ইউক্রেন যুদ্ধের প্রায় পাঁচ বছরে রাশিয়ার অন্তত ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ সেনা নিহত হয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার ফাঁস হওয়া মৃত্যুর নথি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। যুদ্ধ শুরুর পর থেকে রুশ সেনাদের প্রাণহানির যে হিসাব সামনে এসেছে, প্রকৃত সংখ্যা তার চেয়েও অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দ্রুত সামরিক লক্ষ্য অর্জনের প্রত্যাশা থাকলেও যুদ্ধ গড়িয়েছে প্রায় পাঁচ বছরে। দীর্ঘ এই সংঘাতে রাশিয়ার মানবিক ক্ষয়ক্ষতির ব্যাপকতা এবার উঠে এসেছে দেশটির নিজস্ব পরিসংখ্যানের ফাঁস হওয়া তথ্যে।
২০২১ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুর নথি বিশ্লেষণ করে যুদ্ধজনিত প্রাণহানির এই হিসাব তৈরি করা হয়েছে। নথিগুলোতে মৃত ব্যক্তির বয়স, বসবাসের স্থান, মৃত্যুর স্থান এবং মৃত্যুর কারণসংক্রান্ত তথ্য রয়েছে।
প্রকৃত প্রাণহানি আরও বেশি হতে পারে
যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন সরকারি ঘোষণা, সামাজিক যোগাযোগমাধ্যম, নতুন স্মৃতিসৌধ ও কবরের তথ্য ধরে রুশ সেনাদের মৃত্যুর একটি তালিকা তৈরি করা হয়েছে। এতে ২ লাখ ৯০ হাজার ১২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ফাঁস হওয়া সরকারি নথির সঙ্গে এই তালিকার প্রায় ৯০ শতাংশ তথ্যের মিল রয়েছে।
সামরিক বিশ্লেষকদের ধারণা, এই তালিকায় প্রকৃত মৃত্যুর ৪৫ থেকে ৫৫ শতাংশের তথ্য থাকতে পারে। সে হিসাবে রুশ সেনাদের মোট প্রাণহানি ৫ লাখ ২৭ হাজার থেকে ৬ লাখ ৪৪ হাজারের মধ্যে পৌঁছাতে পারে।
তবে ফাঁস হওয়া নথিতে শনাক্ত করা ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ জনের হিসাব এবং সামগ্রিক প্রাণহানির এই অনুমান এক নয়। নথির বিশ্লেষণে পাওয়া সংখ্যাটিও যুদ্ধের প্রকৃত ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র তুলে ধরে না।
তরুণদের মৃত্যুর বড় অংশই যুদ্ধের কারণে
রাশিয়ার তরুণ জনগোষ্ঠীর ওপর যুদ্ধের প্রভাব বিশেষভাবে উদ্বেগজনক। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে রাশিয়ায় ১৮ থেকে ২৪ বছর বয়সী যেসব পুরুষ মারা গেছেন, তাঁদের ৬৫ শতাংশের মৃত্যু হয়েছে যুদ্ধে। ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের ক্ষেত্রে এই হার ৫৯ শতাংশ।
শুধু ৪৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যে হৃদ্রোগ ও রক্তনালির রোগে মৃত্যুর সংখ্যা যুদ্ধজনিত মৃত্যুর চেয়ে বেশি।
যুদ্ধের প্রথম বছরে নিহত রুশ সেনাদের গড় বয়স ছিল ৩৪ বছর। ২০২৫ সালে বন্দি ও চুক্তিভিত্তিক সেনাদের অংশগ্রহণ বাড়ার সঙ্গে সঙ্গে সেই গড় বয়স বেড়ে ৪০ বছরে দাঁড়িয়েছে।
ছোট গ্রাম দখলেও হাজারো প্রাণহানি
ইউক্রেনের কয়েকটি ছোট এলাকা নিয়ন্ত্রণে নিতে গিয়ে রাশিয়াকে বড় ধরনের প্রাণহানির মুখে পড়তে হয়েছে। যুদ্ধের আগে মোট জনসংখ্যা ১২ হাজার ছিল—এমন ১০টি গ্রামের নিয়ন্ত্রণ নিতে গিয়ে প্রায় ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন।
দোনেৎস্ক অঞ্চলের বাখমুত শহরের দক্ষিণে অবস্থিত আন্দ্রিয়িভকা গ্রামের লড়াইয়েই প্রাণ হারিয়েছেন ১ হাজার ১২২ জন রুশ সেনা। যুদ্ধের আগে গ্রামটির জনসংখ্যা ছিল মাত্র ৭৪ জন।
দরিদ্র অঞ্চলগুলোতে ক্ষতির মাত্রা বেশি
রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার তুলনামূলক দরিদ্র অঞ্চলগুলোতে যুদ্ধের প্রাণহানির হারও বেশি। তুভা, বুরিয়াতিয়া ও জাবাইকালস্কি এলাকার পুরুষদের যুদ্ধে নিহত হওয়ার আশঙ্কা মস্কো ও সেন্ট পিটার্সবার্গের বাসিন্দাদের তুলনায় ২০ থেকে ২৫ গুণ বেশি।
রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া অন্তত ৫ হাজার ১৭ জন বিদেশিও নিহত হয়েছেন বলে নথি বিশ্লেষণে উঠে এসেছে। তাঁদের মধ্যে ১ হাজার ৩১ জন উজবেকিস্তানের এবং ৭২০ জন তাজিকিস্তানের নাগরিক। দ্বৈত নাগরিকত্বধারীদের রুশ নাগরিক হিসেবে গণনা করা হওয়ায় প্রকৃত বিদেশি যোদ্ধার সংখ্যা আরও বেশি হতে পারে।
এ ছাড়া উত্তর কোরিয়ার ২ হাজার ৩০৪ সেনা নিহত হওয়ার তথ্যও সামনে এসেছে। ২০২৪ সালে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অভিযানের সময় তাঁরা রুশ বাহিনীকে সহায়তা করতে গিয়ে প্রাণ হারান বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেনের প্রাণহানির হিসাবেও পার্থক্য
ইউক্রেনের নিহত সেনাদের সংখ্যা নিয়েও ভিন্ন হিসাব রয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২০২৬ সালের জুলাইয়ে নিহত ইউক্রেনীয় সেনার সংখ্যা প্রায় ৫০ হাজার বলে জানিয়েছিলেন। তবে উন্মুক্ত তথ্যের ভিত্তিতে তৈরি আরেকটি তালিকায় এই সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৯৫২ উল্লেখ করা হয়েছে।
রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে নিজেদের সেনাদের প্রাণহানির পূর্ণাঙ্গ সরকারি হিসাব প্রকাশ করেনি। দুই বছর আগে দেশটির পরিসংখ্যান সংস্থা যুদ্ধসহ বিভিন্ন বাহ্যিক কারণে মৃত্যুর তথ্য প্রকাশ করাও বন্ধ করে দেয়।
১৯৮৯ সালে শেষ হওয়া আফগানিস্তান যুদ্ধে ১০ বছরে সোভিয়েত ইউনিয়নের প্রায় ১৫ হাজার সেনা নিহত হয়েছিলেন। প্রায় পাঁচ বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রাণহানির হিসাব সেই সংখ্যার তুলনায় বহুগুণ বেশি। ফাঁস হওয়া নথি ইঙ্গিত দিচ্ছে, যুদ্ধের সামরিক ক্ষয়ক্ষতির পাশাপাশি রাশিয়ার জনসংখ্যাগত ও সামাজিক চাপও ক্রমেই বাড়ছে।












