পাকিস্তানের সোয়াত উপত্যকায় একটি ক্রিকেট ম্যাচের পাশ দিয়ে যাচ্ছিল মোটরসাইকেল। পেছনে বসা যাত্রী হঠাৎ দেখলেন, সীমানার ওপর দিয়ে উড়ে আসছে একটি ক্রিকেট বল। মুহূর্তের সিদ্ধান্তে চলন্ত মোটরসাইকেলেই উঠে দাঁড়িয়ে এক হাতে বলটি তালুবন্দি করলেন তিনি। কয়েক সেকেন্ডের সেই অবিশ্বাস্য দৃশ্যই বদলে দিয়েছে ২৭ বছর বয়সী মেহরান খানের জীবন।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের মিংগোরা শহরে সোয়াত প্রিমিয়ার লিগের একটি ম্যাচ চলাকালে ঘটে এই ঘটনা। মঙ্গলবারের ম্যাচে ব্যাটার আবরার লালা উঁচুতে তুলে একটি ছক্কা মারেন। বলটি সীমানা পেরিয়ে পাশের সড়কের দিকে চলে যায়। ঠিক সেই সময় বন্ধু মোটরসাইকেল চালিয়ে ম্যাচের মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন। পেছনে বসা মেহরান কোনো প্রস্তুতি ছাড়াই এক হাতে বলটি ধরে ফেলেন।
মেহরান পাকিস্তানের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের একজন সরকারি কর্মচারী। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলেন। স্থানীয় মাঠটিতেও একাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এএফপিকে তিনি বলেন, বলটি যখন তাঁর দিকে আসছিল, তখন বন্ধুকে মাথা নিচু করতে বলেন। এরপর চলন্ত মোটরসাইকেলে সামান্য উঠে দাঁড়িয়ে বলটি ধরেন।
ক্যাচটি নেওয়ার পর তাঁর আনন্দের সীমা ছিল না। মেহরানের ভাষায়, ঘটনাটি তাঁর কাছে অসাধারণ কোনো অর্জনের মতো মনে হয়েছিল।
কয়েক সেকেন্ডের ভিডিওতে বদলে গেল জীবন
মেহরানের ক্যাচের ভিডিও প্রথমে স্থানীয় এক টিকটক ব্যবহারকারী প্রকাশ করেন। পরে সেটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি সাবেক ও বর্তমান ক্রিকেট তারকাদেরও নজর কাড়ে ভিডিওটি।
বিশেষ করে অস্ট্রেলিয়ার গতির বোলার ব্রেট লি নিজের ফেসবুক পাতায় ভিডিওটি শেয়ার করায় উচ্ছ্বসিত মেহরান। ভিডিওটির শিরোনামে ব্রেট লি লিখেছিলেন, ‘অবিশ্বাস্য ক্যাচ’।
মেহরান বলেন, কয়েক সেকেন্ডের একটি ভিডিও তাঁকে এমন পরিচিতি দিয়েছে, যা অনেকের বহু বছরেও আসে না। এখন বাইরে বের হলেই মানুষ তাঁকে চিনতে পারছে, ছবি তোলার অনুরোধ করছে। ঘটনার দিন রাতে বাড়ি ফেরার পর পরিবারের সদস্যরাও তাঁকে বিশেষভাবে স্বাগত জানান।
ক্যাচটি নেওয়ার পর মোটরসাইকেলটি মাঠ পেরিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল। তখন ম্যাচের ধারাভাষ্যকার পুলিশকে অনুরোধ করেন মোটরসাইকেলের আরোহীদের থামিয়ে মাঠে ফিরিয়ে আনতে। মেহরান মাঠে প্রবেশ করার পর ধারাভাষ্যকার ঘোষণা দেন, মাঠের বাইরে যিনি ক্যাচটি নিয়েছেন, তিনি এখন মাঠের ভেতরে। এ সময় খেলোয়াড় ও দর্শকেরা করতালি দিয়ে তাঁকে অভিনন্দন জানান।
পুরস্কার পেলেন ১০ হাজার রুপি
টুর্নামেন্টের আয়োজকেরা অসাধারণ ক্যাচের জন্য মেহরানকে ১০ হাজার পাকিস্তানি রুপি পুরস্কার দেন, যা প্রায় ৩৬ ডলারের সমান।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ মজা করে মন্তব্য করেছেন, ক্যাচ নেওয়ার পর মেহরান বলটি নিয়ে পালিয়ে গিয়েছিলেন। তবে তিনি জানিয়েছেন, এমনটি ঘটেনি। মাঠে ফেরার পর বলটি আয়োজকদের হাতে তুলে দিয়েছেন। এখন স্মারক হিসেবে বলটি নিজের কাছে রাখতে চান তিনি।
ব্যাটার, দ্রুতগতির বোলার ও দক্ষ ফিল্ডার হিসেবে পরিচিত মেহরান নিজেকে সাধারণ একজন পাহাড়ি এলাকার মানুষ বলেই মনে করেন। তবে একটি ক্যাচ তাঁকে বিশেষ পরিচিতি এনে দিয়েছে।
আট মাস আগে বাবা হয়েছেন মেহরান। মেয়ের জন্মের পর থেকেই একের পর এক সৌভাগ্যের ঘটনা ঘটছে বলে মনে করেন তিনি। তাঁর বিশ্বাস, মেয়ের আগমনের পর শুরু হওয়া সেই সৌভাগ্যের ধারার অংশ হয়েই হয়তো এই অবিশ্বাস্য ক্যাচটি নিতে পেরেছেন।
মেহরানের কথায়, তিনি পাহাড়ের একজন সাধারণ মানুষ। কিন্তু একটি ক্যাচ তাঁকে শুধু পরিচিতই করেনি, করে তুলেছে অসাধারণভাবে বিশেষ।












