যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং ব্যবস্থা ‘ক্লাউড ওয়ান’-এ হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ধরা পড়েছে। এতে সামরিক বাহিনীর কৌশলগত তথ্য, কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত নথি, রসদ ব্যবস্থাপনা এবং সরঞ্জাম রক্ষণাবেক্ষণসংক্রান্ত বিপুল তথ্য ঝুঁকিতে পড়তে পারে। হামলাকারীরা কারা, কতটা ক্ষতি হয়েছে কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গত এক মাসের মধ্যে ব্যবস্থাটির উন্নয়নকাজ চলার সময় অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হয়। এরপর ক্লাউড ওয়ানজুড়ে বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন দেখা দেয়। বিষয়টি তদন্তে যুক্তরাষ্ট্রের সামরিক সাইবার বাহিনী সাইবার কমান্ডকে যুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী এ বিষয়ে নির্দিষ্ট কোনো নেটওয়ার্কের নিরাপত্তা, দুর্বলতা বা কার্যক্রমের অবস্থা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে তাদের তথ্য ও সামরিক সক্ষমতা সুরক্ষায় নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে বাহিনীটি।
বিমানবাহিনীর বহু গুরুত্বপূর্ণ কার্যক্রমের ভিত্তি ক্লাউড ওয়ান
২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ানকে বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি ব্যবস্থার কেন্দ্রীয় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়েছিল। মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেটের প্রযুক্তিগত সক্ষমতা একত্র করে এতে বিভিন্ন সামরিক ও প্রশাসনিক অ্যাপ্লিকেশন পরিচালনা করা হয়।
এসব অ্যাপ্লিকেশনের মাধ্যমে সামরিক সদস্যদের তথ্য, বেতন, রসদ সরবরাহ এবং সরঞ্জাম রক্ষণাবেক্ষণের কাজ পরিচালিত হয়। এর আওতায় রয়েছে বিমানবাহিনীর ‘ক্লাউড-বেইজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ ব্যবস্থা। উত্তর আমেরিকার বিভিন্ন এলাকার আকাশ প্রতিরক্ষা রাডারসহ নানা উৎসের তথ্য একত্র করে এটি।
এ ছাড়া ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’ নামের একটি ব্যবস্থায় বিশ্বের দুই শতাধিক মার্কিন বিমানবাহিনী স্থানে থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখা হয়।
নিয়ন্ত্রণব্যবস্থায় প্রবেশের আশঙ্কা
সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, সফটওয়্যারের একটি দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা ক্লাউড ওয়ানের নিয়ন্ত্রণব্যবস্থা বা ‘কন্ট্রোল প্লেনে’ প্রবেশ করে থাকতে পারে। এই স্তরকে পুরো ব্যবস্থার নিয়ন্ত্রণকেন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। সেখানে প্রবেশাধিকার পেলে সামরিক বিমানের কার্যক্রম কিংবা যন্ত্রাংশের চলাচলসংক্রান্ত তথ্য দেখার সুযোগ তৈরি হতে পারে।
তবে হ্যাকাররা বাস্তবে এসব তথ্য দেখেছে বা ব্যবহার করেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। কোন সফটওয়্যার দুর্বলতা কাজে লাগানো হয়েছে, সেটিও শনাক্ত করতে পারেনি সংশ্লিষ্টরা।
বন্ধ হয়েছে হালনাগাদ ও নতুন কার্যক্রম
অনুপ্রবেশ শনাক্ত হওয়ার পর ক্লাউড ওয়ানে নতুন প্রশাসনিক অ্যাপ্লিকেশন স্থানান্তরের কাজ স্থগিত করা হয়েছে। আগে থেকেই চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদও আটকে গেছে। ফলে নতুন সফটওয়্যার দুর্বলতা শনাক্ত হওয়ার পরও সেগুলোর নিরাপত্তা সংশোধন বা প্রয়োজনীয় সমাধান প্রয়োগে বাধা তৈরি হয়েছে।
এ ছাড়া কিছু ব্যবহারকারীর প্রশাসনিক প্রবেশাধিকার বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
একের পর এক সাইবার হামলায় চাপে যুক্তরাষ্ট্র
ক্লাউড ওয়ানে অনুপ্রবেশের ঘটনা এমন সময়ে সামনে এল, যখন যুক্তরাষ্ট্র সরকার একাধিক সাইবার হামলার পরিণতি সামলাচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই, প্রতিরক্ষা দপ্তর, স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর, গোয়েন্দা সংস্থা এবং অর্থ দপ্তরসংশ্লিষ্ট বিভিন্ন ব্যবস্থায় সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা প্রকাশ পেয়েছে।
২০২৩ সালে ক্লাউড ওয়ানের নেতৃত্ব দাবি করেছিল, প্ল্যাটফর্মে বিপুলসংখ্যক অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করতে তারা শতভাগ সফল হয়েছে। তবে সাম্প্রতিক এই ঘটনা সেই নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।












