২০২৮ সালে ভারতকে সঙ্গে নিয়ে চাঁদে অভিযান চালানোর পরিকল্পনা, লক্ষ্য পানি থেকে রকেটের জ্বালানি তৈরি
চাঁদের দক্ষিণ মেরুতে পানির সন্ধানে নতুন রোভার তৈরির পরীক্ষামূলক মডেল প্রকাশ করেছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা। ২০২৮ সালে ভারতকে সঙ্গে নিয়ে চাঁদে এই অভিযান পরিচালনার পরিকল্পনা করেছে দেশটি। চাঁদে পানির অস্তিত্ব ও পরিমাণ শনাক্ত করার পাশাপাশি ভবিষ্যতে সেই পানি ব্যবহার করে রকেটের জ্বালানি তৈরির সম্ভাবনা যাচাই করবে এই অভিযান।
বুধবার (২৫ নভেম্বর) টোকিওতে জাক্সার সদর দপ্তরে লুনার পোলার এক্সপ্লোরেশন বা লুপেক্স (এলইউপিইএক্স) মিশনের রোভারের পরীক্ষামূলক মডেল সাংবাদিকদের সামনে উন্মোচন করা হয়।
এই অভিযানে জাপান রোভার তৈরি করবে এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (আইএসআরও) তৈরি করবে চাঁদে অবতরণের যান। গত বছর দুই দেশ যৌথভাবে এই মিশন পরিচালনার বিষয়ে সম্মত হয়।
চাঁদের অন্ধকার অঞ্চলে পানির সন্ধান
বিজ্ঞানীদের ধারণা, চাঁদের মেরু অঞ্চলে এমন কিছু এলাকা রয়েছে, যেখানে কখনো সূর্যের আলো পৌঁছায় না। এসব অঞ্চলকে স্থায়ী ছায়াযুক্ত এলাকা বলা হয়। সেখানে চাঁদের পৃষ্ঠের কাছাকাছি পানির অস্তিত্ব থাকার সম্ভাবনা রয়েছে।
লুপেক্স মিশনের রোভার এসব এলাকায় পানির উৎস শনাক্ত করবে। পাশাপাশি পানির পরিমাণ ও গুণগত বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। প্রয়োজনে নির্দিষ্ট স্থানে খনন করে নমুনাও সংগ্রহ করবে।
মিশনটির প্রকল্প ব্যবস্থাপক তাকেশি হোশিনো বলেন, ভবিষ্যতে চাঁদের পানি ব্যবহার করে রকেটের জ্বালানি তৈরি করাই তাঁদের অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি জানান, পানি থেকে হাইড্রোজেন ও অক্সিজেন আলাদা করে রকেটের জ্বালানি তৈরির সম্ভাবনা রয়েছে। এতে পৃথিবী থেকে প্রতিবার বিপুল পরিমাণ জ্বালানি বহন করার প্রয়োজন কমতে পারে।
চার পায়ের রোভারের পরীক্ষা
জাক্সা রোভারের চার পায়ের একটি পরীক্ষামূলক মডেল তৈরি করেছে। বিভিন্ন প্রতিকূল পরিবেশে এর চলাচল ও কার্যক্ষমতা পরীক্ষা করা হচ্ছে।
হোশিনো জানান, একটি পা ব্যবহার করে ঢাল বেয়ে ওঠা, দুই পায়ের সাহায্যে ধারাবাহিকভাবে চলাচল এবং বায়ুশূন্য পরিবেশে চলার সক্ষমতা পরীক্ষা করা হয়েছে।
চাঁদের দুর্গম ও অন্ধকার অঞ্চলে অনুসন্ধানের জন্য রোভারটির এই সক্ষমতা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিজ্ঞানীরা।
মহাকাশ প্রতিযোগিতায় জাপান-ভারতের সহযোগিতা
বিশ্বজুড়ে চাঁদ ও অন্যান্য মহাজাগতিক বস্তু অনুসন্ধানের প্রতিযোগিতা বাড়ছে। ২০২৪ সালে জাপান চাঁদে একটি মনুষ্যবিহীন মহাকাশযান অবতরণ করায়। অবতরণের সময় যানটি কাত হয়ে গেলেও এই সাফল্যের মাধ্যমে চাঁদে সফলভাবে মহাকাশযান অবতরণকারী পঞ্চম দেশ হয় জাপান।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাইরে প্রথম বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে চাঁদে নিয়ন্ত্রিতভাবে মহাকাশযান অবতরণের চেষ্টা করেছিল জাপানের টোকিওভিত্তিক প্রতিষ্ঠান আইস্পেস। তবে গত বছর তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।
এ ছাড়া গত মাসে জাক্সা মঙ্গলের একটি উপগ্রহে নমুনা সংগ্রহের উদ্দেশ্যে মহাকাশযান উৎক্ষেপণ করেছে। সৌরজগতের উৎপত্তি এবং পৃথিবীতে প্রাণের বিকাশ সম্পর্কে নতুন তথ্য পাওয়ার আশা করা হচ্ছে ওই অভিযান থেকে।
চাঁদের পানির সন্ধানে লুপেক্স মিশন সফল হলে ভবিষ্যতে চাঁদকে মহাকাশ অভিযানের জ্বালানি ও সরবরাহকেন্দ্র হিসেবে ব্যবহারের পথ খুলতে পারে।












