নেপালের ভয়াবহ বন্যার পর পুনর্গঠন ও উন্নয়ন সহায়তার মাধ্যমে দেশটির ওপর নিজেদের প্রভাব আবার শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে ভারত। এ লক্ষ্যে ১৬২ কোটি ডলারের আর্থিক সহায়তা ঘোষণা করেছে নয়াদিল্লি। চীন যখন গত এক দশকে নেপালে বাণিজ্য, অবকাঠামো, শিক্ষা ও জ্বালানি খাতে নিজেদের অবস্থান শক্ত করেছে, তখন ভারতের এই উদ্যোগকে দক্ষিণ এশিয়ায় দুই প্রতিবেশী শক্তির প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
গত আগস্টে নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দেশটির যোগাযোগব্যবস্থা, অবকাঠামো ও বিভিন্ন উন্নয়ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। দুর্যোগের পর প্রথম বিদেশি সরকার হিসেবে ভারত জরুরি ত্রাণ পাঠায় এবং যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধারেও সহায়তা করে।
এরপর গত সোমবার নেপালের পুনর্গঠন, অবকাঠামো উন্নয়ন ও জ্বালানি খাতে অনুদান এবং সহজ শর্তের ঋণ মিলিয়ে ১৬২ কোটি ডলারের সহায়তা ঘোষণা করে নয়াদিল্লি। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের ভারত সফরের সময় এ ঘোষণা আসে। গত মার্চে ক্ষমতা গ্রহণের পর এটিই ছিল শাহের প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর।
পুনর্গঠনে প্রয়োজন ৫০০ কোটি ডলার
বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে নেপালের প্রায় ৫০০ কোটি ডলার প্রয়োজন। দেশটির অর্থনীতির আকারের প্রায় এক-দশমাংশ এই অর্থ।
নেপালের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, ভারতের ঘোষিত সহায়তা দেশটির ইতিহাসে পাওয়া সবচেয়ে বড় আর্থিক সহায়তা।
নেপাল সরকারের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশটিতে ভারতের দেওয়া উন্নয়ন সহায়তার পরিমাণ ছিল চীনের তুলনায় চার গুণেরও বেশি। ফলে দুর্যোগ-পরবর্তী পুনর্গঠন ভারতের জন্য শুধু মানবিক সহায়তার বিষয় নয়, বরং কূটনৈতিক অবস্থান শক্তিশালী করারও সুযোগ তৈরি করেছে।
ভারত-নেপাল সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞ অশোক মেহতার মতে, এই সহায়তা নেপালের নতুন সরকারকে অভ্যন্তরীণভাবে শক্তিশালী করতে পারে। একই সঙ্গে কাঠমান্ডোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের সুযোগ পাবে নয়াদিল্লি।
এ ক্ষেত্রে ২০২২ সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময় ভারতের ভূমিকার সঙ্গে নেপালের বর্তমান পরিস্থিতির মিল রয়েছে। সে সময় আর্থিক ও জরুরি সহায়তার মাধ্যমে শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক উন্নত করেছিল ভারত।
চীনের প্রভাব বাড়ছে নেপালে
ভৌগোলিক অবস্থানের কারণে ভারত ও চীনের মধ্যে নেপাল দীর্ঘদিন ধরেই কৌশলগত প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। হিমালয় অঞ্চলে অবস্থিত স্থলবেষ্টিত দেশটির সঙ্গে দুই প্রতিবেশীরই বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থ রয়েছে।
তবে গত এক দশকে নেপালে চীনের অর্থনৈতিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইলেকট্রনিক পণ্য ও বৈদ্যুতিক গাড়ির রপ্তানি বাড়ানোর পাশাপাশি অবকাঠামো, স্বাস্থ্য ও শিক্ষা খাতেও প্রভাব বিস্তার করেছে বেইজিং।
গত ১০ বছরে নেপালের সঙ্গে চীনের বাণিজ্য তিন গুণের বেশি বেড়েছে। চীনা ভাষা ও সংস্কৃতি শিক্ষার প্রসারও ঘটেছে। কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ে পরিচালিত কনফুসিয়াস ইনস্টিটিউট ২০০৭ সাল থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রায় ৫০ হাজার শিক্ষার্থীকে চীনা ভাষা ও সংস্কৃতির প্রশিক্ষণ দিয়েছে।
অন্যদিকে, ২০১৫ সালের সীমান্ত অবরোধ নিয়ে নেপালে ভারতের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে। ওই সময় জ্বালানি ও অন্যান্য জরুরি পণ্যের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। অনেক নেপালি এর জন্য ভারতকে দায়ী করলেও নয়াদিল্লি সেই অভিযোগ অস্বীকার করে আসছে।
সীমান্ত বিরোধ ও রাজনৈতিক অবিশ্বাসের কারণে দুই দেশের সম্পর্কে গত এক দশকে একাধিকবার টানাপোড়েন তৈরি হয়েছে।
বন্যার পর চীনেরও সহায়তা
নেপালের বন্যার পর চীনও জরুরি সহায়তা দিয়েছে। দেশটিকে নগদ অর্থ ও পাঁচ দফায় ত্রাণসামগ্রী পাঠানোর পাশাপাশি ২০ জনের বেশি উদ্ধার ও ফরেনসিক বিশেষজ্ঞ পাঠায় বেইজিং।
এ ছাড়া আবহাওয়া, পানির প্রবাহ ও ভূতাত্ত্বিক পরিস্থিতি সম্পর্কিত তথ্য দিয়ে নেপালকে সহায়তা করেছে চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালের সঙ্গে তাদের পারস্পরিক সুবিধাভিত্তিক সহযোগিতা কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয়। নেপালকে অন্য কোনো দেশের সঙ্গে প্রতিযোগিতার ক্ষেত্র হিসেবেও দেখে না বেইজিং।
তবে ভারতের উদ্বেগের জায়গা হলো, নেপালে চীনের অর্থনৈতিক উপস্থিতি যেন দেশটির রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণেও ক্রমবর্ধমান প্রভাব তৈরি না করে।
বিশ্বব্যাপী আর্থিক সক্ষমতায় চীনের অবস্থান ভারতের চেয়ে অনেক বড়। গবেষণা প্রতিষ্ঠান এইডডাটার হিসাব অনুযায়ী, ২০০০ থেকে ২০২৩ সালের মধ্যে চীনের সরকারি প্রতিষ্ঠানগুলো বিদেশে প্রায় ২ লাখ ২০ হাজার কোটি ডলারের ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। একই সময়ে ভারতের অনুদান ও সহজ শর্তের ঋণের পরিমাণ ছিল প্রায় ৪ হাজার ৬০০ কোটি ডলার।
তবে প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে ভারত দ্রুত জরুরি সহায়তা, অনুদান ও সহজ শর্তের ঋণের সমন্বয়ে আলাদা কৌশল অনুসরণ করছে। অন্যদিকে চীনের বিদেশি অর্থায়নের বড় অংশ রাষ্ট্রসমর্থিত ঋণ ও বৃহৎ অবকাঠামো প্রকল্পকেন্দ্রিক।
শাহের ভারত সফরে সম্পর্ক পুনর্গঠনের বার্তা
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের ভারত সফর দুই দেশের সম্পর্কের নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছে।
শাহ ভারতকে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিবেশী হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে নেপালে ভারতীয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। সফরে শিক্ষা, স্যাটেলাইট যোগাযোগ এবং টেকসই নগর উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চুক্তি হয়েছে।
নেপালের নতুন প্রধানমন্ত্রীকে নিয়ে ভারতের আগ্রহের পাশাপাশি সতর্কতাও রয়েছে। দেশটির সাবেক নেপালি টাইমস সম্পাদক কুন্ডা দীক্ষিতের মতে, চীনের দিকে নেপালের ঝোঁক যেন অতিরিক্ত না বাড়ে, সেটি নিশ্চিত করতেই ভারত সম্পর্ক পুনর্গঠনে তৎপর হতে পারে।
আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষক মাইকেল কুগেলম্যানের মতে, দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলো উন্নয়ন সহায়তার জন্য এখনো ভারতের ওপর অনেকাংশে নির্ভরশীল।
মালদ্বীপের উদাহরণও এখানে গুরুত্বপূর্ণ। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু শুরুতে চীনের দিকে ঝুঁকলেও পরবর্তী সময়ে ভারতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে উল্লেখ করেন। অর্থনৈতিক সংকটের সময় ভারতের সহায়তা দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রেখেছিল।
ভারতের সামনে বড় চ্যালেঞ্জ আস্থা ফেরানো
নেপালের বন্যা ভারতের জন্য হারানো প্রভাব পুনরুদ্ধারের সুযোগ তৈরি করেছে। তবে অর্থনৈতিক সহায়তা দিলেই দুই দেশের দীর্ঘদিনের অবিশ্বাস দূর হবে, এমন নিশ্চয়তা নেই।
ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নেপালের ভৌগোলিক বাস্তবতা, বাণিজ্যিক নির্ভরতা ও সাংস্কৃতিক যোগাযোগ গুরুত্বপূর্ণ। একই সঙ্গে চীনের সঙ্গে বাড়তে থাকা অর্থনৈতিক সম্পর্ক কাঠমান্ডোকে দুই প্রতিবেশীর মধ্যে ভারসাম্য বজায় রাখার সুযোগ দিচ্ছে।
প্রধানমন্ত্রী শাহও দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে পারস্পরিক বিশ্বাসকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন। হিমালয়ের মতো দৃঢ় আস্থার ওপর ভারত-নেপাল বন্ধুত্ব গড়ে ওঠার প্রত্যাশা জানিয়েছেন তিনি।
ভারতের ১৬২ কোটি ডলারের সহায়তা তাই শুধু বন্যা-পরবর্তী পুনর্গঠনের অর্থায়ন নয়; এটি নেপালে নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণ তৈরিরও একটি উদ্যোগ। তবে সেই উদ্যোগ কতটা সফল হবে, তা নির্ভর করবে অর্থায়নের পাশাপাশি ভারতের প্রতি নেপালের মানুষের আস্থা কতটা ফিরিয়ে আনা যায় তার ওপর।












