শীতের সবজি বাজারে আসতে শুরু করলেও রাজধানীর বাজারে কমেনি দাম। বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ টাকার বেশি দরে। এর সঙ্গে গত সপ্তাহের তুলনায় বেড়েছে মুরগি ও হাঁসের ডিমের দাম। তবে কিছুটা কমেছে মুরগির মাংসের দাম। দেশি রসুনের দাম বাড়লেও কমেছে চীনা রসুন ও আদার দাম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মিরপুর ১ নম্বর কাঁচাবাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
বেশির ভাগ সবজি ৮০ টাকার ওপরে
বাজারে দেশি টমেটো বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৫০ টাকা এবং ভারতীয় টমেটো ১৮০ টাকা দরে। কাঁচা টমেটোর দাম ৮০ টাকা। দেশি গাজর ১০০ টাকা, চীনা গাজর ১৪০ টাকা এবং নতুন দেশি ও ভারতীয় আলু ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
লম্বা বেগুনের কেজি ৮০ টাকা, সাদা গোল বেগুন ১০০ টাকা এবং কালো গোল বেগুন ১২০ টাকা। শিমের দাম মানভেদে ১০০ থেকে ১২০ টাকা। দেশি শসা ১০০ টাকা, উচ্ছে ১১০ টাকা, করলা ১০০ টাকা এবং কাঁকরোল ১৬০ টাকা কেজি।
এ ছাড়া ঢ্যাঁড়স ৮০ থেকে ১০০ টাকা, হাইব্রিড পটল ৭০ টাকা, দেশি পটল ১০০ টাকা, চিচিঙ্গা, ধুন্দল ও ঝিঙা ৮০ টাকা করে এবং বরবটি ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কচুর লতি ৮০ টাকা, কচুরমুখী ১০০ টাকা, মূলা ৫০ টাকা ও শালগম ৬০ টাকা।
কাঁচা মরিচের দাম ৮০ থেকে ১০০ টাকা, ধনেপাতা ১৬০ টাকা, হাইব্রিড শসা ৭০ টাকা, পেঁপে ৪০ টাকা এবং মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজি। প্রতিটি লাউ ৮০ টাকা, চালকুমড়া ৬০ টাকা এবং ফুলকপি ও বাঁধাকপি ৬০ টাকা করে বিক্রি হচ্ছে।
বৃষ্টিতে ফসল ও সরবরাহ ক্ষতিগ্রস্ত
বিক্রেতাদের দাবি, সাম্প্রতিক বৃষ্টিতে সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক সবজি পচে যাওয়ায় বাজারে সরবরাহ কমেছে, যার প্রভাব পড়েছে দামে।
বিক্রেতা মো. শাহ আলম বলেন, বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হওয়ায় সবজির দাম বেড়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে দাম কমতে পারে।
আরেক বিক্রেতা মো. সোহেল জানান, শীতের সবজি বাজারে আসায় এ সময়ে দাম কম থাকার কথা ছিল। কিন্তু বৃষ্টিতে অনেক পণ্য নষ্ট হয়েছে। তিনি জানান, ১৩০টি ফুলকপি নিয়ে এসে ২০টিই পচে যেতে দেখেছেন। নষ্ট পণ্যের ক্ষতি পুষিয়ে নিতে বিক্রেতাদের বিক্রয়মূল্য বাড়াতে হচ্ছে।
বাজার করতে আসা সাইদুর রহমান বলেন, সবজির দাম কমার বদলে বাড়ছে। বাজারে এসে কোন পণ্য কিনবেন, তা ঠিক করাই কঠিন হয়ে পড়েছে। নির্দিষ্ট আয়ের মানুষের জন্য প্রতিটি কেনাকাটার আগে পকেটের হিসাব করতে হচ্ছে।
দেশি রসুনের দাম বেড়েছে, কমেছে চীনা আদা-রসুন
বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫৫ টাকা এবং ক্রস জাতের পেঁয়াজ ৫০ টাকা। লাল ও সাদা আলুর দাম ২৫ টাকা কেজি। বগুড়ার আলু বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
দেশি রসুনের দাম বেড়ে হয়েছে ১১০ থেকে ১২০ টাকা কেজি। চীনা রসুন ১৫০ থেকে ১৬০ টাকা এবং চীনা আদা ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত দিনের তুলনায় দেশি রসুনের দাম ১০ থেকে ২০ টাকা বেড়েছে। অন্যদিকে চীনা রসুনের দাম একই পরিমাণ কমেছে এবং চীনা আদার দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা।
ডিমের দাম ঊর্ধ্বমুখী, মুরগির মাংসে কিছুটা স্বস্তি
গত সপ্তাহের তুলনায় মুরগির লাল ও সাদা ডিমের দাম ডজনে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। হাঁসের ডিমের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। বর্তমানে লাল ডিমের ডজন ১২৫ থেকে ১৩০ টাকা, সাদা ডিম ১২০ টাকা এবং হাঁসের ডিম ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে দেশি মুরগি ছাড়া অন্যান্য মুরগির দাম কেজিতে ৭ থেকে ২০ টাকা কমেছে। ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ টাকা, কক মুরগি ২৮০ থেকে ৩০০ টাকা এবং লেয়ার মুরগি ২৮৭ থেকে ২৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি মুরগির দাম ৬২০ থেকে ৬৫০ টাকা।
গরুর মাংসের কেজি ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২৫০ টাকা। মাছের বাজারে আকার ও মানভেদে ইলিশ ১ হাজার থেকে ২ হাজার ৬০০ টাকা, রুই ৪০০ থেকে ৭০০ টাকা এবং কাতল ৩৫০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিংড়ির দাম ৭০০ থেকে ১ হাজার ৬০০ টাকা এবং পাবদা ৪০০ থেকে ৬০০ টাকা।
মুদিপণ্যে দাম প্রায় অপরিবর্তিত
মুদিপণ্যের অধিকাংশের দাম অপরিবর্তিত রয়েছে। তবে লবঙ্গের কেজিতে ১৫০ টাকা এবং জিরার কেজিতে ১৪০ টাকা বেড়েছে। প্যাকেটজাত পোলাওয়ের চাল ২৩০ টাকা, খোলা পোলাওয়ের চাল মানভেদে ১৬০ থেকে ১৮০ টাকা এবং ছোট মসুর ডাল ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ২০৪ টাকা, খোলা সয়াবিন তেল কেজি ২০৫ টাকা এবং খোলা সরিষার তেল লিটার ২২০ টাকা। চিনি বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি। মসলার মধ্যে এলাচ ৫ হাজার ৪০০ টাকা, লবঙ্গ ১ হাজার ৫৫০ টাকা এবং জিরা ৬৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।












