তুর্কমেনিস্তান চলতি বছরের শেষ নাগাদ আফগানিস্তানের হেরাত শহর পর্যন্ত গ্যাস পাইপলাইনের একটি অংশের নির্মাণকাজ শেষ করার আশা করছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা চ্যালেঞ্জ সত্ত্বেও এই সংযোগ চালু হলে ভবিষ্যতে পাইপলাইনটি ভারত পর্যন্ত সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অর্থায়ন পাওয়ার পথ তৈরি হতে পারে।
তুর্কমেন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সাল থেকে নির্মাণাধীন পাইপলাইনের এই অংশ দিয়ে ২০২৭ সালের শুরুর দিকে আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর হেরাত পর্যন্ত গ্যাস সরবরাহ শুরু হওয়ার কথা।
আফগান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হেরাত পর্যন্ত পাইপলাইন নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০ কোটি ডলার। এটি তুর্কমেনিস্তান–আফগানিস্তান–পাকিস্তান–ভারত (টিএপিআই) গ্যাস পাইপলাইন প্রকল্পের অংশ। পুরো প্রকল্পের পরিকল্পিত বার্ষিক পরিবহন সক্ষমতা ৩৩ বিলিয়ন ঘনমিটার। তুর্কমেন কর্মকর্তাদের হিসাবে, শুরুতে আফগানিস্তান বছরে মাত্র ৫০ কোটি ঘনমিটার গ্যাস কিনবে। অর্থাৎ পাইপলাইনে বিপুল পরিমাণ অতিরিক্ত সক্ষমতা থেকে যাবে, যা দিয়ে পাকিস্তান ও ভারতের মতো বড় বাজারে গ্যাস সরবরাহ করা সম্ভব।
ভারত ও পাকিস্তান সম্মিলিতভাবে বছরে প্রায় ৪৫ থেকে ৫০ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস আমদানি করে। এর প্রায় পুরোটাই সমুদ্রপথে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি হিসেবে আসে।
তবে আফগানিস্তানের সংঘাত, ভারত-পাকিস্তান বৈরিতা এবং প্রকল্পের বিপুল ব্যয়ের কারণে বিশ্লেষক, বিনিয়োগকারী ও জ্বালানি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা দীর্ঘদিন ধরে টিএপিআই প্রকল্পকে বাস্তবায়ন-অযোগ্য বলে মনে করে আসছেন।
এ পর্যন্ত প্রকল্পটির অর্থায়ন করেছে তুর্কমেনিস্তান। বিশ্লেষকদের ধারণা, পুরো প্রকল্প বাস্তবায়নে প্রায় ১০ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়, এমনকি তুর্কমেনিস্তানও আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দেওয়ায় সম্ভাব্য বিনিয়োগকারীরা অর্থায়নে আগ্রহী হতে দ্বিধায় থাকতে পারেন।
তবে তুর্কমেন কর্মকর্তাদের আশা, জ্বালানির উচ্চমূল্য এবং ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহের চাহিদা বাড়ায় প্রকল্পটি নতুন করে গুরুত্ব পেতে পারে।
বিশ্বের চতুর্থ বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে তুর্কমেনিস্তানে। কিন্তু দেশটির গ্যাস রপ্তানি প্রায় পুরোপুরি চীনের ওপর নির্ভরশীল। নতুন পাইপলাইন চালু হলে ভারত ও পাকিস্তানের মতো বড় বাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে। এতে একক ক্রেতার ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি রপ্তানি আয় বাড়ানোর সম্ভাবনাও তৈরি হবে।
আফগানিস্তানের রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানি গত আগস্টে হেরাতে সরবরাহ করা গ্যাস কেনার বিষয়ে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরের কথা জানিয়েছিল। তবে সেখানে গ্যাসের দাম উল্লেখ করা হয়নি।
মন্তব্য জানতে চাইলে হেরাত প্রদেশের তালেবান গভর্নরের কার্যালয় বলেছে, টিএপিআই প্রকল্প অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অবকাঠামো উন্নয়নের সম্ভাবনা নিয়ে আসবে।
পাইপলাইন প্রকল্পের দায়িত্বে থাকা তুর্কমেন রাষ্ট্রীয় কোম্পানির প্রধান মুহাম্মেতমিরাত আমানোভ রয়টার্সকে বলেন, হেরাত পর্যন্ত পাইপলাইন নির্মাণ শেষ হলে প্রকল্প থেকে প্রাথমিক আয় আসতে শুরু করবে। একই সঙ্গে ঋণদাতা ও অর্থায়নকারীদের আস্থা বাড়বে।
সম্ভাব্য অর্থায়নকারী প্রতিষ্ঠান হিসেবে তিনি এশীয় উন্নয়ন ব্যাংক এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের নাম উল্লেখ করেন।
ইসলামী উন্নয়ন ব্যাংক এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। এশীয় উন্নয়ন ব্যাংকও অর্থায়নের বিষয়ে কোনো নিশ্চয়তা দেয়নি। সংস্থাটি রয়টার্সকে জানিয়েছে, ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে নিয়মিত সহায়তা স্থগিত করা হলেও টিএপিআই প্রকল্পের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে।
ব্যাংকটি বলেছে, কারিগরি সহায়তা বা অর্থায়নের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত ওই সময়ের পরিস্থিতি, যথাযথ যাচাই-বাছাই এবং সংস্থাটির প্রযোজ্য অনুমোদনপ্রক্রিয়ার ওপর নির্ভর করবে।
তুর্কমেনিস্তানের দাবি, সেরহেতাবাত-হেরাত অংশের ১৫৩ কিলোমিটার পাইপলাইনের মধ্যে প্রায় ১২৪ কিলোমিটার পাইপ বসানো ও জোড়া লাগানোর কাজ শেষ হয়েছে। ফলে আফগানিস্তানের অংশের নির্মাণকাজ প্রায় শেষের দিকে। কিন্তু পাকিস্তান ও ভারত পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পিত ১ হাজার ৮০০ কিলোমিটার পথের তুলনায় এ অংশ এখনো মোট দৈর্ঘ্যের এক-দশমাংশেরও কম।

আশগাবাতে অবস্থানরত এক পশ্চিমা কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাণিজ্যিক বিবেচনায় তুর্কমেনিস্তানের জন্য চীনে গ্যাস রপ্তানি বাড়ানোই সবচেয়ে সহজ ও কম ঝুঁকির পথ বলে মনে হতে পারে।
তবে তাঁর মতে, আশগাবাতের দৃষ্টিতে একজন ক্রেতার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা দেশের জন্য কৌশলগত অস্তিত্বের ঝুঁকি তৈরি করে। এতে ওই ক্রেতা তুর্কমেনিস্তানের অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব বিস্তারের ক্ষমতা পেয়ে যায়।
গ্যাস রপ্তানি বাড়ানোর বিকল্প হিসেবে কাস্পিয়ান সাগরের তলদেশ দিয়ে ইউরোপে পাইপলাইন নির্মাণের সম্ভাবনাও রয়েছে। তবে সমুদ্রতলের সীমানা নির্ধারণসংক্রান্ত বিরোধসহ রাজনৈতিক ও কারিগরি জটিলতার কারণে সেই পথও সহজ নয়।
২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানের অনেক অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও কাবুলের সঙ্গে আশগাবাতের সম্পর্ক তুলনামূলকভাবে বন্ধুত্বপূর্ণ।
কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে পরিস্থিতি জটিল। ভারতের সঙ্গে দেশটির দীর্ঘদিনের বৈরিতা এবং আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের সঙ্গে বর্তমান সংঘাত পুরো প্রকল্প বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে রয়েছে।
এর পাশাপাশি পাকিস্তানের বেলুচিস্তানে কয়েক দশক ধরে চলা বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহও প্রকল্পের জন্য নিরাপত্তাঝুঁকি তৈরি করছে। পাইপলাইনের প্রস্তাবিত পথ এই প্রদেশের ওপর দিয়ে যাওয়ার কথা।
তুর্কমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ফারিয়াল লেঘারি রয়টার্সকে জানিয়েছেন, ইসলামাবাদ এখনো টিএপিআই পাইপলাইন প্রকল্পে আগ্রহী। একই সঙ্গে তুর্কমেনিস্তানের গ্যাস পাকিস্তানের গোয়াদর ও করাচি বন্দরে নিয়ে যাওয়ার একটি পরিপূরক প্রকল্প নিয়েও আগ্রহ রয়েছে পাকিস্তানের। সেখান থেকে গ্যাস তরলীকৃত করে সমুদ্রপথে অন্য দেশে রপ্তানি করা যেতে পারে।
এ বিষয়ে মন্তব্য জানতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।
আশগাবাতে অবস্থানরত ওই পশ্চিমা কূটনীতিকের মতে, আন্তর্জাতিক অর্থায়ন সংগ্রহ করা অত্যন্ত কঠিন হবে। তবু তুর্কমেনিস্তান প্রকল্পটি থেকে সরে আসছে না।
তিনি বলেন, আফগান সীমান্ত পর্যন্ত এবং প্রয়োজনে সীমান্তের ওপারেও কিছু দূর পাইপলাইন অবকাঠামো নির্মাণে নিজেদের অর্থ ব্যয় করতে প্রস্তুত তুর্কমেনিস্তান। তাদের আশা, এভাবে প্রকল্পটি সচল রাখা গেলে ভবিষ্যতে অন্য অংশীদার ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করা সম্ভব হবে।












