ধনী নারীদের গোপন সম্পর্ক, যৌনতা, খুনের রহস্য আর রাজনৈতিক দ্বন্দ্ব—সব মিলিয়ে নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘দ্য হান্টিং ওয়াইভস’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক অভিজাত সম্প্রদায়ের জীবনকে কেন্দ্র করে নির্মিত এই সিরিজে রক্ষণশীল ও উদারপন্থীদের সংঘাত যেমন উঠে এসেছে, তেমনি প্রকাশ পেয়েছে ক্ষমতা, সম্পর্ক ও সামাজিক মর্যাদার আড়ালে লুকিয়ে থাকা নানা গোপন ঘটনা। দ্বিতীয় মৌসুমে আরও নাটকীয় ও সাহসী গল্প নিয়ে ফিরছে সিরিজটি।
সিরিজটির গল্পের পটভূমি টেক্সাসের কাল্পনিক অভিজাত জনপদ ম্যাপল ব্রুক। সেখানে প্রভাবশালী ও বিত্তশালী নারীদের একটি দলকে ঘিরে কাহিনি এগিয়েছে। দলটির নেতৃত্বে রয়েছেন তেল ব্যবসায়ীর স্ত্রী মার্গো ব্যাংকস। তাঁর জীবনে নতুন করে জটিলতা তৈরি হয় যখন পূর্ব উপকূল থেকে আসা সাবেক রাজনৈতিক জনসংযোগকর্মী সোফি ও’নিল এই সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হন।
রাজনৈতিক আদর্শে দুজনের অবস্থান বিপরীত হলেও সোফি ও মার্গোর মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। তাঁদের বিবাহিত জীবন, গোপন আকাঙ্ক্ষা এবং সামাজিক অবস্থান ধরে রাখার চেষ্টা একসময় নানা বিতর্ক ও কেলেঙ্কারির জন্ম দেয়।
প্রথম মৌসুমেই দর্শকপ্রিয়তা
প্রথম মৌসুমের শুরু থেকেই সিরিজটি প্রচলিত টেলিভিশন নাটকের চেয়ে অনেক বেশি সাহসী উপস্থাপনা নিয়ে হাজির হয়। একটি অভিজাত অনুষ্ঠানে দুই প্রধান চরিত্রের প্রথম পরিচয়, ব্যক্তিগত সম্পর্কের জটিলতা এবং প্রকাশ্য সামাজিক আচরণের আড়ালে থাকা গোপন জীবন দর্শকদের নজর কাড়ে।
প্রথম মৌসুমটি নেটফ্লিক্সে ৩ কোটি ৫০ লাখের বেশি বার দেখা হয়েছে। যুক্তরাষ্ট্রসহ ১০টি দেশে এটি জনপ্রিয়তার তালিকার শীর্ষে উঠে আসে। দ্বিতীয় মৌসুমে হত্যাকাণ্ডের তদন্তকে কেন্দ্র করে নতুন রহস্য তৈরি হলেও সোফি ও মার্গোর সম্পর্ক এবং অভিজাত পরিবারগুলোর দ্বৈত জীবনই গল্পের প্রধান আকর্ষণ হয়ে থাকছে।
রক্ষণশীল ও উদারপন্থীদের দ্বন্দ্ব
‘দ্য হান্টিং ওয়াইভস’কে যুক্তরাষ্ট্রের নতুন ধরনের ‘রেড স্টেট’ টেলিভিশন ধারার অংশ হিসেবে দেখা হচ্ছে। এসব সিরিজের গল্প সাধারণত যুক্তরাষ্ট্রের গ্রামীণ বা রক্ষণশীল রাজনৈতিক পরিবেশে আবর্তিত হয়। শহরকেন্দ্রিক জীবন ও রাজনীতির বাইরে থাকা মানুষের অভিজ্ঞতাও এতে গুরুত্ব পায়।
এই ধারার আলোচিত অন্য সিরিজগুলোর মধ্যে রয়েছে ‘ইয়েলোস্টোন’, ‘ল্যান্ডম্যান’ ও ‘ডাটন র্যাঞ্চ’।
তবে ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর বিশেষত্ব হলো, এটি শুধু রক্ষণশীল রাজনীতিকে ব্যঙ্গ করে না; উদারপন্থীদের আচরণ ও নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলে। টেক্সাসের প্রভাবশালী রিপাবলিকান পরিবারের সদস্যদের একদিকে রক্ষণশীল মূল্যবোধের কথা বলতে দেখা যায়, অন্যদিকে তাঁদের ব্যক্তিগত আচরণে সেই অবস্থানের সঙ্গে বড় ধরনের অসংগতি প্রকাশ পায়।
একইভাবে পূর্ব উপকূল থেকে আসা উদারপন্থী সোফি ও তাঁর স্বামী গ্রাহামও নতুন সমাজে গ্রহণযোগ্যতা পেতে গিয়ে নিজেদের নীতিগত অবস্থান থেকে সরে আসেন।
সিরিজটির রাজনৈতিক ভাষ্য মূলত দুই পক্ষের দ্বিচারিতা ও রাজনীতির প্রচারনির্ভর চরিত্রকে সামনে আনে। এখানে রাজনৈতিক অবস্থানের চেয়ে জনসমক্ষে নিজেকে কীভাবে উপস্থাপন করা হচ্ছে, সেটিই অনেক সময় চরিত্রগুলোর কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
টেক্সাসের সমাজজীবনের প্রতিফলন
টেক্সাসের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতাও সিরিজটির গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই অঙ্গরাজ্যে রক্ষণশীল ও উদারপন্থী—দুই ধরনের রাজনৈতিক মতাদর্শের মানুষের বসবাস। ফলে ভিন্নমতের মানুষের সঙ্গে সামাজিক ও পেশাগত যোগাযোগ সেখানে অস্বাভাবিক নয়।
সিরিজে বিভিন্ন রাজনৈতিক অবস্থানের চরিত্রদের মধ্যে ঠাট্টা, বিদ্রূপ ও পারস্পরিক বিচার করার যে প্রবণতা দেখা যায়, তা টেক্সাসের বহুমাত্রিক সমাজের একটি দিক তুলে ধরে।
নির্মাতা রেবেকা কাটারের লক্ষ্য ছিল রাজনৈতিক ও সাংস্কৃতিক বিভাজনকে গুরুগম্ভীর বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বিনোদনমূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা। এ কারণেই সিরিজটি কোনো একটি রাজনৈতিক পক্ষের হয়ে সরাসরি অবস্থান না নিয়ে দুই পক্ষের আচরণকেই ব্যঙ্গ করেছে।
নারী-দৃষ্টিকোণে যৌনতার উপস্থাপন
সিরিজটির আলোচনার বড় একটি অংশজুড়ে রয়েছে যৌনতা ও নারীর ব্যক্তিগত আকাঙ্ক্ষার উপস্থাপন। সোফি ও মার্গোর সম্পর্কের পাশাপাশি অন্য নারী চরিত্রদের ঘনিষ্ঠ সম্পর্ক এবং দাম্পত্য জীবনের ব্যক্তিগত মুহূর্তও গল্পে জায়গা পেয়েছে।
মূলধারার বিনোদনে নারীর যৌন আকাঙ্ক্ষা ও আনন্দকে যেভাবে সাধারণত উপস্থাপন করা হয়, সিরিজটি তার বাইরে যাওয়ার চেষ্টা করেছে। নারী নির্মাতা, পরিচালক ও অভিনয়শিল্পীদের অংশগ্রহণে দৃশ্যগুলোর উপস্থাপনায় নারীর দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
দ্বিতীয় মৌসুমে এই দিকটি আরও স্পষ্টভাবে সামনে আনা হচ্ছে। নতুন মৌসুমের প্রচারণায়ও যৌন ইঙ্গিতপূর্ণ দৃশ্য ও উপস্থাপনাকে গুরুত্ব দিয়েছে নেটফ্লিক্স।
তৃতীয় মৌসুমেরও অনুমোদন
দ্বিতীয় মৌসুম মুক্তির আগেই সিরিজটির তৃতীয় মৌসুমের অনুমোদন দিয়েছে নেটফ্লিক্স। এতে বিভিন্ন শ্রেণি ও রাজনৈতিক মতাদর্শের দর্শকের কাছে সিরিজটির গ্রহণযোগ্যতা নিয়ে নির্মাতাদের আস্থার ইঙ্গিত পাওয়া যায়।
‘দ্য হান্টিং ওয়াইভস’-এর আকর্ষণ শুধু যৌনতা বা কেলেঙ্কারিতে সীমাবদ্ধ নয়। টেক্সাসের অভিজাত সমাজ, রাজনৈতিক বিভাজন, সামাজিক মর্যাদার লড়াই এবং ব্যক্তিগত জীবনের গোপন দ্বন্দ্বকে একসঙ্গে তুলে ধরেছে এর গল্প।
দ্বিতীয় মৌসুম আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে ২৬ নভেম্বর। নতুন মৌসুমে রহস্য ও সম্পর্কের টানাপোড়েন কতটা বাড়ে, সেটিই এখন দর্শকদের আগ্রহের কেন্দ্রে।












