রাষ্ট্রীয় মালিকানাধীন ছয় ব্যাংকের আর্থিক সংকট আরও গভীর হচ্ছে। ঋণ আদায়ে নানা উদ্যোগ ও ছাড় দেওয়ার পরও বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা যাচ্ছে না। আদালতে চলমান মামলার কারণে আটকে আছে ব্যাংকগুলোর প্রায় ১ লাখ ৭৫ হাজার কোটি টাকা। সবচেয়ে উদ্বেগের বিষয়, এই অর্থের বড় অংশই আটকে আছে অল্পসংখ্যক বড় ঋণখেলাপির কাছে।
সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও বেসিক ব্যাংকের জুন পর্যন্ত তথ্য অনুযায়ী, মোট ৪৭ হাজার ৪৬৯টি বিচারাধীন মামলায় আটকে রয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭২৭ কোটি টাকা। ব্যাংকগুলোর হিসাবে থাকা মোট খেলাপি ঋণের চেয়েও এই পরিমাণ ২২ হাজার ২১৮ কোটি টাকা বেশি।
অন্যদিকে ছয় ব্যাংকের শীর্ষ ২০ ঋণখেলাপির কাছেই আটকে আছে ৯১ হাজার ১৬৫ কোটি টাকা। অর্থাৎ ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের প্রায় ৬০ শতাংশই রয়েছে মাত্র ২০টি প্রতিষ্ঠানের কাছে।
মোট ঋণের প্রায় অর্ধেকই খেলাপি
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন পর্যন্ত ছয় ব্যাংকের মোট ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ২২ হাজার ৩৪৬ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ১ লাখ ৫২ হাজার ৫০৯ কোটি টাকা। মোট ঋণের ৪৭ দশমিক ৩০ শতাংশই খেলাপি।
তবে আদালতে আটকে থাকা ঋণের পরিমাণ আরও বেশি। শুধু অর্থঋণ আদালতে ১৩ হাজার ৯৭৩টি মামলার বিপরীতে আটকে আছে ১ লাখ ৫৮ হাজার ৫৫ কোটি টাকা। এ ছাড়া ৩২ হাজার ৩৩৯টি সার্টিফিকেট মামলায় আটকে রয়েছে ৩৬০ কোটি টাকা। রিট মামলার সংখ্যা ১ হাজার ১৫৭টি। এসব মামলার বিপরীতে আটকে থাকা অর্থের পরিমাণ ১৬ হাজার ৩১২ কোটি টাকা।
সব মিলিয়ে বিচারাধীন মামলাগুলোতে আটকে থাকা অর্থের পরিমাণ ব্যাংকগুলোর হিসাবে দেখানো খেলাপি ঋণের ১১৪ দশমিক ৬ শতাংশ।
সবচেয়ে বেশি অর্থ আটকে জনতা ব্যাংকের
ব্যাংকভিত্তিক হিসাবে মামলায় আটকে থাকা অর্থের পরিমাণ সবচেয়ে বেশি জনতা ব্যাংকের। গত জুন পর্যন্ত ব্যাংকটির ১১ হাজার ৭০০টি মামলার বিপরীতে আটকে রয়েছে ১ লাখ ২১ কোটি টাকা।
অন্য ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংকের ৯ হাজার ৫৮৭টি মামলায় ২৬ হাজার ৭৭৭ কোটি টাকা, অগ্রণী ব্যাংকের ১৯ হাজার ৮৩২টি মামলায় ১৬ হাজার ৭৩৬ কোটি টাকা, বেসিক ব্যাংকের ৬৯২টি মামলায় ১৬ হাজার ৩২৫ কোটি টাকা, রূপালী ব্যাংকের ৪ হাজার ৭৪৪টি মামলায় ১২ হাজার ৬৬৯ কোটি টাকা এবং বিডিবিএলের ৯১৪টি মামলায় ২ হাজার ১৯৯ কোটি টাকা আটকে আছে।
শীর্ষ ২০ খেলাপির কাছেই ৯১ হাজার কোটি টাকা
ঋণখেলাপির কেন্দ্রীভবনও রাষ্ট্রীয় ব্যাংকগুলোর জন্য বড় ঝুঁকি হয়ে উঠেছে। ছয় ব্যাংকের শীর্ষ ২০ ঋণখেলাপির কাছে আটকে থাকা ৯১ হাজার ১৬৫ কোটি টাকা মোট খেলাপি ঋণের ৫৯ দশমিক ৮ শতাংশ।
এ ক্ষেত্রে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে জনতা ব্যাংক। ব্যাংকটির শীর্ষ ২০ খেলাপির কাছেই রয়েছে ৫৮ হাজার ৬৪৩ কোটি টাকা। এটি ব্যাংকটির মোট খেলাপি ঋণের ৭৭ দশমিক ৪৭ শতাংশ।
অন্যদিকে বিডিবিএলের মোট খেলাপি ঋণের ৫১ দশমিক ৩৬ শতাংশ, রূপালী ব্যাংকের ৪৯ দশমিক ৭৮ শতাংশ, অগ্রণী ব্যাংকের ৪৪ দশমিক ৫৬ শতাংশ, সোনালী ব্যাংকের ৩৫ দশমিক ২১ শতাংশ এবং বেসিক ব্যাংকের ২৮ দশমিক ২৭ শতাংশ রয়েছে শীর্ষ ২০ খেলাপির কাছে।
মামলায় আটকে থাকা অর্থ খেলাপির হিসাবে বেশি কেন
মামলায় আটকে থাকা ঋণ ও ব্যাংকের প্রতিবেদনে দেখানো খেলাপি ঋণের মধ্যে পার্থক্যের কয়েকটি কারণ রয়েছে।
রিট মামলায় আটকে থাকা অর্থের একটি অংশ ব্যাংকের খেলাপি ঋণের হিসাবে অন্তর্ভুক্ত হয় না। একইভাবে অবলোপন করা ঋণও সাধারণ খেলাপি ঋণের হিসাবে দেখানো হয় না। অন্যদিকে অর্থঋণ আদালতের মামলায় অনারোপিত সুদ ও অন্যান্য খরচ যুক্ত করে ঋণের পরিমাণ হিসাব করা হয়। ব্যাংকের খেলাপি ঋণের হিসাবে সাধারণত খেলাপি হওয়ার সময় পর্যন্ত সুদ অন্তর্ভুক্ত থাকে।
এ কারণে মামলায় আটকে থাকা অর্থের পরিমাণ ব্যাংকের প্রতিবেদনে প্রকাশিত খেলাপি ঋণের চেয়ে বেশি দেখা যাচ্ছে।
তারল্য থাকলেও ঋণ বিতরণে দুর্বলতা
ছয় ব্যাংকের তারল্য পরিস্থিতি তুলনামূলক ভালো থাকলেও ঋণ বিতরণে প্রত্যাশিত অগ্রগতি নেই। জুনের তুলনায় সেপ্টেম্বর মাসে অগ্রণী, রূপালী, বিডিবিএল ও বেসিক ব্যাংকের ঋণ প্রবৃদ্ধি কমেছে।
অন্যদিকে একই সময়ে সোনালী ব্যাংকের ঋণ বেড়েছে ৪ দশমিক ৬৩ শতাংশ এবং জনতা ব্যাংকের বেড়েছে মাত্র শূন্য দশমিক ৩৫ শতাংশ।
তবে ছয় ব্যাংকই স্বল্পমেয়াদি তারল্য অনুপাত এবং স্থিতিশীল তহবিলের প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পেরেছে। মূলধন সংরক্ষণের ক্ষেত্রে সক্ষমতা দেখাতে পেরেছে কেবল সোনালী ব্যাংক ও বিডিবিএল।
বিপুল খেলাপি ঋণ, দীর্ঘদিনের বিচারাধীন মামলা এবং বড় ঋণগ্রহীতাদের কাছে অর্থ আটকে থাকার পরিস্থিতি রাষ্ট্রীয় ব্যাংকগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আটকে থাকা অর্থ আদায় না হলে এসব ব্যাংকের আর্থিক সক্ষমতা ও নতুন ঋণ বিতরণের সুযোগ আরও সংকুচিত হওয়ার ঝুঁকি রয়েছে।












