খুলনা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় জেলার ৯টি থানায় বিভিন্ন মামলায় ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ৭৩৮টি যানবাহনে তল্লাশি চালানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিক শুভ্র এসব তথ্য জানান।
তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার ৯টি থানা এলাকায় নিয়মিত অভিযান ও যানবাহন তল্লাশি চালানো হয়েছে। এসব অভিযানে বিভিন্ন মামলায় ৩১ জনকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৯টি মামলা করা হয়েছে। এ ছাড়া ১০টি যানবাহন আটক করা হয়েছে।
অভিযানের সময় মাদকবিরোধী তল্লাশিতে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, খুলনা জেলায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও যানবাহন তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।












