কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিস্তারে বদলে যাচ্ছে কাজের ধরন, পেশার চাহিদা ও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা। ২০৩০ সালের মধ্যে বর্তমানে কর্মীদের ব্যবহৃত প্রায় ৪০ শতাংশ দক্ষতায় পরিবর্তন আসতে পারে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভবিষ্যতের চাকরির জন্য প্রস্তুত করতে প্রচলিত শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন বলে মনে করছেন সংযুক্ত আরব আমিরাতের শিক্ষা বিশেষজ্ঞরা।
তাঁদের মতে, শুধু পরীক্ষায় ভালো ফল কিংবা নির্দিষ্ট কোনো পেশার জন্য প্রস্তুতি নেওয়াই যথেষ্ট নয়। ভবিষ্যতের কর্মক্ষেত্রে টিকে থাকতে শিক্ষার্থীদের প্রয়োজন হবে দ্রুত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা, নতুন কিছু শেখার আগ্রহ, বাস্তব অভিজ্ঞতা এবং মানুষের সঙ্গে কাজ করার দক্ষতা।
দুবাইয়ে অনুষ্ঠিত ‘এডুকেশন সামিট ২০২৬’-এ এ বিষয়ে আলোচনা করেন শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে নলেজ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট অথরিটির ভবিষ্যৎ সম্ভাবনা ও শিক্ষা বিশেষজ্ঞ ড. জন সুইনি বলেন, ২০৩০ সালের মধ্যে কর্মীদের বর্তমান দক্ষতার প্রায় ৪০ শতাংশ পরিবর্তিত হতে পারে। ফলে কোনো একটি দক্ষতা অর্জন করলেই দীর্ঘদিন তা দিয়ে কর্মজীবন চালানো যাবে—এমন ধারণা নতুন করে ভাবতে হবে।
তিনি বলেন, আগে শিক্ষার্থীদের কোডিং বা তথ্যপ্রযুক্তির মতো বিষয়ে পড়াশোনার পরামর্শ দেওয়া হতো। কিন্তু এআইয়ের সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে এসব ক্ষেত্রেও কাজের ধরন বদলে যাচ্ছে। তাই নির্দিষ্ট একটি দক্ষতার ওপর নির্ভর না করে নতুন পরিস্থিতি অনুযায়ী নিজেকে তৈরি করার সক্ষমতা গড়ে তোলাই জরুরি।
প্রযুক্তি নিয়ে সচেতনতা আছে, প্রস্তুতিতে ঘাটতি
প্রায় আট হাজার উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকের ওপর পরিচালিত একটি জরিপে দেখা গেছে, ৮২ শতাংশ শিক্ষার্থী মনে করে, আগামী এক দশকে প্রযুক্তি তাদের ভবিষ্যৎকে প্রভাবিত করবে।
তবে জরিপে আরেকটি গুরুত্বপূর্ণ চিত্র উঠে এসেছে। মাত্র ২২ শতাংশ শিক্ষা পরামর্শক ও বিদ্যালয়প্রধান মনে করেন, অধিকাংশ শিক্ষার্থী ভবিষ্যতের চাকরির জন্য কী ধরনের দক্ষতা প্রয়োজন, তা যথেষ্ট ভালোভাবে বোঝে।
অর্থাৎ প্রযুক্তির পরিবর্তন সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা থাকলেও সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত করার ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি রয়েছে।
যে চাকরি এখনো তৈরি হয়নি, তার জন্যও প্রস্তুতি
নলেজ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট অথরিটির শিক্ষা মান নিশ্চিতকরণ ও তদারকি সংস্থার প্রধান নির্বাহী ফাতমা ইব্রাহিম বেলরেহিফ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে শেখা ও কাজের ধরন বদলে দিচ্ছে, তাতে নতুন পেশার সৃষ্টি হচ্ছে এবং প্রতিষ্ঠিত অনেক পেশার চরিত্রও পরিবর্তিত হচ্ছে। ফলে শিক্ষা থেকে কর্মজীবনে প্রবেশের পথ আগের তুলনায় অনেক বেশি বৈচিত্র্যময় হয়ে উঠছে।
তাঁর মতে, শিক্ষার্থীদের শুধু বর্তমান কর্মবাজারের জন্য প্রস্তুত করলে চলবে না। বরং ভবিষ্যতের অনিশ্চিত পরিস্থিতি মোকাবিলা এবং পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার আত্মবিশ্বাস তৈরি করতে হবে।
তিনি অভিযোজনক্ষমতা ও মানসিক দৃঢ়তার ওপর বিশেষ গুরুত্ব দেন। এর অর্থ শুধু কঠিন পরিস্থিতিতে টিকে থাকা নয়; পরিস্থিতি বুঝে কখন চেষ্টা চালিয়ে যেতে হবে এবং কখন নতুন পথ বেছে নিতে হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাও এর অন্তর্ভুক্ত।
বেলরেহিফের মতে, শিক্ষার্থীদের পেশা নির্বাচনের পরামর্শ দেওয়ার আগে তাদের আগ্রহ, সামর্থ্য ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষা বোঝা জরুরি। কোন পেশায় যেতে চায়, তা জানতে চাওয়ার আগে জানতে হবে—কোন কাজে তারা ভালো, কোন বিষয় তাদের আনন্দ দেয় এবং ভবিষ্যতে তারা কেমন মানুষ হতে চায়।
এ জন্য শিক্ষাজীবনের শেষ পর্যায়ের অপেক্ষা না করে শুরু থেকেই শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে জানার এবং নিজেদের দক্ষতা আবিষ্কারের সুযোগ দিতে হবে।
প্রযুক্তির পাশাপাশি মানবিক দক্ষতাও জরুরি
এআই মানুষের প্রচলিত অনেক কাজ করতে সক্ষম হয়ে উঠলেও আবেগীয় বুদ্ধিমত্তা, যোগাযোগ, দলগত সহযোগিতা ও অন্যের সঙ্গে কাজ করার দক্ষতার গুরুত্ব কমছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা।
ড. সুইনি বলেন, ভবিষ্যতের কর্মক্ষেত্রে প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি ও তা বজায় রাখার সক্ষমতাও গুরুত্বপূর্ণ হবে। শিক্ষার্থীরাও শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ বজায় রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে।
তাঁর মতে, বিভিন্ন কর্মক্ষেত্র ঘুরে দেখা, পেশাজীবীদের সঙ্গে কথা বলা এবং বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশা সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে পারে। এতে তারা নিজেদের আগ্রহ ও সম্ভাবনার সঙ্গে মিল রেখে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে।
শিক্ষার মূল্যায়নে আনন্দ, কৌতূহল ও কল্পনাশক্তিকেও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর মতে, শিক্ষা কেবল পরীক্ষার ফল বা নম্বরের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। শেখার প্রক্রিয়ায় আনন্দ এবং নতুন কিছু আবিষ্কারের আগ্রহও থাকতে হবে।
বিশেষজ্ঞদের আলোচনায় স্পষ্ট হয়েছে, এআইয়ের যুগে ভবিষ্যতের কর্মজীবনের প্রস্তুতি মানে শুধু প্রযুক্তি শেখা নয়। বরং পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া, নিয়মিত নতুন দক্ষতা অর্জন, বাস্তব অভিজ্ঞতা নেওয়া এবং মানবিক গুণাবলি বিকাশের সমন্বিত প্রস্তুতিই শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।












