পৃথিবীর দিকে ধেয়ে আসা বিপজ্জনক গ্রহাণুর গতিপথ পরিবর্তন করা সম্ভব কি না, তা পরীক্ষা করে দেখেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এবার সেই পরীক্ষার ফলাফল সরেজমিনে বিশ্লেষণ করতে গ্রহাণুর কাছে পৌঁছেছে ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) মহাকাশযান হেরা। ২০২২ সালে নাসার মহাকাশযান ডার্ট যে গ্রহাণুতে আঘাত করেছিল, তার ক্ষয়ক্ষতি ও পরিবর্তন পরীক্ষা করাই হেরার মূল লক্ষ্য।
বিজ্ঞানীদের আশা, এই অভিযানের মাধ্যমে ভবিষ্যতে পৃথিবীর জন্য হুমকি হয়ে উঠতে পারে এমন গ্রহাণুর গতিপথ পরিবর্তনের কার্যকর কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
গ্রহাণুতে ডার্টের আঘাত
২০২২ সালে নাসার ডার্ট মহাকাশযান পরিকল্পিতভাবে ডিমরফোস নামের একটি গ্রহাণুতে আঘাত করে। ঘণ্টায় প্রায় ২২ হাজার কিলোমিটার গতিতে ছুটে গিয়ে মহাকাশযানটি গ্রহাণুটির সঙ্গে সংঘর্ষে ধ্বংস হয়ে যায়।
পরীক্ষাটির জন্য দুটি গ্রহাণুকে বেছে নেওয়া হয়েছিল। বড়টির নাম ডিডিমোস, যার ব্যাস প্রায় ৭৩০ মিটার। এর চারপাশে ঘুরছিল ছোট গ্রহাণু ডিমরফোস, যার ব্যাস প্রায় ১৫০ মিটার।
ডার্টের আঘাতের আগে ডিমরফোসের ডিডিমোসকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগত ১১ ঘণ্টা ৫৫ মিনিট। সংঘর্ষের পর সেই সময় প্রায় ৩৩ মিনিট কমে যায়।
এতে প্রমাণিত হয়, মহাকাশযানের পরিকল্পিত আঘাতের মাধ্যমে একটি গ্রহাণুর কক্ষপথ পরিবর্তন করা সম্ভব।
আঘাতের পর কী পরিবর্তন হয়েছে?
ডার্টের সংঘর্ষের পর গ্রহাণু থেকে প্রায় ১০ হাজার কিলোমিটার দীর্ঘ ধুলা ও পাথরের ধ্বংসাবশেষের রেখা তৈরি হয়েছিল। পৃথিবী ও মহাকাশে থাকা দূরবীক্ষণ যন্ত্রে সেই দৃশ্য ধরা পড়ে।
তবে সংঘর্ষের পর ডিমরফোসের প্রকৃত অবস্থা সম্পর্কে বিজ্ঞানীদের কাছে পর্যাপ্ত তথ্য ছিল না। আঘাতে গ্রহাণুটিতে বড় গর্ত তৈরি হয়েছে, নাকি এর পুরো আকৃতিই বদলে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ইএসএর হেরা মিশনের প্রধান গবেষক প্যাট্রিক মিশেল বলেন, দুর্ঘটনার স্থান পুনরায় পরিদর্শন করে তদন্ত করার মতোই কাজ করছে হেরা। ডার্টের আঘাতের চূড়ান্ত ফলাফল বুঝতে এই অভিযান গুরুত্বপূর্ণ।
এক বছর ধরে চলবে পর্যবেক্ষণ
হেরা মহাকাশযান আগামী এক বছর ডিমরফোসের বিভিন্ন বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করবে। পাশাপাশি বড় গ্রহাণু ডিডিমোস সম্পর্কেও তথ্য সংগ্রহ করবে।
মহাকাশযানটিতে রয়েছে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি। এর সঙ্গে পাঠানো হয়েছে জুতার বাক্সের আকারের দুটি ছোট উপগ্রহ। এগুলো গ্রহাণুর আরও কাছাকাছি গিয়ে আঘাতের স্থান পরীক্ষা করবে। পরবর্তী সময়ে উপগ্রহ দুটি গ্রহাণুর পৃষ্ঠে অবতরণেরও চেষ্টা করবে।
হেরার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হবে ডিমরফোসের ভর নির্ণয় করা। এর মাধ্যমে ডার্টের আঘাত গ্রহাণুটির গতিপথ পরিবর্তনে কতটা কার্যকর হয়েছিল, তা আরও নির্ভুলভাবে হিসাব করা সম্ভব হবে।
হেরা মিশনের বিজ্ঞানী অধ্যাপক সাইমন গ্রিনের মতে, ভবিষ্যতে পৃথিবীর দিকে ধেয়ে আসা কোনো গ্রহাণুকে সরিয়ে দিতে হলে কী পরিমাণ ভরের মহাকাশযান, কত গতিতে এবং কত আগে পাঠাতে হবে, সে বিষয়ে এই গবেষণা গুরুত্বপূর্ণ তথ্য দেবে।
পৃথিবীর জন্য কতটা বিপজ্জনক গ্রহাণু?
বিজ্ঞানীদের মতে, এক কিলোমিটারের বেশি ব্যাসের বড় গ্রহাণু পৃথিবীতে আঘাত করলে বৈশ্বিক বিপর্যয় ঘটতে পারে। মাঝারি আকারের গ্রহাণু কোনো বড় শহর ধ্বংস করার মতো ক্ষতি করতে পারে।
ডার্ট ও হেরা মিশনে যুক্ত যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স অ্যাপ্লায়েড ফিজিকস ল্যাবরেটরির বিজ্ঞানী ক্যারোলিন আর্নস্ট বলেন, বড় আকারের বিপজ্জনক গ্রহাণুগুলোর অধিকাংশই শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত সেগুলোর কোনোটিই পৃথিবীর দিকে ধেয়ে আসছে না বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।
তবে মাঝারি আকারের অনেক গ্রহাণু এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এগুলোর কোনোটি পৃথিবীতে আঘাত করলে মানবসভ্যতার জন্য বড় ধরনের বিপদ তৈরি হতে পারে।
সামনে আরও মহাকাশ অভিযান
বিপজ্জনক গ্রহাণু শনাক্ত করতে ২০২৭ সালে নাসার নিয়ার-আর্থ অবজেক্ট সার্ভেয়ার নামে একটি মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া অ্যাপোফিস নামের প্রায় ৪৫০ মিটার দীর্ঘ একটি গ্রহাণু নিয়েও গবেষণার প্রস্তুতি চলছে। ২০০৪ সালে এটি আবিষ্কারের পর ধারণা করা হয়েছিল, ২০২৯ সালের ১৩ এপ্রিল পৃথিবীতে আঘাত হানতে পারে।
তবে পরবর্তী পর্যবেক্ষণে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন, অন্তত আগামী ১০০ বছরে গ্রহাণুটির পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা নেই। ২০২৯ সালে এটি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ৩২ হাজার কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করবে।
অ্যাপোফিসকে কাছ থেকে পর্যবেক্ষণের জন্য নাসার ওসিরিস-অ্যাপেক্স এবং ইউরোপীয় মহাকাশ সংস্থা ও জাপানের মহাকাশ গবেষণা সংস্থার যৌথ উদ্যোগে র্যামসেস মহাকাশযান পাঠানোর পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞানীদের লক্ষ্য, মহাকাশের সম্ভাব্য বিপজ্জনক বস্তুগুলো সম্পর্কে আগেভাগে তথ্য সংগ্রহ করা। যাতে কোনো গ্রহাণু পৃথিবীর জন্য হুমকি হয়ে উঠলে সেটিকে প্রতিরোধ করার মতো প্রযুক্তি ও প্রস্তুতি হাতে থাকে।












