ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদের অভিযোগ তদন্তে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) দেওয়া এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ বাতিল করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে মামলাটি নতুন করে শুনানির জন্য হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে।
বুধবার ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনা।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রাহুল গান্ধীকে মামলার পক্ষভুক্ত করতে হবে। এরপর এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি একটি নতুন বিচারিক বেঞ্চ গঠন করবেন। সেই বেঞ্চ উন্মুক্ত আদালতে শুরু থেকে মামলার শুনানি করবে এবং রাহুল গান্ধীকে নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেবে।
রাহুল গান্ধীর পক্ষ থেকে জ্যেষ্ঠ আইনজীবী কপিল সিবাল ও আইনজীবী প্রসন্ন এস আদালতে যুক্তি দেন, তাঁকে মামলার পক্ষ না করে এবং তাঁর বক্তব্য না শুনেই হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছিল। তাঁদের মতে, এ ধরনের একতরফা আদেশ তদন্তের নামে তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যহীন অনুসন্ধানের সুযোগ তৈরি করেছিল।
প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, আদালত এখানে শুনানির মৌলিক নীতির বিষয়টি বিবেচনা করছে। মামলার মূল অভিযোগের সত্যতা বা যৌক্তিকতা নিয়ে তাঁরা কোনো পর্যবেক্ষণ দিতে চান না।
শুনানির অধিকার নিয়ে আইনি বিতর্ক
মামলার অভিযোগকারী বিগ্নেশ শিশির আদালতে যুক্তি দেন, প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) দায়েরের আগের পর্যায়ে কোনো অভিযুক্তের বক্তব্য শোনার স্বতঃসিদ্ধ অধিকার নেই।
তবে বিচারপতি জয়মাল্য বাগচী ভারতের নতুন ফৌজদারি কার্যবিধি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) প্রসঙ্গ তুলে বলেন, নতুন আইনে তদন্তপূর্ব পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শোনার সুযোগের পরিধি সম্প্রসারিত হয়েছে।
রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ গত মে ও জুলাই মাসে কয়েক দফা নির্দেশ দিয়েছিল। এসব নির্দেশে সিবিআই ও ইডিকে অভিযোগগুলো খতিয়ে দেখতে বলা হয়।
এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে রাহুল গান্ধীর পক্ষ থেকে বলা হয়েছিল, মামলার কার্যক্রমে একাধিক মৌলিক আইনি নীতি উপেক্ষা করা হয়েছে। বিশেষ করে, বিচারিক কার্যক্রম গোপন কক্ষে পরিচালনা, নথিপত্র ও বক্তব্য সিলগালায় রাখা এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে শুনানির সুযোগ না দেওয়ার বিষয়গুলো নিয়ে আপত্তি জানানো হয়।
সুপ্রিম কোর্টের বুধবারের আদেশে হাইকোর্টের আগের নির্দেশগুলো বাতিল হলেও অভিযোগের merits বা সত্যতা সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি। বরং অভিযোগের গ্রহণযোগ্যতা এবং মামলার আইনি ভিত্তিসহ সব বিষয় নতুন করে বিবেচনার জন্য হাইকোর্টে পাঠানো হয়েছে। ফলে রাহুল গান্ধীর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদের অভিযোগের বিষয়ে বিচারিক প্রক্রিয়া এখনো নিষ্পত্তি হয়নি।












