই নীতি সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা হচ্ছে কি না। ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা উসকে দেওয়ার ঘটনায় যে জবাবদিহি প্রত্যাশিত, মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো বা তাদের সমান নাগরিক অধিকার অস্বীকার করার ক্ষেত্রেও একই মানদণ্ড থাকা উচিত। ইউরোপের আইনেই ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য মোকাবিলার উপায় রয়েছে। মূল পরীক্ষা হলো, সেগুলো পক্ষপাতহীনভাবে প্রয়োগ করা হচ্ছে কি না।
তবে ধর্মীয় মতবাদ বা বিশ্বাসের সমালোচনাকে বিদ্বেষের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক হবে না। ইসলাম, খ্রিষ্টধর্ম, ইহুদি ধর্ম কিংবা অন্য যেকোনো ধর্মের মতবাদ নিয়ে প্রশ্ন তোলা, সমালোচনা করা এবং জনজীবনে ধর্মের ভূমিকা নিয়ে বিতর্ক করার অধিকার মতপ্রকাশের স্বাধীনতার অংশ। কিন্তু কোনো ধর্মীয় ধারণার সমালোচনা করতে গিয়ে সেই ধর্মের অনুসারীদের অমানবিক হিসেবে উপস্থাপন করা, তাদের সমান অধিকার অস্বীকার করা কিংবা তাদের বিরুদ্ধে শত্রুতা উসকে দেওয়া গ্রহণযোগ্য নয়। বহুত্ববাদী সমাজের ভিত্তি রক্ষায় এই সীমারেখা বজায় রাখা জরুরি।
ইতিহাসের ভিন্ন স্মৃতি, অবিশ্বাসের দীর্ঘ ছায়া
ইসলাম ও পশ্চিমের সম্পর্ক বোঝার ক্ষেত্রে ১৯৯৩ সালের ২৭ অক্টোবর দেওয়া তৎকালীন প্রিন্স অব ওয়েলস এবং বর্তমান রাজা তৃতীয় চার্লসের একটি বক্তৃতা নতুন করে বিবেচনার দাবি রাখে। অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজ সফরের সময় অক্সফোর্ডের শেলডোনিয়ান থিয়েটারে ‘ইসলাম ও পশ্চিম’ শিরোনামে দেওয়া ওই বক্তৃতায় তিনি দুই সভ্যতার সম্পর্কের ইতিহাস ও দর্শন নিয়ে আলোচনা করেন। এটি কেবল সহনশীলতার আহ্বান ছিল না; বরং উভয় পক্ষের প্রচলিত ধারণা ও ঐতিহাসিক স্মৃতিকে প্রশ্ন করার একটি প্রয়াস ছিল।
চার্লসের প্রশ্ন ছিল, যোগাযোগ, ভ্রমণ ও মানুষের পারস্পরিক সংযোগ এত বেড়ে যাওয়ার পরও ইসলাম ও পশ্চিমের মধ্যে ভুল বোঝাবুঝি কেন টিকে আছে। তাঁর বক্তব্যের মূল কথা ছিল, দুই সভ্যতার মধ্যে ঐতিহাসিক ও বুদ্ধিবৃত্তিক সম্পর্ক প্রচলিত বিভাজনের বয়ানের চেয়ে অনেক গভীর।
এই অবিশ্বাসের বড় একটি উৎস হলো ইতিহাসের ভিন্ন ব্যাখ্যা। ক্রুসেডের স্মৃতি ইউরোপ ও মুসলিম বিশ্বের কাছে এক নয়। ইউরোপের প্রচলিত কিছু বর্ণনায় ক্রুসেডকে জেরুজালেম পুনরুদ্ধারের বীরত্বপূর্ণ অভিযান হিসেবে তুলে ধরা হয়েছে। অন্যদিকে মুসলিম ঐতিহাসিক স্মৃতিতে এটি বহিরাগত আক্রমণ, ধ্বংসযজ্ঞ এবং ১০৯৯ সালে ক্রুসেডারদের জেরুজালেম দখলের পর সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত।
একইভাবে, ১৪৯২ সাল পশ্চিমা ইতিহাসের অনেক বর্ণনায় কলম্বাসের সমুদ্রযাত্রার বছর হিসেবে স্মরণীয়। কিন্তু মুসলিম ইতিহাসের স্মৃতিতে একই বছর গ্রানাডার পতন এবং স্পেনে প্রায় আট শতাব্দীর মুসলিম উপস্থিতির অবসানের প্রতীক।
চার্লসের উদ্দেশ্য ছিল না একটি বয়ানের পরিবর্তে আরেকটি বয়ান প্রতিষ্ঠা করা। বরং তিনি দেখাতে চেয়েছিলেন, অন্য পক্ষের অভিজ্ঞতা বাদ দিয়ে ইতিহাস বিচার করলে তা অসম্পূর্ণ থেকে যায়। একপাক্ষিক স্মৃতি অবিশ্বাসকে দীর্ঘস্থায়ী করে এবং বর্তমানের বিভাজনকেও শক্তিশালী করে।
তিনি এটিও স্বীকার করেছিলেন যে অবিশ্বাসের ঐতিহাসিক শিকড় দুই পক্ষেই রয়েছে। ইউরোপে অটোমান সাম্রাজ্যের বিস্তার, ১৪৫৩ সালে কনস্টান্টিনোপলের পতন এবং ১৫২৯ ও ১৬৮৩ সালে ভিয়েনা অভিযানের স্মৃতি ইউরোপীয় সমাজে ইসলামকে সামরিক হুমকি হিসেবে দেখার ধারণাকে জোরদার করেছিল। অটোমান শাসনামলে বলকান অঞ্চলের মানুষের ওপর সংঘটিত সহিংসতার কথাও তিনি উল্লেখ করেন।
তবে এই ইতিহাসের পরবর্তী অধ্যায়ে ইউরোপীয় শক্তির বিস্তারও গুরুত্বপূর্ণ। ১৭৯৮ সালে নেপোলিয়নের মিসর আক্রমণ এবং উনিশ শতকের ঔপনিবেশিক সম্প্রসারণ আরব বিশ্বের বড় অংশকে পশ্চিমা আধিপত্যের অধীনে নিয়ে আসে। অটোমান সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে মুসলিম বিশ্বের বিস্তীর্ণ অঞ্চলে ইউরোপের প্রভাব ও কর্তৃত্ব আরও দৃঢ় হয়।
ফলে ইসলাম ও পশ্চিমের সম্পর্ককে এক পক্ষের ভুল বা অপর পক্ষের অপরাধ দিয়ে ব্যাখ্যা করা যায় না। সামরিক সংঘাত, ঔপনিবেশিক অভিজ্ঞতা, প্রতিদ্বন্দ্বী ঐতিহাসিক বয়ান এবং বহু শতাব্দী ধরে জমে থাকা ক্ষোভ—সবকিছু মিলেই এই সম্পর্কের বর্তমান রূপ তৈরি করেছে।
উগ্রবাদ দিয়ে পুরো ধর্মকে বিচার করার বিপদ
চার্লসের বক্তৃতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল, উগ্রপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ড দিয়ে পুরো ইসলামকে বিচার করার প্রবণতার সমালোচনা। তাঁর পর্যবেক্ষণ ছিল, গৃহযুদ্ধ, সন্ত্রাসবাদ ও উগ্র সংগঠনের কর্মকাণ্ড পশ্চিমা সমাজে ইসলাম সম্পর্কে ধারণা তৈরিতে অতিরিক্ত প্রভাব ফেলেছে। কিছু গোষ্ঠীর সহিংসতাকে পুরো ধর্মের বৈশিষ্ট্য হিসেবে দেখানো হয়েছে।
এ ধরনের বিচার যে কতটা অযৌক্তিক, তা বোঝাতে তিনি ব্রিটিশ সমাজের উদাহরণ দিয়েছিলেন। কয়েকজন খুনি, ধর্ষক, শিশু নির্যাতনকারী কিংবা মাদক ব্যবসায়ীর অপরাধ দিয়ে পুরো ব্রিটিশ সমাজকে বিচার করা যেমন অসম্ভব, তেমনি উগ্রপন্থীদের কর্মকাণ্ড দিয়ে ইসলামকে সংজ্ঞায়িত করাও যুক্তিসংগত নয়।
উগ্রবাদের নিন্দা করা প্রয়োজন, কিন্তু সেই নিন্দা যেন কোনো ধর্মীয় ঐতিহ্যের সামগ্রিক নিন্দায় পরিণত না হয়। শরিয়াহ সম্পর্কে প্রচলিত একপাক্ষিক ধারণার ক্ষেত্রেও তিনি একই যুক্তি তুলে ধরেছিলেন। ইসলামি আইনকে এককথায় নিষ্ঠুর বা বর্বর হিসেবে চিহ্নিত না করে এর নীতি, ব্যাখ্যা ও প্রয়োগের জটিলতা বোঝা জরুরি। ন্যায়বিচার ও সহমর্মিতার মূল্যবোধের আলোকে ধর্মীয় শিক্ষা এবং রাজনৈতিক স্বার্থে বিকৃত বিচারিক চর্চার মধ্যে পার্থক্য করতে হবে।
ইউরোপের জ্ঞানচর্চায় মুসলিম সভ্যতার অবদান
ইসলাম ও পশ্চিমের সম্পর্ক নিয়ে চার্লসের বক্তৃতার সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশগুলোর একটি ছিল ইউরোপের বুদ্ধিবৃত্তিক বিকাশে ইসলামি সভ্যতার অবদান। তাঁর মতে, ঐতিহাসিক সংঘাতের পাশাপাশি মুসলিম বিশ্বের কাছে ইউরোপের জ্ঞানগত ঋণ স্বীকার না করার প্রবণতাও ইসলাম সম্পর্কে পশ্চিমা ধারণাকে প্রভাবিত করেছে।
মধ্যযুগে মধ্য এশিয়া থেকে আটলান্টিক উপকূল পর্যন্ত বিস্তৃত মুসলিম সমাজে দর্শন, গণিত, চিকিৎসাবিজ্ঞান, জ্যোতির্বিদ্যা ও অন্যান্য জ্ঞানশাখায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল। মুসলিম পণ্ডিতেরা প্রাচীন জ্ঞান সংরক্ষণ, অনুবাদ ও বিকাশে ভূমিকা রাখেন। দশম শতকের স্পেনের কর্ডোভা তখন ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ জ্ঞানচর্চার কেন্দ্রে পরিণত হয়েছিল। সেখানকার গ্রন্থাগার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং কাগজ তৈরির প্রযুক্তির বিস্তার জ্ঞান বিনিময়ের পথ সুগম করেছিল।
মুসলিম স্পেন ইউরোপের বিজ্ঞান, চিকিৎসা, বাণিজ্য, কূটনীতি ও সংস্কৃতির বিকাশেও অবদান রাখে। ফলে ইসলামি সভ্যতাকে ইউরোপের বাইরের কোনো বিচ্ছিন্ন ঐতিহাসিক শক্তি হিসেবে দেখার সুযোগ নেই। স্পেন ও বলকানে মুসলিম উপস্থিতি ইউরোপের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক বিবর্তনের অংশ ছিল।
চার্লস এমন কিছু সময়ের কথাও স্মরণ করিয়েছিলেন, যখন মুসলিম শাসনের অধীনে ইহুদি ও খ্রিষ্টান সম্প্রদায় নিজেদের ধর্মীয় ঐতিহ্য বজায় রাখতে পেরেছিল। এর মাধ্যমে তিনি প্রচলিত সেই ধারণাকে প্রশ্ন করেন যে সহনশীলতা ও জ্ঞানচর্চার উন্মুক্ত পরিবেশ কেবল পশ্চিমা সভ্যতার অর্জন। তবে ইতিহাসের এসব উদাহরণ তুলে ধরার অর্থ মুসলিম শাসনের সব সময়কে আদর্শ হিসেবে উপস্থাপন করা নয়।
বস্তুগত উন্নতির সঙ্গে নৈতিকতার সম্পর্ক
বক্তৃতাটির সবচেয়ে মৌলিক দার্শনিক দিক ছিল মানুষ, প্রকৃতি ও আধ্যাত্মিকতার সম্পর্ক নিয়ে আলোচনা। চার্লসের বক্তব্য অনুযায়ী, ইসলামি সভ্যতায় এমন একটি সামগ্রিক জীবনদর্শন টিকে ছিল, যা আধুনিক পশ্চিমা সমাজে ক্রমে দুর্বল হয়েছে। এই দৃষ্টিভঙ্গিতে মানুষকে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে দেখা হয় না; বিজ্ঞান ও আধ্যাত্মিকতা কিংবা বস্তুজগৎ ও নৈতিকতার মধ্যেও কৃত্রিম বিভাজন তৈরি করা হয় না।
তিনি বক্তৃতার একটি স্মরণীয় অংশে বলেছিলেন, “ইসলাম আজ আমাদের এমনভাবে পৃথিবীকে বুঝতে ও জীবনযাপন করতে শেখাতে পারে, যা খ্রিষ্টধর্ম নিজেই হারিয়ে ফেলে দরিদ্র করে তুলেছে।”
এ বক্তব্যের মাধ্যমে তিনি বস্তুজগতকে কেবল বৈজ্ঞানিক নিয়ন্ত্রণ বা অর্থনৈতিক হিসাবের বিষয় হিসেবে না দেখে বৃহত্তর নৈতিক ও আধ্যাত্মিক ব্যবস্থার অংশ হিসেবে বিবেচনার কথা বলেছিলেন। বৈজ্ঞানিক বিপ্লব এবং কোপার্নিকাস ও দেকার্তের মতো চিন্তাবিদদের প্রভাবের পর পশ্চিমা দর্শনে মানুষ ও প্রকৃতির সম্পর্ক ক্রমে খণ্ডিতভাবে দেখার প্রবণতা তৈরি হয়েছে বলে তাঁর পর্যবেক্ষণ ছিল।
তাঁর উদ্বেগ আধুনিকতা বা বৈজ্ঞানিক অগ্রগতির বিরোধিতা নিয়ে ছিল না। বরং নৈতিক দায়িত্ববোধ থেকে বিচ্ছিন্ন উন্নয়নের পরিণতি নিয়ে ছিল। প্রকৃতির অন্তর্নিহিত মূল্য স্বীকার না করে তাকে নিয়ন্ত্রণ ও ব্যবহার করার প্রবণতা মানুষকে পৃথিবীর রক্ষক হিসেবে নিজের দায়িত্ব ভুলিয়ে দিতে পারে। ইসলামি চিন্তাধারার পাশাপাশি বৌদ্ধ ও হিন্দু দর্শনের কিছু ধারণাও বস্তুগত অগ্রগতি এবং আধ্যাত্মিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে।
জলবায়ু পরিবর্তন, পরিবেশের অবক্ষয়, লাগামহীন ভোগবাদ এবং প্রযুক্তির নৈতিক ব্যবহার নিয়ে বর্তমান বিতর্কে এই চিন্তার প্রাসঙ্গিকতা স্পষ্ট। প্রকৃতির সঙ্গে মানুষের পারস্পরিক নির্ভরতা এবং দায়িত্বশীলতার ওপর তাঁর জোর টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির নৈতিক ভিত্তি নিয়ে চলমান আলোচনার সঙ্গেও সম্পর্কিত।
অতএব, সভ্যতার সহাবস্থান শুধু সংঘাত এড়িয়ে চলার বিষয় নয়। একে অন্যের কাছ থেকে কী শেখা যায়, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তর সাংস্কৃতিক প্রতিযোগিতায় নয়, বরং পারস্পরিক সমৃদ্ধি ও জ্ঞান বিনিময়ে নিহিত। বস্তুগত উন্নতি একা মানবজাতির নৈতিক ও পরিবেশগত সংকটের সমাধান দিতে পারে না।
পারস্পরিক মর্যাদার ভিত্তিতে নতুন সম্পর্ক
তিন দশকের বেশি সময় পেরিয়ে গেলেও চার্লসের সেই বক্তৃতার বক্তব্য নতুন করে বিবেচনার দাবি রাখে। ইসলাম ও পশ্চিমের সম্পর্ককে শুধু নিরাপত্তা, অভিবাসন বিতর্ক কিংবা মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে সীমাবদ্ধ করলে ইতিহাসের বড় অংশ আড়ালে থেকে যায়। শতাব্দীর পর শতাব্দী ধরে জ্ঞান, সংস্কৃতি ও মানুষের পারস্পরিক যোগাযোগ এই সম্পর্ককে গড়ে তুলেছে। একে অন্যের অবদান অস্বীকার করে কোনো সভ্যতাই নিজের ইতিহাসকে পূর্ণাঙ্গভাবে বুঝতে পারে না।
২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি আবুধাবিতে পোপ ফ্রান্সিস এবং আল-আজহারের গ্র্যান্ড ইমাম অধ্যাপক আহমদ আল-তাইয়েবের স্বাক্ষরিত ‘বিশ্বশান্তি ও একসঙ্গে বসবাসের জন্য মানব ভ্রাতৃত্বের দলিল’ এই ভাবনার একটি সমসাময়িক প্রকাশ। দলিলটিতে মানবিক মর্যাদা, সমতা, ধর্মীয় স্বাধীনতা, উপাসনালয়ের সুরক্ষা এবং উগ্রবাদ, বৈষম্য ও ঘৃণার বিরুদ্ধে ধর্মীয় নেতাদের দায়িত্বের ওপর গুরুত্ব দেওয়া হয়।
তৃতীয় চার্লসের বক্তৃতা এবং মানব ভ্রাতৃত্বের দলিল—দুটির মূল বার্তা একই জায়গায় এসে মেলে। ইসলাম ও পশ্চিমের সম্পর্ক নির্বাচিত নিন্দা, সামষ্টিক দায় চাপানো কিংবা কে বেশি নিপীড়িত সেই প্রতিযোগিতার ওপর দাঁড়াতে পারে না। এর ভিত্তি হতে হবে ইতিহাসের প্রতি সততা, পারস্পরিক দায়িত্ববোধ এবং ধর্মীয় পরিচয় নির্বিশেষে মানুষের মর্যাদার প্রতি অবিচল শ্রদ্ধা।
একটি সমাজ বহুত্ববাদে কতটা বিশ্বাসী, তার প্রকৃত পরীক্ষা শুধু তখন নয়, যখন কোনো একটি সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয়। পরীক্ষা হলো, অন্য কোনো সম্প্রদায় আক্রান্ত হলেও সেই সমাজ একই দৃঢ়তায় তার অধিকার ও মর্যাদা রক্ষা করে কি না। ইসলাম ও পশ্চিমের মধ্যে টেকসই বোঝাপড়া গড়ে তোলার জন্য এই নীতিগত ধারাবাহিকতাই সবচেয়ে জরুরি।












