ভারতের স্যাটেলাইট উৎপাদনশিল্পের সরবরাহব্যবস্থা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের জন্য আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। দেশটির বেসরকারি খাতের অংশগ্রহণও এখনো সীমিত। মূলত কাঠামোগত সংযোজন এবং প্রপালশন বা চালনা-ব্যবস্থার যন্ত্রাংশ উৎপাদনেই তাদের ভূমিকা বেশি। এসব ক্ষেত্রেও প্রতিষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান এবং দীর্ঘদিন ধরে কাজ করা কয়েকটি বেসরকারি সংস্থা প্রাধান্য বিস্তার করে আছে।
ভারতের বেসরকারি মহাকাশশিল্পের নিয়ন্ত্রক ও উন্নয়ন-সহায়ক সংস্থা ইন-স্পেসের (আইএন-স্পেস) এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছেন, ভারতের মহাকাশ অর্থনীতির বর্তমান বাজারমূল্য প্রায় ৯০০ কোটি ডলার। আগামী এক দশকেরও কম সময়ে তা বেড়ে ৪ হাজার থেকে ৪ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছাতে পারে। তাঁর ভাষ্য অনুযায়ী, কয়েক বছরের মধ্যে বেসরকারি মহাকাশ খাতে হাতে গোনা কয়েকটি স্টার্টআপের সংখ্যা বেড়ে প্রায় ৪০০ থেকে ৫০০ প্রতিষ্ঠানে দাঁড়াতে পারে।
বুধবার প্রকাশিত ‘ভারতে স্যাটেলাইট উৎপাদনের সরবরাহব্যবস্থার চিত্র’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, একটি স্যাটেলাইটের মোট ব্যয়ের প্রায় ৬০ শতাংশই চলে যায় ইলেকট্রনিক, বৈদ্যুতিক ও ইলেকট্রোমেকানিক্যাল যন্ত্রাংশ এবং বিশেষায়িত উপকরণ কেনায়। এসব উপকরণের বড় অংশই বিদেশ থেকে আমদানি করতে হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতে পরীক্ষা ও মাননিয়ন্ত্রণ সনদ দেওয়ার পর্যাপ্ত অবকাঠামো নেই। এর ফলে আন্তর্জাতিক বাজারে ভারতীয় প্রতিষ্ঠানের পণ্য গ্রহণযোগ্যতা অর্জনের সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে। অনেক প্রতিষ্ঠান এখনো মূলত নির্দিষ্ট প্রকল্পভিত্তিক উৎপাদনব্যবস্থায় কাজ করে। এতে স্বয়ংক্রিয় উৎপাদনপ্রযুক্তি ও দীর্ঘমেয়াদি উৎপাদন সক্ষমতায় বিনিয়োগের আগ্রহ কমে যাচ্ছে।
গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সংগ্রহ করতেও দীর্ঘ সময় লাগে। অনেক ক্ষেত্রে একটি যন্ত্রাংশ পেতে ১২ থেকে ১৬ মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। এতে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ঘটে এবং বাজারের নতুন সুযোগ কাজে লাগানোর সক্ষমতা কমে যায়।
স্যাটেলাইট সিস্টেম প্রকৌশল, মান নিশ্চিতকরণ, পরীক্ষা ও প্রযুক্তিগত যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে প্রশিক্ষিত এবং দক্ষ জনবলের সংকটও রয়েছে। পাশাপাশি বেসরকারি খাতে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম সীমিত এবং প্রযুক্তি হস্তান্তরের সুযোগও পর্যাপ্ত নয়।
বিশ্ববাজারে সরবরাহকারী হওয়ার সম্ভাবনা
প্রতিবেদনটি তৈরি করেছেন ইন-স্পেসের ব্রিজেশ কুমার সোল ও যুধিষ্ঠির জে। সংস্থাটির চেয়ারম্যান পবন গোয়েঙ্কা এটি অনুমোদন করেছেন। প্রতিবেদনটি কোনো পরিসংখ্যানভিত্তিক জরিপ নয়; বরং ভারতের স্যাটেলাইট উৎপাদনশিল্পের সরবরাহব্যবস্থার একটি বর্ণনামূলক চিত্র তুলে ধরেছে।
এতে ভারতের ৫৩টি সরবরাহকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি ১৬২টি প্রতিষ্ঠানের তালিকা দেওয়া হয়েছে। বিদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, ফ্রান্স ও নেদারল্যান্ডসের কোম্পানি রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে স্বল্প ব্যয়ের ছোট স্যাটেলাইট, উন্নত যোগাযোগ পেলোড এবং উচ্চ রেজল্যুশনের চিত্র ধারণব্যবস্থার চাহিদা দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে ভারতের বেসরকারি খাতের সামনে শুধু স্যাটেলাইট সংযোজনের কাজ থেকে বেরিয়ে এসে স্যাটেলাইট সিস্টেম ও উপব্যবস্থার বড় রপ্তানিকারক হয়ে ওঠার সুযোগ রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নীতিগত উদ্যোগ, কৌশলগত বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে চিহ্নিত সীমাবদ্ধতাগুলো দূর করা গেলে আগামী এক দশকের মধ্যে ভারত মহাকাশযানের জন্য বিশেষায়িত যন্ত্রাংশ, স্যাটেলাইট প্ল্যাটফর্ম এবং পূর্ণাঙ্গ সমাধানের নির্ভরযোগ্য বৈশ্বিক সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।
চলতি সপ্তাহের শুরুতে ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশনের (আইএসপিএ) আয়োজিত পঞ্চম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্পেস কনক্লেভে পবন গোয়েঙ্কা বলেন, ভারতের মহাকাশ খাতের সংস্কারের প্রথম ধাপে বেসরকারি অংশগ্রহণের সুযোগ তৈরি করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা হয়েছে। এখন পরবর্তী লক্ষ্য হওয়া উচিত এ খাতে বড় পরিসরে চাহিদা তৈরি করা।












